Parambrata Pia son annaprashan | টলিক্লাবে তারার মেলা, নিষাদের অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আবেগঘন মুহূর্ত পরম-পিয়ার জীবনে

SHARE:

মিলি ঘোষ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : সোমবার সকাল থেকেই কলকাতার টলিক্লাব চত্বর ছিল একেবারে উৎসবের রোশনাইয়ে ভরা। উপলক্ষ্যে একেবারেই ঘরয়া হলেও উপস্থিতির দিক থেকে তা যেন টলিউডের এক মহামিলনক্ষেত্র। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও পিয়া চক্রবর্তীর (Pia Chakraborty) পুত্র নিষাদের অন্নপ্রাশন ঘিরে জমে উঠেছিল এই বিশেষ অনুষ্ঠান। পরিবার, আত্মীয়-পরিজন থেকে শুরু করে টলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। তবে সব কিছুর ঊর্ধ্বে যে মুহূর্তটি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়, তা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতি। মুখ্যমন্ত্রী এদিন ছোট্ট নিষাদকে কোলে তুলে আদর করেন, আশীর্বাদ জানান এবং বিশ্ববাংলার পক্ষ থেকে একটি বিশেষ উপহার তুলে দেন। মুখ্যমন্ত্রীর স্নেহভরা মুহূর্তে আবেগে ভেসে যান পরমব্রত ও পিয়া। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি যে তাঁদের কাছে কতটা বিশেষ, তা তাঁদের মুখের হাসি আর কৃতজ্ঞতার ভাষাতেই স্পষ্ট ছিল।

আরও পড়ুন : India–New Zealand Free Trade Agreement | মাত্র ন’মাসেই ঐতিহাসিক সাফল্য, ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পরম-পিয়ার পুত্র নিষাদের অন্নপ্রাশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), মুনমুন সেন (Moon Moon Sen), জুন মালিয়া (June Malia), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), কোয়েল মল্লিক (Koel Mallick), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), রাইমা সেন (Raima Sen), অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan), পার্ণ মিত্র (Parno Mittra) প্রায় সকলেই উপস্থিত থেকে নবজাতককে আশীর্বাদ জানান। শুধু চলচ্চিত্র জগত নয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas), পার্থ ভৌমিক (Partha Bhowmik), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee) এবং শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। এই অনুষ্ঠান ছিল পরমব্রত ও পিয়ার জীবনের এক নতুন অধ্যায়ের প্রকাশ। ২০২৩ সালের নভেম্বর মাসে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরমব্রত ও পিয়া। কোনও আড়ম্বর নয়, কোনও ঝলমলে মঞ্চ নয়, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই হয়েছিল তাঁদের সই-বিয়ে। পরে ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ মানুষকে নিয়ে একটি ছোট রিসেপশনও করেছিলেন তাঁরা। সেই বিয়ের খবর যেমন চর্চায় ছিল, তেমনই বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরমব্রতের উচ্ছ্বাসও নজর কেড়েছিল সকলের।

পরমব্রত নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাবা হওয়া তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। সন্তান মানুষ করা নিয়ে তাঁর ও পিয়ার ভাবনাচিন্তা, পরিকল্পনার কথাও খোলাখুলি বলেছেন তিনি। কীভাবে সন্তানকে স্বাধীন চিন্তাশীল, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে বড় করতে চান, তা নিয়েও তাঁদের দৃষ্টিভঙ্গি প্রশংসা কুড়িয়েছে। টলিউডে যেখানে তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চার কেন্দ্রে থাকে, সেখানে পরম ও পিয়ার এই স্বচ্ছ ও সহজ জীবনদর্শন অনেকের মন ছুঁয়েছে।
অন্নপ্রাশনের দিনটিও ছিল সেই ভাবনারই প্রতিফলন। আয়োজন ছিল পরিমিত, অথচ আবেগে ভরপুর। অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে আচার-অনুষ্ঠান, সবটাই ছিল বাঙালিয়ানায় মোড়া। ছোট্ট নিষাদকে কেন্দ্র করে হাসি, শুভেচ্ছা আর আশীর্বাদের বন্যায় ভেসে যায় গোটা টলিক্লাব চত্বর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এই অনুষ্ঠানকে এক আলাদা মাত্রা দেয়। টলিউডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন কিছু নয়। শিল্পী ও সংস্কৃতির পাশে থাকার বার্তা তিনি বহুবারই দিয়েছেন। এদিনও তার ব্যতিক্রম হল না। একটি শিশুর অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং শিল্পীসমাজের সঙ্গে সরকারের মানবিক সংযোগেরই এক প্রতীক বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ছেলে নিষাদের অন্নপ্রাশন শুধুমাত্র একটি পারিবারিক অনুষ্ঠান ছিল না। তা হয়ে উঠেছিল টলিউড, রাজনীতি ও সংস্কৃতির এক আন্তরিক মিলনমেলা। জীবনের নতুন ইনিংসে পা রাখা এই তারকা দম্পতির জন্য দিনটি নিঃসন্দেহে স্মৃতির পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Monami Ghosh Kalki | মনামী ঘোষের ‘কল্কি’: দুর্গাপুজোয় বাংলার ইতিহাসে প্রথমবারের মিউজিক চমক

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন