Rajasthan High Court live-in verdict | ২১ বছরের আগেও একত্রবাসে ছাড়! রাজস্থান হাই কোর্টের রায়ে নয়া দিশা, বিয়ের বয়স বাধা নয়, স্বাধীনতার অধিকারই সর্বোপরি

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ১৮। কিন্তু বিয়ের ক্ষেত্রে ছেলেদের জন্য আইন বলছে সর্বনিম্ন বয়স ২১। এই পরস্পরবিরোধী দুই পরিস্থিতির মাঝখানেই জন্ম নিল গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ। রাজস্থান হাই কোর্ট পরিষ্কার জানিয়ে দিল, প্রাপ্তবয়স্ক একজন মানুষ নিজের ইচ্ছায় কাকে সঙ্গে নিয়ে জীবন কাটাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তাঁর আছে। তাই বিয়ের আইনি বয়স না হলেও দু’জন প্রাপ্তবয়স্ক চাইলে একত্রবাস (Live-in Relationship) করতে পারেন, এতে কোনও বাধা দেওয়ার একতিয়ার কারও নেই। এই রায়কে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে ব্যক্তিগত স্বাধীনতা, প্রাপ্তবয়স্কতার ধারণা এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক। বিশেষ করে, দেশে বাড়তে থাকা ‘অনার কিলিং’, প্রেমিক-প্রেমিকার ওপর পারিবারিক অত্যাচার এবং তরুণ-তরুণীদের পছন্দের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা সামাজিক সংঘর্ষের প্রেক্ষিতে এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ মত ওয়াকিবহাল মহলের। 

আরও পড়ুন : India Russia Friendship | মোদী-পুতিন বৈঠক ঘিরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

রাজস্থান হাই কোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেছিলেন কোটার এক ১৮ বছরের তরুণী এবং ১৯ বছরের একজন তরুণ। তাঁদের দাবি, দু’জনই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় একত্রে বসবাস করছেন। শুধু তাই নয়, তাঁরা ২০২৫ সালের ২৭ অক্টোবর একত্রবাস নিয়ে একটি চুক্তিও (Agreement) করেছেন। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ তরুণীর পরিবার। তাঁদের অভিযোগ, তরুণীর পরিবার প্রকাশ্যে ‘প্রাণে মেরে ফেলার’ হুমকি দিচ্ছে। এমনকী কোটা থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এই পরিস্থিতিতে নিজেদের জীবন রক্ষায় তাঁরা আদালতের দ্বারস্থ হন।

সরকারি আইনজীবী বিবেক চৌধুরি (Vivek Chaudhary) আদালতে যুক্তি দেন, তরুণের বয়স এখনও ২১ হয়নি, তাই তাঁকে একত্রবাসের অনুমতি দেওয়া যায় না। কারণ, আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বৈধ বয়স ২১। কিন্তু এখানেই আদালত তুলে ধরে সংবিধানের মূল দর্শন। বিচারপতি অনূপ ধান্দা (Justice Anoop Dhand) স্পষ্ট জানিয়ে দেন, “ভারতের সংবিধানের ২১ নম্বর ধারা প্রত্যেক নাগরিককে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দিয়েছে। কারও বয়স বিয়ের জন্য নির্ধারিত বয়সে না পৌঁছলেও, তাকে নিজের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।”

বিচারপতির পর্যবেক্ষণ স্পষ্ট, একত্রবাস ভারতীয় আইনে অপরাধ নয়। নিষিদ্ধও নয়। তাই পুলিশ বা পরিবার, কেউই দু’জন প্রাপ্তবয়স্ককে আলাদা থাকতে বাধ্য করতে পারে না। বিচারপতি অনূপ ধান্দা আরও বলেন, “প্রত্যেক মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষার দায় রাষ্ট্রের। পুলিশ, আইন বা কোনও সংস্থা ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করতে পারে না।” তিনি যোধপুর (গ্রামীণ) এবং ভিলওয়ারা (Bhilwara) জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন, যুগলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে তাঁদের সুরক্ষাও দিতে হবে।

২০-২১ বছরের বয়সসীমা নিয়ে প্রশ্ন 

ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৮ এবং ছেলেদের ২১, এই ভিত্তির ওপর বহু বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন, রক্ষণশীল ভাবনা থেকেই ছেলেদের বয়স ২১ ধরা হয়েছিল। কিন্তু যখন রাষ্ট্রই ১৮ বছর বয়সকে প্রাপ্তবয়স্ক হওয়ার মানদণ্ড হিসাবে মেনে নিয়েছে, তখন বিয়ের ক্ষেত্রে আলাদা বয়সসীমা নিয়ে প্রশ্ন উঠছে।হাই কোর্টের এই রায় সেই বিতর্ককে নতুন করে সামনে এনে দিয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল, প্রাপ্তবয়স্ক মানেই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার তাঁর রয়েছে। ভারতে এখনও বহু জায়গায় প্রেম-সম্পর্ককে অপছন্দ করেন পরিবার বা সমাজের এক বড় অংশ। যার জেরে বহু প্রেমিক যুগলকে মুখোমুখি হতে হয়-

* প্রাণের হুমকি
* অপহরণ বা মারধর
* জোরপূর্বক বিয়ে
* থানায় অভিযোগ
* পরিবার থেকে তাড়িয়ে দেওয়া

এই রায়ের ফলে স্পষ্ট হল, আইন সবসময় ব্যক্তিগত স্বাধীনতার পাশে থাকবে, পরিবার বা সমাজের চাপের নয়। উল্লেখ্য, ভারতে লিভ-ইন সম্পর্ক ক্রমশ স্বাভাবিক হচ্ছে। সুপ্রিম কোর্ট বারবার ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্বকে জোর দিয়ে এসেছে। সাম্প্রতিক রাজস্থান হাই কোর্টের রায় সেই ধারাকেই আরও দৃঢ় করল।আইনজীবীদের মতে, যতক্ষণ দু’জন প্রাপ্তবয়স্ক নিজের ইচ্ছায় একত্রবাস করছেন, ততক্ষণ তা সম্পূর্ণ বৈধ। বিয়ে না করলেও কোনও সমস্যা নেই। উল্লেখ্য, এই রায় এক দিকে যেমন যুগলের জন্য স্বস্তি এনে দিল, অন্য দিকে সমাজের সাম্প্রতিক সংকটকেও সামনে তুলে ধরল,

* পরিবার এখনও তরুণ-তরুণীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চায়
* প্রেম মানেই ‘সম্মানহানি’ ভাবা হয় অনেক জায়গায়
* আইনি জ্ঞান না থাকায় বহু তরুণ-তরুণী অন্যায়ের শিকার হন

হাই কোর্টের পর্যবেক্ষণ স্পষ্ট, স্বাধীনতা মানে কেবল মত প্রকাশের স্বাধীনতা নয়, নিজের ব্যক্তিগত জীবন বেছে নেওয়ার স্বাধীনতাও।

* বৈধ বয়সের আগে একত্রবাস
* রাজস্থান হাই কোর্ট রায়
* ২১ বছরের আগে লিভ-ইন
* ভারতীয় আইন একত্রবাস
* ব্যক্তিগত স্বাধীনতা আদালতের রায়
* প্রাপ্তবয়স্কদের অধিকার ভারত

ছবি : প্রতীকী
আরও পড়ুন : PM Narendra Modi praises Devabrata | কাশীতে তরুণ দেবব্রতর বৈদিক সাধনায় দেশ গর্বিত, প্রশংসায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন