Parwati Tirkey poetry, Sahitya Akademi Yuva Puraskar 2025 winner | সাহিত্য অকাদেমি যুব পুরস্কার পেলেন পার্বতী তিরকে

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : পার্বতী তিরকে (Parwati Tirkey), বয়স ৩১, ঝাড়খণ্ডের (Jharkhand) গুমলা (Gumla) জেলার এক আদিবাসীপ্রধান গ্রামের মেয়ে। ছোটবেলা থেকেই প্রকৃতি আর আদিবাসী জীবনের টান অনুভব করেছেন। সেই টানই তাঁকে নিয়ে গিয়েছে কবিতার জগতে। তাঁর কবিতার সংকলন ‘ফির উগনা’ (Phir Ugna)-এর জন্য তিনি এবার ২০২৫ সালের সাহিত্য অকাদেমি যুব পুরস্কার (Sahitya Akademi Yuva Puraskar) পেয়েছেন।

‘ফির উগনা’ প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের মার্চ মাসে দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে। রাধাকৃষ্ণ প্রকাশন (Radhakrishna Prakashan) থেকে প্রকাশিত এই বইটিতে আছে ৬৭টি কবিতা, যেখানে জল, জঙ্গল আর পাহাড়ের কথা গেঁথে গিয়েছে নিপুণভাবে। তাঁর কবিতাগুলি শুধু প্রকৃতির রূপবর্ণনাতেই থেমে নেই, পরিবেশ রক্ষার গভীর বার্তা বহন করে। একটি সাক্ষাৎকারে পার্বতী বলেছেন, ‘জল, জঙ্গল আর জমি না বাঁচালে আমাদের অস্তিত্বই থাকবে না। আমাদের কবিতায় সেই কথাই তুলে ধরি।’

গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে গেলেও কখনও নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যাননি পার্বতী। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University – BHU)-এর হিন্দি বিভাগ থেকে পিএইচডি শেষ করে আবার ফিরে গিয়েছেন নিজের মাটিতে। নিজের ভাষা, সংস্কৃতি আর আদিবাসী জ্ঞানের ধারাকে সমৃদ্ধ করাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ‘আমি যদি নিজের সমাজকে ভুলে যাই, তাহলে এই শিক্ষার কোনও মানে থাকে না।’
কবি পার্বতী-এর ‘ফির উগনা’র কবিতাগুলি পড়লে বোঝা যায়, এই গ্রামীণ মেয়ে কতটা গভীরভাবে অনুভব করেন আদিবাসী জীবনের সুখ-দুঃখ, পরিশ্রম আর প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রতিটি শব্দে আছে মাটি ও মানুষের গন্ধ। বইটি প্রকাশের পর সাহিত্য মহলে প্রশংসার ঝড় ওঠে।

এখনও পর্যন্ত পার্বতী তিরকের লেখা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। আদিবাসী সমাজের মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে তিনি নিয়মিত নানা সাহিত্য সভা ও স্কুল প্রোগ্রামে যোগ দেন। তাঁর মতে, ‘আদিবাসী মেয়েরা এখনও সমাজে অনেকভাবে বঞ্চিত। তাদের শিক্ষিত হওয়া, নিজের সংস্কৃতি জানাটা খুব দরকার।’ তাঁর এই পুরস্কার পাওয়া শুধু একক গৌরব নয়। গোটা আদিবাসী সমাজের জয়ের প্রতীক। সাহিত্যের মাধ্যমে সমাজ বদলের স্বপ্ন দেখছেন পার্বতী তিরকে। তিনি চান, তাঁর কবিতাগুলি পড়ে নতুন প্রজন্ম প্রকৃতিকে ভালবাসতে শিখুক, নিজেদের শিকড়কে জানতে শিখুক। কারণ তাঁর বিশ্বাস, যে সমাজ নিজের শিকড়কে চেনে না, সে সমাজ বেশিদিন টিকে থাকতে পারে না।’

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Spacial | Issue 72, 6th July 2025, Sunday | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৬ জুলাই ২০২৫, সংখ্যা ৭২। রবিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment