তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক: বাসে বা ট্রেনে উঠলেই শরীরে অদ্ভুত অস্বস্তি, মাথা ঘোরা, বমি-বমি ভাব! এই সমস্যায় ভুগছেন অনেকে। শুধু ভ্রমণের সময়ই নয়, সারাদিনের মানসিক চাপ, খাওয়াদাওয়ায় বেনিয়ম, কিংবা হঠাৎ তাড়াহুড়োয় খাবার গিলে অফিসে বেরিয়ে পড়া সবই পাকস্থলির উপরে প্রভাব ফেলে। দিনের শেষে রাত করে বাড়ি ফেরা, এলোমেলো ডিনার, তারপর সঙ্গে সঙ্গেই ঘুম, এসবই শরীরের স্বাভাবিক কার্যপ্রণালীকে বিঘ্নিত করে, যার প্রভাব আসে বমি ভাবের মাধ্যমে। বিশেষ করে রাস্তা বা পাবলিক ট্রান্সপোর্টে হঠাৎ বমি পেলে বিপাকে পড়া অবধারিত। তবে চিন্তার কারণ নেই। বাড়িতেই কয়েকটি সহজ প্রাকৃতিক উপায়ে এই সমস্যাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

প্রথমেই খালি পেটে না থাকার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তবে ভারী খাবার একেবারেই নয়। হালকা, সহজপাচ্য খাবার বেছে নিতে হবে। শশা (Cucumber) এই ক্ষেত্রে দারুণ কার্যকর। শশা শরীরকে ঠান্ডা রাখে এবং জলশূন্যতা পূরণ করে। চাইলে মুড়ির সঙ্গে শশা খেতে পারেন, তবে নুন দেওয়া শশা এড়িয়ে চলাই ভালো, কারণ তা অম্লতা বাড়িয়ে দিতে পারে।
Read: momo recipe | মোমো হবে রেস্তরাঁর মতো নরম ও রসাল! বাড়িতেই বানান, জানুন ৫টি সহজ নিয়ম
আবার বমি ভাব কমাতে প্রাচীনকাল থেকেই আদা (Ginger) অন্যতম ভরসা। আদায় থাকা জিঞ্জেরল (Gingerol), শোগাওল (Shogaol) ও প্যারাডল (Paradols) পাচনতন্ত্রকে শান্ত করে। সরাসরি কয়েক টুকরো আদা চিবিয়ে খাওয়া যেতে পারে, কিংবা গরম জলে আদা ফেলে ফুটিয়ে সেই জল পান করলেও উপকার মেলে।

শরীরে জলশূন্যতা অনেক সময় বমির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই হঠাৎ বমি পেলে পর্যাপ্ত জল পান করা জরুরি। ডাবের জল (Coconut Water) এই সময় বিশেষ কার্যকর, কারণ এটি দ্রুত শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ফিরিয়ে আনে। আবার জোয়ান (Carom Seeds) বহুকাল ধরে বমি ভাব দূর করার প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভ্রমণ বা অফিস যাতায়াতের সময় ব্যাগে ছোট একটি জোয়ানের কৌটো রাখুন। গা গোলালে কিছুটা জোয়ান চিবিয়ে খেলেই মিলবে তাত্ক্ষণিক স্বস্তি।আরেকটি সহজ টোটকা হল লেবু পাতা (Lemon Leaf) ও পুদিনা (Mint) ব্যবহার। লেবু পাতার সুগন্ধ অনেক ক্ষেত্রেই বমি ভাব দূর করে, আর পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জল পান করলে পাচনতন্ত্র স্বাভাবিক হয়ে যায়।

তবে মনে রাখা জরুরি, বমি বা বমি ভাব অনেক কারণেই হতে পারে, পাকস্থলির সংক্রমণ, গ্যাস-অম্বল, কিংবা খাদ্যাভাসে গড়বড়। পাচনতন্ত্র দুর্বল হলে এই সমস্যা আরও বাড়তে পারে। তাই দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে হঠাৎ রাস্তায় বা বাসে-ট্রেনে গা গোলালে এই ঘরোয়া উপায়গুলো আপনাকে দ্রুত স্বস্তি দিতে পারে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Natural Skin Care with Green Tea | ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে গ্রিন টি-র জাদু! জানুন কীভাবে ব্যবহারে কমবে বয়সের ছাপ




