Brendon McCullum England India Test | ‘ভাল মানুষ হয়ে থাকলে হবে না’, ব্রেন্ডন ম্যাকালাম -এর কড়া বার্তা

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ✪ সাশ্রয় নিউজ, লন্ডন : লর্ডস টেস্টের বেশির ভাগ সময়ে পিছিয়ে থেকেও ভারতের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় তুলে নেয় ইংল্যান্ড। মাত্র ২২ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেলেন বেন স্টোকস-রা। এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)-এর বলে জানিয়েছেন দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাঁর দেওয়া কঠিন বার্তাই নাকি বদলে দিয়েছে দলের মানসিকতা। তৃতীয় দিনের শেষভাগে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ও জ্যাক ক্রলি (Zak Crawley)-র। সেই বিতণ্ডার পরই ক্রিকেটারদের সঙ্গে মাঠে আলোচনায় বসেন কোচ ম্যাকালাম। সেই মুহূর্তের কথা জানিয়ে ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook) বলেন, ‘ম্যাকালাম (Brendon McCullum) আমাদের সোজা বললেন, ভাল মানুষ হয়ে থাকলে হবে না। এতদিন চুপ থেকেছি, এবার সরাসরি জবাব দিতে হবে। আগ্রাসন দেখাতে হবে। চতুর্থ দিনে আমাদের কাছে ভাল সুযোগ থাকবে।’

ব্রুক আরও যোগ করেন, ‘আমাদের ইনিংস শেষ হওয়ার পর আমরা ঠিক করেছিলাম, লড়াই ছাড়ব না। প্রায় ১৯৩ রান পিছিয়ে থাকলেও ভারতকে চাপে ফেলতে হবে। কোচের কথায় আমরা ভীষণ উজ্জীবিত হয়েছিলাম। সবাই ওদের চোখে চোখ রেখে জবাব দিতে চাইছিল। শেষ দিনও সেই আগ্রাসন নিয়েই মাঠে নেমেছিলাম। তাই ভারত ঘুরে দাঁড়াতে পারেনি।’ দলের পেসার ব্রাইডন কার্স (Brydon Carse) জানালেন, কীভাবে পরিকল্পনা বদলে ম্যাচের রাশ তাঁরা নিজেদের হাতে এনেছিলেন। তাঁর কথায়, ‘আমরা সাধারণত যে ধরনের ক্রিকেট খেলি, এবার সেটা খেলিনি। কিছুটা পরিবর্তন এনেছিলাম। এবং সেটাই আমাদের সফল করেছে। এর থেকেই বোঝা যায় আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি।’ কার্স (Brydon Carse) আরও বলেন, ‘সিরিজের শুরুতেই আমরা ঠিক করেছিলাম, আমাদের দাপট দেখাতে হবে ও পরের ধাপে উঠতে হবে। এর অর্থ এই নয় যে সবসময় একই রকম ক্রিকেট খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদলাতে হয়, মানসিকতা বদলাতেও হয়। লর্ডসে সেটাই হয়েছে। তাই জয়টা আরও স্পেশাল।’

বর্তমানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে বুধবার, ম্যাঞ্চেস্টারে। এই মাঠে এখনও পর্যন্ত একটিও টেস্ট জেতেনি ভারত। ফলে, ঘরের মাঠে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বেন স্টোকস (Ben Stokes)-দের সামনে। তবে এই জয়ে ইংল্যান্ড স্পষ্ট করে দিয়েছে, যে কোনও চ্যালেঞ্জ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। আর সেই বদলের কারিগর হিসেবে সামনে এসেছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : MS Dhoni birthday, Thala Day : ধোনির জন্মদিনে রোনাল্ডো-বেকহ্যামদের জার্সি নম্বরে ফিফার অভিনব শুভেচ্ছা!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন