MS Dhoni World Cup Warning, India T20 World Cup Favourite | ধোনির বিশ্বকাপ সতর্কবার্তা : শিশিরে বদলাতে পারে ম্যাচের ভাগ্য

SHARE:

MS Dhoni, Rohit Sharma, Virat Kohli

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লী : টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতই সবচেয়ে শক্তিশালী দাবিদার এমন স্বীকৃতি দিলেও ভারতীয় শিবিরকে এক গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করে দিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) আত্মবিশ্বাসী ভারতীয় দলকে এগিয়ে রাখলেও ধোনির মতে, একটি মাত্র উপাদান পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) -এর এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক করার অধিকার কারও নেই, সিদ্ধান্ত নেবেন তাঁরাই। উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে বিশ্বকাপ প্রসঙ্গে ধোনিকে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই ভারতের শক্তির জায়গাগুলির কথা তুলে ধরেন। ধোনির মতে, বর্তমান ভারতীয় দল অভিজ্ঞতা ও তারুণ্যের বিরল মিশ্রণ। দলের ক্রিকেটাররা নিজেদের ভূমিকা ঠিকভাবে জানে এবং ভয়ডরহীন মানসিকতা নিয়ে খেলছে। এই কারণেই বিশ্বকাপে ভারতকে তিনি অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন। ধোনির কথায়, ‘এই দলে অভিজ্ঞতার অভাব নেই, আবার তরুণদের সাহসী মানসিকতাও রয়েছে। প্রত্যেকে জানে তাকে কী করতে হবে। এই কারণেই আমি ভারতকে এগিয়ে রাখছি।’

আরও পড়ুন : Rohit Sharma Padma Shri reaction | পদ্মশ্রী সম্মানে গর্বিত রোহিত শর্মা, বয়স ৩৮ হলেও দেশের জার্সিতে ট্রফি জয়ের স্বপ্ন অটুট প্রাক্তন অধিনায়কের

প্রশংসার পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছেন মাহি। তাঁর আশঙ্কার কেন্দ্রবিন্দু শিশির। ধোনির মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে শিশির এমন একটি ফ্যাক্টর, যা ম্যাচের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। তিনি মনে করিয়ে দিয়েছেন, অনেক ক্ষেত্রেই ভারত স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের সেরা দলগুলিকে বারবার হারাতে সক্ষম। কিন্তু শিশির নামলে টসের গুরুত্ব বেড়ে যায় এবং তখন হিসেব ও পরিকল্পনা সবসময় কাজে নাও লাগতে পারে। ধোনির মন্তব্য, ‘শিশির পড়লে কী হবে, সেটা কেউ আগে থেকে বলতে পারে না। টস তখন খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’ এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তার দিকটিও তুলে ধরেছেন ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক। তাঁর মতে, এই ফরম্যাটে কয়েকটি ওভারই যথেষ্ট ম্যাচের ছবি বদলে দেওয়ার জন্য। তাই দলকে শুধু পরিকল্পনায় নয়, শারীরিক প্রস্তুতির দিকেও নজর দিতে হবে। ধোনির মতে, ফিটনেসই সবচেয়ে বড় চাবিকাঠি। তিনি বলেন, ‘এই ফরম্যাটে যে কোনও দিন যে কোনও ক্রিকেটারের খারাপ সময় আসতে পারে। আবার প্রতিপক্ষের কোনও একজন হঠাৎ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই অধিনায়কের হাতে বিকল্প থাকা খুব জরুরি। বিশেষ করে নকআউট পর্বে। সবাইকে চোটমুক্ত থাকতে হবে।’

বিশ্বকাপের আলোচনার পাশাপাশি উঠে এসেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে তাঁদের খেলা উচিত কী না? এই প্রশ্নে ধোনির একেবারেই সাফ জবাব। তিনি বয়সকে কোনও মানদণ্ড হিসেবে মানতে নারাজ। ধোনির যুক্তি, ক্রিকেটে আসল বিচার হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স। তিনি বলেন, ‘কেন খেলবে না? যদি ওরা ফিট থাকে এবং রান করে, তা হলে বয়স নিয়ে প্রশ্ন ওঠার কোনও মানে নেই। বয়স কোনও বিষয় নয়, ফিটনেসটাই আসল।’ নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে ধোনি বলেন, ২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় তাঁকে কেউ প্রশ্ন করেনি। তাহলে বহু বছর ধরে পারফর্ম করে চলা ক্রিকেটারদের বয়স নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই। ধোনির মতে, যদি কোনও ২২ বছরের ক্রিকেটার ফিট না থাকে, তা হলে তার দলে জায়গা পাওয়ার কথা নয়। আবার বয়স বেশি হলেও যদি কেউ দলকে জেতাতে পারে, তা হলে তাকেই খেলানো উচিত। একইভাবে, রোহিত ও কোহলির গুরুত্ব বোঝাতে গিয়ে ধোনি অভিজ্ঞতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। তাঁর মতে, বড় মঞ্চে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। তরুণ ক্রিকেটাররা প্রতিভাবান হলেও বহু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যে পরিস্থিতি সামলানোর দক্ষতা তৈরি হয়, তা সময়ের সঙ্গেই আসে। ধোনির কথায়, ‘২০ বছরের ক্রিকেটারের মধ্যে সচিন তেন্ডুলকরের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে না। রোহিত ও বিরাট এত বছর ধরে খেলছে, নানা পরিস্থিতি দেখেছে। কঠিন সময়ে দলকে পথ দেখানোর জন্য ওদের মতো ক্রিকেটার দরকার।’ মহেন্দ্র সিং ধোনি এ-ও মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত ভবিষ্যৎ নয়, দেশের স্বার্থই সবার উপরে। যাঁরা দলকে জেতাতে পারে, যাঁরা চাপের মুহূর্তে দায়িত্ব নিতে পারে, তাঁদেরই মাঠে থাকা উচিত। তাঁর কথায়, ‘শেষ কথা একটাই, দেশের জয়। সেটাই আসল।’

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Poush Mela & Folk Festival: Bengal’s Heritage Blooms in Delhi

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন