PTFE infertility nonstick | শুক্রাণু-ডিম্বাণুর ক্ষতি করছে ননস্টিকের ‘পিটিএফই’, বাড়ছে বন্ধ্যত্বের আশঙ্কা

SHARE:

তনুজা বন্দ্যোপাধ্যায় ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : চিকিৎসকের কাছে গিয়েছিলেন সন্তান না হওয়ার সমস্যায়। নানা পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেল, শুক্রাণু ও ডিম্বাণুতে গিজগিজ করছে এক রহস্যময় রাসায়নিক ‘পলিটেট্রাফ্লুরোইথিলিন’ (Polytetrafluoroethylene – PTFE)। মুম্বইয়ের (Mumbai) বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার (Birla Fertility & IVF Centre)-এর চিকিৎসকেরা সম্প্রতি বহু দম্পতির শরীরে এই রাসায়নিকের উপস্থিতি দেখে বিস্মিত। তাঁদের মতে, ননস্টিক পাত্রের ব্যবহারের ফলেই এই বিপদ। আন্তর্জাতিক গবেষণাপত্র ও ‘পাবমেড’ (PubMed)-এর তথ্যও এই আশঙ্কাকে জোরাল করছে। কী এই পিটিএফই? চিকিৎসকরা জানাচ্ছেন, ননস্টিক পাত্রের যে স্তরটি চকচকে থাকে, সেটিই মূলত পিটিএফই। রান্নার সময় তেল না লাগানো ও সহজে পরিষ্কারের জন্য এই আস্তরণ ব্যবহার করা হয়। কিন্তু একবার যদি ওই স্তরে চিড় ধরে বা তা ক্ষতিগ্রস্ত হয়, তবে পিটিএফই মিশে যায় খাদ্যে। ক্রমাগত সেই খাবার খেলে এই রাসায়নিক জমা হয় রক্তে। আর রক্তপ্রবাহে মিশে গেলে তা জননকোষেও পৌঁছে যায়। তখনই শুরু হয় বিপদ। শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কমে যায়। ডিম্বাণুরও নিষিক্ত হওয়ার ক্ষমতা হ্রাস পায়। ফলে, দম্পতিকে বন্ধ্যত্বের সমস্যায় পড়তে হয়।

ছবি : প্রতীকী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation – WHO)-র ২০১০-এর নির্দেশিকা অনুযায়ী, স্বাভাবিক ভাবে সন্তানধারণের জন্য প্রয়োজন অন্তত ১৫ মিলিয়ন বা দেড় কোটি শুক্রাণু। এর মধ্যে অন্তত ৪০ শতাংশকে হতে হবে গতিশীল এবং ৪ শতাংশের গঠন নিখুঁত। কিন্তু পিটিএফই শরীরে ঢুকলে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান দুই-ই কমতে শুরু করে। এই রাসায়নিক শুক্রাণুর অ্যানাটমি ও গতিশীলতায় প্রভাব ফেলে। চিকিৎসকদের আশঙ্কা, ‘বর্তমানে বন্ধ্যত্বের সমস্যায় পিটিএফই বড় ভূমিকা নিচ্ছে।’ এছাড়া, আরেকটি ক্ষতিকর রাসায়নিকও ধরা পড়েছে, যার নাম পিএফএএস (Per- and Polyfluoroalkyl Substances – PFAS)। এটিও ননস্টিক পাত্রে থাকে। বিশেষজ্ঞদের মতে, পিটিএফই এবং পিএফএএস দু’টি রাসায়নিকই শরীরে গেলে হরমোনের ব্যাঘাত ঘটায়। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন (Testosterone) ক্ষরণ অনিয়মিত হয়ে যায়, শুক্রাণুর সংখ্যা ও কার্যকারিতা কমে। অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন (Estrogen) হরমোনের তারতম্য হয়। ফলে রজোনিবৃত্তি (Menopause) আগেভাগেই চলে আসতে পারে। সন্তানধারণ ক্ষমতা হ্রাস পায় দ্রুত।

একজন চিকিৎসকের কথায়, ‘রোজকার রান্নায় পুরনো বা আঁচড়ধরা ননস্টিক পাত্র ব্যবহার বিপজ্জনক। অজান্তেই শরীরে ঢুকছে এই রাসায়নিক। ক’য়েক বছরের মধ্যেই শুক্রাণু ও ডিম্বাণুর ক্ষমতা নষ্ট হচ্ছে। এতে ভবিষ্যতের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।’ এই নিয়ে ক্রমশই চিন্তিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা। কারণ, পিটিএফই একটি স্থিতিশীল পলিমার। একবার শরীরে ঢুকলে তা সহজে বের হয় না। ফলে, দীর্ঘমেয়াদি প্রভাবে বন্ধ্যত্ব ছাড়াও ক্যানসার, থাইরয়েডের সমস্যার আশঙ্কাও থেকে যাচ্ছে। বর্তমানে বিদেশে ননস্টিকের বিকল্প হিসেবে স্টিল, কাস্ট আয়রন বা সিরামিক পাত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতে এখনই সেই সচেতনতা দেখা যাচ্ছে না। চিকিৎসকদের কথায়, ‘খাদ্যাভ্যাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ কীভাবে খাবার রান্না হচ্ছে তা দেখা।’ অতএব, সন্তানহীনতার সমস্যায় ননস্টিক পাত্রের ভূমিকা উপেক্ষা করা বিপজ্জনক। চিকিৎসকরা বলছেন, ‘ননস্টিক পাত্রের উপরিভাগে ক্ষত দেখা দিলেই তা ফেলে দিতে হবে। নইলে বন্ধ্যত্বের হার আগামী দিনে আরও বাড়বে।’

ছবি: প্রতীকী
আরও পড়ুন :Sidharth malhotra and kiara advani welcomes a baby girl, Sidharth Malhotra Kiara Advani daughter | অবশেষে সুখবর! কিয়ারা-সিদ্ধার্থ দম্পতির ঘরে এল কন্যাসন্তান, খুশি বলিউডে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন