রঘুনাথগঞ্জে পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ
সাশ্রয় নিউজ ★ রঘুনাথগঞ্জ : আজ দুপুরবেলা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়ির ছাদে বিস্ফোরণটি হয় বলে স্থানীয় সূত্রে খবর। ওই পঞ্চায়েত সদস্যের নাম জামুরুদ্দিন শেখ। তাঁর পুত্র কবীর শেখ (১৭) ও নাতি সামাদ শেখ (৪) বোমার আঘাতে গুরুতর আহত হন বলে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ”বাড়িতে মজুত বোমাই বিস্ফোরণ হয় ” বলে প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন। ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কংগ্রেস নেতা হাসানুজ্জামান জানান, “গোটা বাংলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এগরায় ঘটনায় তা প্রমাণ হয়ে গিয়েছে। এসব বোমাই পঞ্চায়েতে অশান্তি পাকানোর জন্য মজুত করা হচ্ছিল।” কংগ্রেস নেতার মন্তব্যের পাল্টা জাবাব দেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা, মহম্মদ শোহরাব নামে ওই তৃণমূল নেতার বক্তব্য, “বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা। ওদের পায়ের তলায় মাটি নেই তাই যা ইচ্ছা বলছে। আসলে বিস্ফোরণ কী কারণে ঘটেছে তা প্রশাসন তদন্ত করে দেখবে। যদি কারো কোনও দোষ থাকে তাহলে শাস্তি হবে।”
ঘটনা সম্পর্কে স্থানীয় এক বাসিন্দার কথায়, আমরা সবাই বাড়িতে ছিলাম। খাওয়া-দাওয়া করছিলাম। আচমকা সাড়ে ১২টা নাগাদ একটা বিকট শব্দ শোনা যায়। আওয়াজ শুনে দৌড়ে আসি। দেখি ওদের বাড়িতেই বিস্ফোরণটা হয়েছে। সবাই ছাদে উঠে কিসে যেন জল দিচ্ছে। তারপর জায়গাটা ঢেকেও দেওয়া হয়। যাঁদের বাড়িতে এ ঘটনা ঘটেছে সেই জামুরুদ্দিন পঞ্চায়েতের সদস্য।”
রঘুনাথগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে।




