MS Dhoni birthday, Thala Day : ধোনির জন্মদিনে রোনাল্ডো-বেকহ্যামদের জার্সি নম্বরে ফিফার অভিনব শুভেচ্ছা!

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কেবল ভারতীয় ক্রিকেট নয়, গোটা বিশ্ব ক্রিকেটে আবেগের নাম। গত ৭ জুলাই ছিল ‘ক্যাপ্টেন কুল’-এর ৪৪তম জন্মদিন, আর সেই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলল ফিফা (FIFA)। কোনও শব্দ নয়, বরং নম্বরের জাদুতে ফিফা শুভেচ্ছা জানাল রোনাল্ডো (Cristiano Ronaldo), বেকহ্যাম (David Beckham), ও সন হিউং মিন (Son Heung-min)-এর বিখ্যাত সাত নম্বর জার্সি দেখিয়ে! জন্মদিনের দিন ফিফার ইনস্টাগ্রাম পোস্টে লেখা হল, “Happy Thala Day”, সঙ্গে যুক্ত হল একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা: “৭ নম্বর কেবল একটি সংখ্যা নয়, এটা এক কিংবদন্তীর পরিচয়, রোনাল্ডো যেমন ফুটবলের মাঠে, ধোনি তেমনই ক্রিকেটের।’’ এই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ পোস্টটি ভাইরাল হয়ে গেছে কয়েক ঘণ্টার মধ্যেই। ফিফার এমন অভিনব বার্তায় আবেগে ভাসছে ধোনিভক্তরা। এই প্রথম নয়, আগেও ধোনির প্রতি সম্মান জানিয়েছিল ফিফা। গত বছর ইউরো কাপের আগেও ‘থালা ফর এ রিজন’ শিরোনামে রোনাল্ডোর ছবি পোস্ট করেছিল তারা, সঙ্গে জুড়ে দিয়েছিল ধোনির নাম। এবার আরও একধাপ এগিয়ে একই পোস্টে একসঙ্গে তিন সাত নম্বর জার্সিধারী ফুটবল তারকা রোনাল্ডো, বেকহ্যাম ও সনকে দেখিয়ে অনুরাগ ও শ্রদ্ধা জানানো হল ‘থালা’কে।

প্রচারের বাইরে থাকা ধোনির বরাবরের অভ্যাস। আর সেই কারণেই হয়ত ব্যক্তিগত পরিসরে, কোনও বড় আয়োজন না করেই বন্ধুদের সঙ্গে কাটালেন নিজের জন্মদিন। একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, সহজ, অনাড়ম্বর ভঙ্গিতে ধোনি কেক কাটছেন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। কেক কাটার আগে সকলের অনুমতি নেওয়ার সৌজন্যও দেখালেন মহেন্দ্র সিং ধোনি এটাই যেন তাঁর স্বভাবের সবচেয়ে বড় পরিচয়। সেই ভিডিও দেখে ভক্তরা বলছেন, “এটাই আমাদের থালা (Thala)। তিনি সবসময়েই সাধারণ, হৃদয়ের কাছাকাছি।” কেক কাটার মুহূর্তে কেউ কেউ করে গাইছেন, ‘জন্মদিনের গান’, কেউ আবার ধোনির নাম ধরে উল্লাস করছেন। মুহূর্তগুলো যেন আরও একবার বুঝিয়ে দিল, ধোনি কেন মানুষের হৃদয়ে এতটা জায়গা করে নিয়েছেন।

তবে শুধু ফিফা বা বন্ধু-বান্ধব নয়, মাহির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে গোটা ক্রীড়াবিশ্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কেকেআর (Kolkata Knight Riders), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে শুরু করে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), সুরেশ রায়না (Suresh Raina)-র মতো প্রাক্তন সতীর্থরাও একের পর এক পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় ‘থালা’কে।চেন্নাই সুপার কিংস-র টিম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ধোনির একটি স্মৃতিময় ছবি, সঙ্গে লেখা, “Forever our captain. Forever our number 7.” আর তাতেই ভরে উঠেছে কমেন্ট সেকশন, ভক্তদের ভালবাসায়, আবেগে।এমনকী বিদেশি তারকারাও ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) লেখেন, “Your calmness was your weapon. Happy birthday, legend!” প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke) লেখেন, “No one finishes like you. Cheers, Mahi!” ধোনির জন্মদিন মানেই যেন এক সার্বজনীন উৎসব। শুধু ক্রিকেট নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা যেভাবে মাহির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানালেন, তাতে প্রমাণিত, তিনি কেবল খেলোয়াড় নন, এক জীবন্ত প্রেরণা। আর ফিফার ‘হ্যাপি থালা ডে’-র বার্তা যেন সেই আন্তর্জাতিক স্বীকৃতির মোড়কে সাজিয়ে দিল মাহির জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিনকে।

ছবি: সংগৃহীত 
আরও পড়ুন : Sara Ali Khan Love Statement | সারা আলি খানের সম্পর্ক তত্ত্ব: সঙ্গী মান্যতা না দিলেই ‘গ্রিন ফ্ল্যাগ’!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন