প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের অন্যতম স্টার কাপল কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) চলতি বছরের জুলাইয়ে প্রথমবার বাবা-মা হয়েছেন। তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। জন্মের পর থেকেই ভক্তদের কৌতূহল ছিল, কী নাম রাখবেন তারকা দম্পতি তাঁদের ‘লক্ষ্মী’-এর? অবশেষে অপেক্ষার অবসান। সোশ্যাল মিডিয়ায় কন্যাকে প্রথমবার প্রকাশ্যে এনে নামও জানিয়ে দিলেন তারকা জুটি। সাধারণ পরিবারের মতো নয়, সেলিব্রেটিরা তাঁদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে সবসময়ই খানিক বেশি ব্যতিক্রমী। বিশেষ করে বলিউডের তারকারা বহুদিন ধরেই দেশ-বিদেশের অপ্রচলিত শব্দ খুঁজে এনে সন্তানদের নাম রাখেন। সেই তালিকায় এবার যুক্ত হল কিয়ারা-সিদ্ধার্থের মেয়েও। তাঁদের কন্যার নাম রাখা হয়েছে, ‘সারায়াহ’ (Sarayah)।
এই নামের উৎস সরাসরি হিব্রু ভাষা। হিব্রু অভিধান অনুযায়ী ‘সারায়াহ’ -এর অর্থ “রাজকন্যা”। অর্থাৎ পরিবারে আগত কন্যাকে সত্যিকারের রাজকন্যা হিসেবেই দেখছেন তাঁর বিখ্যাত বাবা-মা। নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই নামের ব্যতিক্রমী সৌন্দর্য ও তাৎপর্য। নাম ঘোষণার আগে ভক্তমহলে জল্পনা ছিল প্রবল। অনেকে ধারণা করেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ তাঁদের নাম মিলিয়ে মেয়ের নাম রাখবেন ‘সিয়ারা’ (Siara)। কিন্তু শেষ পর্যন্ত তারা আরও একটি আন্তর্জাতিক শিকড়ের নাম বেছে নিলেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “হিব্রু থেকে নাম নেওয়া বেশ অনন্য। সারায়াহ নামটি খুব রাজকীয় শোনায়।” আরেকজন লিখেছেন, “সত্যিই রাজকন্যাই তো এসেছেন তাঁদের দম্পতির ঘরে।” শুধু নাম নয়, সারায়াহকে প্রথমবার প্রকাশ্যে আনার মুহূর্তটিও ছিল বিশেষ। কিয়ারা ও সিদ্ধার্থ দু’জনেই তাঁদের কন্যার ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের ছোট্ট আশীর্বাদকে আপনাদের সামনে আনতে পেরে আমরা আনন্দিত।” ছবিতে দেখা যায়, দু’জনের মাঝখানে শুয়ে আছে তাঁদের সোনামণি; আর পুরো ফ্রেমজুড়ে ঝরছে নতুন অভিভাবকত্বের সুখ।
রোমান্স থেকে পরিবার, এই যাত্রাটিও বেশ রোমান্টিক। ২০২১ সালে ‘শেরশাহ’ (Shershaah) ছবির শুটিং সেটেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের সূচনা। যদিও তাঁরা সম্পর্ক নিয়ে বহুদিন ছিলেন নীরব। গোপনে ডেট করা, একসঙ্গে ছুটি কাটানো, সবই করেছিলেন আয়নার মতো নিখুঁতভাবে। তবে তাঁদের Chemistry তখন থেকেই নজর কাড়ছিল সকলের। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে (Jaisalmer) রাজকীয় বিয়ের মাধ্যমে চার হাত এক হয় এই জুটি। সেই অনুষ্ঠান ছিল বলিউডের অন্যতম আলোচিত বিয়ে সাদা-সোনালি থিম, রাজস্থানি ঐতিহ্য আর যশরাজের সিনেমার মতো গ্র্যান্ড আয়োজন। তার দুই বছর পর, ২০২৫ সালের মার্চে সোশ্যাল মিডিয়ায় দু’জনে ঘোষণা করেন: “We’re going to be three soon”। সেই মুহূর্ত থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। আর জুলাই মাসে তাঁদের জীবনে আসে ‘সারায়াহ’। তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানায়, নাম নির্বাচন নিয়ে সিদ্ধার্থ ও কিয়ারা প্রচুর সময় নিয়েছিলেন। তাঁরা এমন একটি নাম চেয়েছিলেন যা হবে বিরল, অর্থবহ এবং ইন্টারন্যাশনাল সাউন্ডযুক্ত। সেই কারণেই হিব্রু ভাষায় খুঁজে পেয়েছেন তাঁদের সন্তানের জন্য এই নামটি।
একটি সূত্র জানায়, “কিয়ারা ও সিদ্ধার্থ দু’জনেই চান তাঁদের মেয়ের ব্যক্তিত্ব যেন নামের মতোই শক্তিশালী হয়। সারায়াহ অর্থের দিক থেকেও অনেক গভীর। নামটি রাজকীয়তার পাশাপাশি শক্তি ও সৌন্দর্যের প্রতীক।” কন্যা জন্মানোর পর থেকেই তাঁদের জীবনে এসেছে নতুন উজ্জ্বলতা। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী সকলেই মেতে উঠেছেন খুশিতে। এখন সোশ্যাল মিডিয়ায় কেবল একটাই প্রশ্ন, সারায়াহকে পরেরবার কবে দেখা যাবে? তারকা জুটি কবে শেয়ার করবেন তাঁদের ছোট্ট রাজকন্যার পরের মুহূর্ত? যদিও কিয়ারা-সিদ্ধার্থ তাঁদের মেয়ের প্রাইভেসি রাখতে চান, তবু মাঝে মাঝে তাঁদের ভক্তদের জন্য ছোট ছোট ঝলক দেখানোর সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে ফ্যান-বেস। সব মিলিয়ে এটা বলাই যায়, হিব্রু থেকে ধার করা এই নাম এখনই বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যতিক্রমী, অনন্য, মিষ্টি এবং অর্থবহ ‘সারায়াহ’ নামটি ইতিমধ্যেই জিতে নিয়েছে সবার মন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt Pink Lips Secret, Kiara Advani Beauty Routine | আলিয়া-কিয়ারার মতো ঠোঁট পেতে চাইছেন? রান্নাঘরের এই উপকরণই হতে পারে আপনার বিউটি রহস্য




