বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ ডেস্ক : অভিনেত্রী ক্যাটরিনা কইফ (Katrina Kaif) আবারও অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় শিরোনামে। গত ক’য়েক বছরে বহুবার এই গুঞ্জন উঠে এসেছে, তবে এবার যেন তা আরও জোরালো হয়েছে। কারণ? সম্প্রতি স্বামী ভিকি কৌশল (Vicky Kaushal)-এর সঙ্গে একটি ভিডিওতে ধরা দিয়েছেন ক্যাটরিনা, যেখানে তাঁর পোশাক, হাঁটার ভঙ্গি ও শরীরী ভাষা ঘিরে ভক্তদের চোখে পড়েছে নতুন ইঙ্গিত। ভিডিওটিতে দেখা যায়, সাদা কো-অর্ড সেট পরে হাতে ভিকির হাত ধরে ধীরে ধীরে হাঁটছেন ক্যাটরিনা। তাঁর ঢিলেঢালা পোশাক ও কিছুটা ভারী হাঁটার গতি দেখে অনুরাগীদের একাংশ প্রায় নিশ্চিত, অভিনেত্রী মা হতে চলেছেন। এমনকি কেউ কেউ বলছেন, তাঁর স্ফীতোদর আড়াল করতেই বোধহয় তিনি এই ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন।
ভিকির সঙ্গে সাম্প্রতিক এই মুহূর্ত ধরা পড়ে ছবিশিকারিদের ক্যামেরায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে ভিকিকে দেখা যায় সাদা শার্ট ও নীল জিনস পরিহিত অবস্থায়, আর ক্যাটরিনার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। হাঁটার সময় তাঁকে খানিকটা ধীরগতি হতে দেখা যায়, যা আরও উস্কে দেয় গর্ভধারণের সম্ভাবনার ইঙ্গিত। একজন ভক্ত মন্তব্য করেন, ‘ওর হাঁটার স্টাইলটা খুবই মনোযোগ কেড়েছে। পুরোপুরি একজন হবু মায়ের মতন হাঁটছে।’ অন্য একজন লেখেন, ‘এই পোশাক ও শরীরের গঠন দেখে নিশ্চিত হওয়া যায়, সে মা হতে চলেছে। শুভেচ্ছা জানাই ভিক্যাটকে!’
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে কড়া নিরাপত্তায় বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। সেই সময়ও তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এর পর থেকে প্রায় প্রতিবারই যখন ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে বা লম্বা বিরতির পর প্রকাশ্যে দেখা গিয়েছে, তখনই গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন। গত মার্চ মাসে বন্ধু করিশ্মা কোহলি (Karishma Kohli)-র প্রীতিভোজে ক্যাটরিনা ও ভিকিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানেই ক্যাটরিনার হাতে ভিকির নামের অস্থায়ী ট্যাটু চোখে পড়ে ভক্তদের। সেই মুহূর্তকেও ঘিরে এক আবেগঘন আলোচনা হয়েছিল অনুরাগীমহলে। এরপর দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে জনসমক্ষে আসেননি।
তবে এবার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে অনেকেই বলছেন, এবার আর জল্পনা নয়, হয়ত সত্যিই নতুন অতিথির আগমন ঘটতে চলেছে ভিকি-ক্যাটরিনা পরিবারে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে অভিনেত্রী বা তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি। উল্লেখ্য যে, ক্যাটরিনা কইফ গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে সরে গিয়েছেন। বড়পর্দাতেও তাঁকে শেষ দেখা গিয়েছে বেশ ক’য়েক মাস আগে। হাতে থাকা প্রজেক্টগুলিও আপাতত স্থগিত। এ সমস্ত কিছু মিলিয়ে নতুন জীবনের প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। গত বছরও আম্বানী পরিবারের বিয়েতে ক্যাটরিনার পোশাক দেখে অনেকে অনুমান করেছিলেন তিনি সন্তানসম্ভবা। এবার সেই জল্পনা যেন অনেক বেশি জোরালো। কারণ, এবার রয়েছে চলাফেরার ভঙ্গি, পোশাক নির্বাচন এবং শারীরিক ভাষার প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণের পরিস্কার প্রতিফলন।
বলিউডে এমন ঘটনা নতুন নয়। বহুবার তারকাদের পোশাক বা হাঁটার ধরণ থেকে গর্ভধারণের জল্পনা ছড়িয়েছে। তার মধ্যে অনেকটা সত্যিও হয়েছে, আবার অনেক সময় তা নিছক গুজব বলেই প্রমাণিত হয়েছে। সুতরাং ক্যাটরিনা কইফ আদৌ মা হতে চলেছেন কি না, তা সময়ই বলবে। তবে অনুরাগীদের উন্মাদনা ও ভালোবাসার কমতি নেই। ইতিমধ্যেই ‘#VickatBaby’, ‘#KatrinaPregnancy’, ‘#VickyKaushalDadToBe’ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়।এখন দেখার, এই চর্চার প্রেক্ষিতে ভিকি বা ক্যাটরিনা প্রকাশ্যে কোনও মন্তব্য করেন কি না।
ছবি: সংগৃহীত




