শর্মিষ্ঠা সাহা মৈত্র, সাশ্রয় নিউজ ✪ মুম্বাই : বলিউড তারকা সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংহ (Amrita Singh)-এর কন্যা সারা আলি খান (Sara Ali Khan) বলিউডের নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল মুখ। গ্ল্যামার, ফ্যাশন এবং অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারার প্রেম ও সম্পর্ক নিয়ে এক বিস্ফোরক মন্তব্য নতুন করে চর্চায় এনে দিয়েছে তাঁকে। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রেমে থাকলেও যদি সঙ্গী তাঁদের সম্পর্ককে লোকসমক্ষে স্বীকার না করেন, তবে সেটাই তাঁর কাছে ‘গ্রিন ফ্ল্যাগ’। অধিকাংশ মানুষের কাছে যা একটি সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’, সারা সেখানে দেখেন স্থিতিশীলতার ইঙ্গিত।
সারা বলেন, “যদি আমার সঙ্গী আমাদের সম্পর্ক স্বীকার করতে রাজি না হয়, আমি তাঁকে ১০৮টা গ্রিন ফ্ল্যাগ দিতে পারি। এটা আসলে আমার কাছে এক ধরনের নিরাপদ অনুভূতি।”
এই বক্তব্যে স্পষ্ট, সম্পর্ককে ঘিরে সমাজের প্রচলিত কাঠামোর বাইরে বেরিয়ে নিজের মতো করে বাঁচতে চান সারা। যৌথ জীবন হোক বা ভালবাসা, তাতে নিয়ন্ত্রণের গন্ধ থাকলে, তাতে নেই সারা।তিনি আরও বলেন, “আমি চাই না, আমার সঙ্গী সব বিল দিক। আমাদের মধ্যে সমান ভাগ থাকবে। যদি কেউ আমায় জিজ্ঞাসা করে আমি কোথায়, কী করছি? বারবার প্রমাণ চায়, ট্র্যাকিং করে, জিপিএস চালায় তাহলে আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসি।” সারা যেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই তত্ত্ব নির্মাণ করেছেন। ছোটবেলায় সইফ-অমৃতার বিবাহবিচ্ছেদের যন্ত্রণার সাক্ষী হয়েছেন তিনি। সম্পর্কের জটিলতা, নির্ভরতামূলক মিথস্ক্রিয়া ও ভাঙনের কষ্ট সবই দেখেছেন অল্প বয়সেই। তাই হয়তো সারার কাছে ‘স্পেস’ ও ‘স্বাধীনতা’ই সম্পর্কের ভিত্তি।সারার এই মন্তব্য ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই তাঁর অবস্থানকে ‘ম্যাচিওর’ বা ‘স্মার্ট’ বলে প্রশংসা করেছেন, আবার অনেকে বলেছেন, “সম্পর্ক মানে একে অপরকে সম্মান দেওয়া, গোপন নয়। কারও সঙ্গে থাকলে সেটা লুকিয়ে রাখা কেন?”
মনোবিজ্ঞানীদের মতে, শৈশবে যারা পারিবারিক অস্থিরতা দেখেন, তাদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, কেউ অতিরিক্ত সম্পর্কনির্ভর হয়ে ওঠেন, কেউ আবার নিজেদের রক্ষা করতে একটি সীমানা টেনে নেন। সারা যেন দ্বিতীয় পথে হাঁটছেন। নিজের মতো করে ভালোবাসতে শিখেছেন তিনি, সম্পর্ক মানেই শ্বাসরোধ নয়, এই বার্তা দিচ্ছেন সারার বক্তব্য।
উল্লেখ্য যে, সারা বর্তমানে ফোকাস করছেন নিজের কেরিয়ার ও আত্মপরিচয়ের উপর। ‘কুলি নম্বর ১’, ‘আতরাঙ্গি রে’-র পর ‘মেট্রো ইন ডিনো’ (Metro In Dino)-র মতো ছবিতে কাজ করে চলেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে বারবার জানিয়েছেন, তিনি এমন কাউকে চান, যাঁর পাশে থেকেও তিনি নিজেকে হারিয়ে না ফেলেন। এমন এক সম্পর্ক, যেখানে প্রেমের পাশাপাশি থাকবে আত্মসম্মান ও ব্যক্তিগত পরিসর। তাই সঙ্গীর পক্ষ থেকে সম্পর্ক প্রকাশ না করাই যদি সারার কাছে ‘গ্রিন ফ্ল্যাগ’ হয়, তা হলে সেটাই হয়তো তাঁর ভালোবাসার নতুন সংজ্ঞা। সামাজিক স্বীকৃতি নয়, সম্পর্কের গভীরতাই সারার কাছে আসল। তাঁর এই বক্তব্য হয়তো নতুন প্রজন্মের অনেকের মধ্যেও দানা বাঁধা উদ্বেগ, অনিশ্চয়তা ও সম্পর্কের স্বাধীনতার চর্চাকে সামনে নিয়ে আসবে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Aditya Roy Kapur new relationship news : অনন্যাকে ছেড়ে সারার প্রতি টান? নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন আদিত্য রায় কপূর



