Nazima actress death | বলিউডে শোকের ছায়া, প্রয়াত দেবদাসখ্যাত অভিনেত্রী নাজিমা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউড আবারও হারাল একজন প্রিয় মুখ। জনপ্রিয় চরিত্রাভিনেত্রী ও চিরচেনা পর্দার বোন বা বন্ধু হিসেবে পরিচিত নাজিমা (Nazima) আর নেই। গত সোমবার তিনি মুম্বাইয়ের দাদার (Dadar) এলাকায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শেষ কয়েক বছর ধরে দুই পুত্রের সঙ্গেই থাকতেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

নাজিমার মৃত্যুসংবাদ প্রকাশ্যে এনেছেন তাঁর তুতো বোন জ়রিন বাবু (Zarine Babu)। মাত্র শিশুকালেই অভিনয়ের জগতে তিনি পা রেখেছিলেন। তখন তাঁকে সবাই চিনত ‘বেবি চাঁদ’ (Baby Chand) নামে। তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু হয় পরিচালক বিমল রায় (Bimal Roy)-এর হাত ধরে। প্রথম ছবি ‘দো বিঘা জমিন’ (Do Bigha Zamin)-এ তিনি বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বিমল রায় পরিচালিত কালজয়ী ‘দেবদাস’ (Devdas) ছবিতে পারো-র ছোটবেলার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। তাঁর অভিনয় জীবনে একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে দেখা গিয়েছে নাজিমাকে। ‘বিরাজ বহু’ (Biraj Bahu) ছবিতে অভিনয় করেছিলেন অভি ভট্টাচার্যের (Abhi Bhattacharya) বোনের ভূমিকায়। রাজ কপূর (Raj Kapoor) প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ (Ab Dilli Door Nahin) ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। ষাট এবং সত্তরের দশকের বলিউডে নাজিমা হয়ে ওঠেন এক অপরিহার্য চরিত্রাভিনেত্রী, বিশেষ করে পরিবারের আবেগঘন চরিত্রে।

রাজেশ খান্না (Rajesh Khanna)-র বিপরীতে ‘অউরত’ (Aurat) ও ‘ডোলি’ (Doli) ছবিতে তাঁর অভিনয় আজও স্মরণীয়। ‘নিশান’ (Nishan) ছবিতে সঞ্জীব কুমার (Sanjeev Kumar)-এর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, ‘অভিনেত্রী’ (Abhinetri), ‘মনচলি’ (Manchali), ‘প্রেম নগর’ (Prem Nagar), ‘অনুরাগ’ (Anuraag), ‘বেইমান’ (Beimaan) সহ একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। ‘অ্যায়ে দিন বাহার কে’ (Aaye Din Bahar Ke) ছবিতে আশা পরেখের (Asha Parekh) বোনের চরিত্রে ও ‘অভিনেত্রী’ ছবিতে হেমা মালিনীর (Hema Malini) প্রিয় বান্ধবীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে গেঁথে আছে। পর্দায় নাজিমা ছিলেন সংবেদনশীল ও প্রানবন্ত, যে কারণে তাঁর অভিনীত সম্পর্কভিত্তিক চরিত্রগুলি আরও বাস্তব হয়ে উঠত।

১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে (Nashik) জন্মগ্রহণ করেন নাজিমা। তাঁর পরিবারের সঙ্গে চলচ্চিত্র জগতের সম্পর্কও ছিল নিবিড়। তাঁর এক আত্মীয়া, অভিনেত্রী হুসন বানো (Husn Banu), বিয়ে করেছিলেন খ্যাতনামা পরিচালক আসপি ইরানি (Aspi Irani)-কে। ছোটবেলা থেকেই নাজিমার সিনেমার প্রতি অনুরাগ ছিল, যা ধীরে ধীরে পেশায় পরিণত হয়।শিল্পী জীবনে তিনি কখনও নায়িকার আসনে বসেননি, কিন্তু বলিউডের অগণিত হিট ছবিতে তাঁর উপস্থিতি গল্পের ভারসাম্য রক্ষা করেছে। সহঅভিনেতা ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন বিনয়ী ও পেশাদারিত্বে ভরা এক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া। পুরনো প্রজন্মের দর্শকরা স্মরণ করছেন সেই সরল অথচ আবেগঘন হাসি, যা নাজিমা এনে দিতেন বড় পর্দায়। আজকের দর্শকের কাছে হয়তো তিনি অচেনা হয়ে গেছেন, কিন্তু ভারতীয় সিনেমার ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Katrina Kaif pregnancy |ক্যাটরিনা কইফ মা হতে চলেছেন? নতুন ভিডিও ঘিরে জল্পনায় চরমে অনুরাগীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন