Portugal coach resignation, Roberto Martinez Portugal | রোনাল্ডোদের বিশ্বকাপ বিদায়ের পরই ইস্তফা মার্তিনেজের, স্পেনের কাছে হারের দায় কাঁধে নিয়ে বিদায় পর্তুগাল কোচের

SHARE:

সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ থেকে পর্তুগাল (Portugal) বিদায় নেওয়ার পরই বড় সিদ্ধান্ত। দলের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ (Roberto Martinez) নিজের পদ থেকে সরে দাঁড়ালেন। স্পেন (Spain) -এর কাছে হারের পর ম্যাচ শেষেই তিনি জানান, দায়িত্ব নিয়ে এসেছিলেন বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়ে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে না পারায় তাঁর থাকার আর কোনও যুক্তি নেই। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় মার্তিনেজ় বলেন, ‘আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। তাই এখানেই থামা উচিত। আমার চুক্তিও আজ শেষ হল। এই ম্যাচই পর্তুগালের হয়ে আমার শেষ।’ তাঁর এই মন্তব্যে পরিষ্কার হয়ে যায়, আগামীর পরিকল্পনায় তিনি আর দলের অংশ নন। স্পেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা হয়নি পর্তুগালের। পুরো ম্যাচ জুড়ে লড়াই চালালেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুলের মাশুল গুনতে হয় দলকে। সেই প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘আমরা প্রস্তুত হয়ে মাঠে নেমেছিলাম। ৯০ মিনিট স্পেনের মতো দলকে চাপে রেখেছিলাম। কিন্তু একটা ছোট ভুল সব বদলে দিল। হয়তো আমারও কিছু সিদ্ধান্ত ঠিক ছিল না। তাই জিততে পারলাম না।’ তিনি আরও যোগ করেন, ‘ছেলেরা চেষ্টা করেছে, তাদের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত।’

আরও পড়ুন : FIFA World Cup 2026, Cristiano Ronaldo emotional exit | বিশ্বকাপে হেরে কান্না রোনাল্ডোর! বিশ্বকাপ অবসর নিয়ে ইঙ্গিত সিআর৭ -এর

আরও পড়ুন : Portugal Marriage Crisis, Bangladeshi Grooms | ‘বর চাই, এখনই!’ রোনাল্ডোর দেশে পাত্রের হাহাকার, পর্তুগালে বাঙালি বরের চাহিদায় নতুন সমীকরণ

এই হারের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ ফুটবল মঞ্চে এক যুগের অবসানও ঘটল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আগেই জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ফলে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাঁকে আর দেখা যাবে না। যদিও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা এখনও তিনি খোলা রেখেছেন। রোনাল্ডো সম্পর্কে মার্তিনেজ়ের কণ্ঠে শোনা গেল শ্রদ্ধা। তিনি বলেন, ‘রোনাল্ডো অসাধারণ ফুটবলার, অসাধারণ অধিনায়ক। ও এক কিংবদন্তি। ওর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় অভিজ্ঞতা। এত বছর ধরে একটা দেশকে টেনে নিয়ে গেছে, সাফল্য এনে দিয়েছে।’ এই মন্তব্যে বোঝা যায়, দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারের অবদান কতটা গুরুত্ব দিয়ে দেখছেন বিদায়ী কোচ। পর্তুগাল দলে প্রতিভার অভাব ছিল না। রোনাল্ডোর পাশাপাশি ব্রুনো ফের্নান্দেস (Bruno Fernandes), বের্নার্দো সিলভা (Bernardo Silva), ভিটিনহা (Vitinha), নুনো মেন্দেস (Nuno Mendes), জোয়াও ক্যানসেলো (Joao Cancelo), জোয়াও ফেলিক্স (Joao Felix), ফ্রান্সিসকো কনসিসাও (Francisco Conceicao), রাফায়েল লিয়াও (Rafael Leao), গন্সালো রামোস (Goncalo Ramos) -এর মতো ফুটবলার ছিলেন দলে। কাগজে-কলমে শক্তিশালী এই দল মাঠে প্রত্যাশা অনুযায়ী ছন্দ খুঁজে পায়নি।

মার্তিনেজ দায়িত্ব নেওয়ার সময় অনেক আশা ছিল সমর্থকদের। গত বিশ্বকাপে মরক্কো (Morocco) -এর কাছে হারের পর কোচ ফের্নান্দো স্যান্টোসকে (Fernando Santos) সরিয়ে তাঁর জায়গায় আনা হয় মার্তিনেজ়কে। সেই সময় দলের ভেতরে বেশ কিছু অস্থিরতা ছিল, বিশেষ করে রোনাল্ডোকে ঘিরে সিদ্ধান্ত নিয়ে। নতুন কোচ এসে পরিস্থিতি সামলাবেন ও দলকে নতুন করে গড়ে তুলবেন, এই প্রত্যাশা ছিল। কিন্তু আরও একটি বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার কোচ পরিবর্তনের পথে হাঁটতে হচ্ছে পর্তুগাল ফুটবল সংস্থাকে। ধারাবাহিকতা ধরে রাখা যাচ্ছে না, এমন প্রশ্নও উঠছে ফুটবলমহলে। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি।

মার্তিনেজের বিদায়ে নতুন করে শুরু করতে হবে পর্তুগালকে। সামনে রয়েছে ইউরোপীয় প্রতিযোগিতা ও ভবিষ্যতের বড় টুর্নামেন্ট। সেই লক্ষ্যেই এখন নতুন কোচ খোঁজার কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। দলের বর্তমান ফুটবলারদের মধ্যে যে প্রতিভা রয়েছে, তাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলেই আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। স্পেনের কাছে হার একটি জার্নির শেষ। রোনাল্ডোর বিশ্বকাপ যাত্রার সমাপ্তি, কোচের বিদায়, সব মিলিয়ে পর্তুগাল ফুটবলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। এখন দেখার, নতুন নেতৃত্বে দল কত দ্রুত নিজেদের পুনর্গঠন করতে পারে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Spain heatwave deaths June, Europe heatwave crisis | স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে এক মাসে হাজারের বেশি মৃত্যু, প্রবীণদের উপর মারাত্মক প্রভাব

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন