শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউড থেকে হলিউড সর্বত্রই নিজের দাপট দেখিয়েছেন তিনি। আর এবার ভারতের অন্যতম বড় পরিচালক এসএস রাজামৌলীর (SS Rajamouli) মেগা প্রোজেক্ট ‘বারাণসী’ (Baranasi) ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ছবি ঘোষণার পর থেকেই এই প্রজেক্ট ঘিরে আগ্রহ তুঙ্গে। তার উপর ছবির সম্ভাব্য বাজেট প্রায় ১৩০০ কোটি টাকা, এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন করে চর্চা। এত বিশাল বাজেটের নেপথ্যে কি সত্যিই প্রিয়াঙ্কার পারিশ্রমিক বড় কারণ? সম্প্রতি এই প্রশ্নই প্রকাশ্যে তুললেন কৌতুকশিল্পী কপিল শর্মা (Kapil Sharma)।

নিজের জনপ্রিয় শো-তে অতিথি হিসেবে প্রিয়াঙ্কাকে পেয়ে মজা-ঠাট্টার ফাঁকে একেবারে সোজাসাপটা প্রশ্ন ছুড়ে দেন কপিল। অনুষ্ঠানের মঞ্চে বসেই তিনি মন্তব্য করেন, প্রিয়াঙ্কা এমন অভিনেত্রী, যিনি ছোটখাটো কিছু করতে রাজি নন। যা করবেন, তা অবশ্যই ‘লার্জার দ্যান লাইফ’। দর্শকের সামনে এই মন্তব্য শুনে প্রথমে হেসে ফেলেন প্রিয়াঙ্কা। তবে এর পর কপিল যখন সরাসরি ছবির বাজেটের প্রসঙ্গ তোলেন, তখন আলোচনার সুর খানিক বদলে যায়। কপিল বলেন, ‘এখন তো আপনি রাজামৌলীর সঙ্গে কাজ করছেন। আমরা সবাই জানি, ওঁর ছবির বাজেট কী রকম হয়। কিন্তু আমি যেটা শুনেছি, সেটা হল, আপনি এই ছবিতে রয়েছেন বলেই নাকি বাজেট বেড়ে গিয়ে ১৩০০ কোটি টাকায় পৌঁছেছে।’ এই মন্তব্য শুনে দর্শকাসনে মুহূর্তের মধ্যে গুঞ্জন শুরু হয়। টাকার অঙ্ক শুনে অনেকেই চমকে যান।

মজার ছলে হলেও কপিল এখানেই থামেননি। হাসতে হাসতে তিনি আরও খোঁচা দিয়ে প্রশ্ন করেন, ‘এই ১৩০০ কোটি টাকা কি শুধুই ছবি বানাতে খরচ হবে? না কি বারাণসীর লোকজনকেও চাকরি দেওয়া হবে?’ তাঁর এই মন্তব্যে গোটা স্টুডিয়ো জুড়ে হাসির রোল ওঠে। প্রিয়াঙ্কাও প্রথমে হাসিতে সায় দেন।
কিন্তু কপিল যখন খানিকটা নিশ্চিত ভঙ্গিতে বলেন, ‘আমি শুনেছিলাম, ছবির বাজেট প্রথমে এতটা ছিল না। আপনি যোগ দেওয়ার পরই নাকি এই অঙ্কটা বেড়েছে,’ তখন অভিনেত্রীর মুখে খানিকটা থতমতের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।যদিও প্রিয়াঙ্কা সরাসরি এই জল্পনার সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি, তবে তাঁর অভিব্যক্তি থেকেই বোঝা যায়, প্রশ্নটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ‘বারাণসী’ ছবিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নাকি প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যদিও নির্মাতাদের তরফে এই অঙ্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছে। রাজামৌলীর ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ভিজ্যুয়াল স্কেল, সেট ডিজ়াইন এবং কাহিনির ব্যাপ্তি দেখে অনেকেই অনুমান করছেন, এটি হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। সেই আবহেই প্রিয়াঙ্কার পারিশ্রমিক নিয়ে চর্চা আরও উসকে উঠেছে।
একদিকে রাজামৌলীর আগের ছবিগুলি- ‘বাহুবলী’ (Baahubali) কিংবা ‘আরআরআর’ (RRR) ইতিমধ্যেই বিশ্বজুড়ে নজির গড়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ। এই দুই তারকার নাম একসঙ্গে জড়িয়ে থাকায় ‘বারাণসী’ ঘিরে প্রত্যাশার পারদ এমনিতেই চড়া। তার উপর যদি ছবির বাজেট সত্যিই ১৩০০ কোটি টাকা ছুঁয়ে থাকে, তা হলে এই ছবি নিয়ে আগ্রহ যে আরও বহুগুণ বাড়বে, তা বলাই বাহুল্য।

তবে সিনেমা মহলের একাংশের মতে, শুধু প্রিয়াঙ্কার পারিশ্রমিকই নয়, এই বিপুল বাজেটের পিছনে রয়েছে অত্যাধুনিক ভিএফএক্স, আন্তর্জাতিক টেকনিশিয়ানদের যুক্ত করা, বিশাল সেট, এবং দীর্ঘ শুটিং সূচি। সব মিলিয়ে ‘বারাণসী’ যে শুধুই একটি ছবি নয়, বরং একটি মেগা সিনেম্যাটিক প্রোজেক্ট, সেটাই পরিষ্কার। কপিল শর্মার শো-তে ওঠা এই প্রশ্ন আপাতত জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। প্রিয়াঙ্কা চোপড়া কি সত্যিই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় নতুন করে শীর্ষে উঠতে চলেছেন? নাকি সবটাই নিছক রসিকতা আর গুঞ্জন, তার উত্তর দেবে সময়ই।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Kapil Sharma | মুম্বইয়ে ফিরেই কপিলকে ‘তৈরি থাকার’ বার্তা প্রিয়াঙ্কা চোপড়া! নতুন শো-কাণ্ডে কেন সতর্ক করলেন দেশি গার্ল?




