শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে রায়পুরে বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত সেঞ্চুরির পর মাঠজুড়ে যেমন উচ্ছ্বাস ছিল, ঠিক তেমনই এক আবেগঘন মুহূর্ত ধরা পড়ল হাজার কিলোমিটার দূরের লন্ডনে। অনুষ্কা শর্মা (Anushka Sharma) সেদিন ছিলেন রায়পুর থেকে প্রায় ৭৬৫০ কিলোমিটার দূরে। কিন্তু দূরত্ব কোনও বাধাই নয়, স্বামীর সেঞ্চুরি উদ্যাপনের সেই প্রতীকী ‘রিং কিস’ মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখেই সরাসরি ক্যামেরায় বন্দি করেন অনুষ্কা। তারপর তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে জানিয়ে দিলেন, ভালবাসার কোনও সীমানা হয় না। রাঁচির শতরানের পরে রায়পুরেও নিজের গলার চেনে থাকা বিবাহের আংটিতে চুমু খান কোহলি, যা তিনি অনুষ্কার উদ্দেশেই করেন সবসময়। এই ছোট্ট ইঙ্গিত যেন আরও একবার মনে করিয়ে দেয় তাঁদের অটুট সম্পর্কের কথা। এ বার সেই ভালবাসার প্রতিদান দিলেন অনুষ্কাও। স্টোরির ব্যাকগ্রাউন্ডে ছিল কোহলির উল্লাস, আর ক্যাপশনে সহজ সরল হৃদয়ছোঁয়া ইমোজি, যা থেকেই পরিষ্কার, দূরেও থাকলেও অনুভূতি ঠিক আগের মতোই গভীর।

বিরাট-অনুষ্কার সম্পর্ক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ের আগেই ‘বিরুষ্কা’ যুগলকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। ক্রিকেট মাঠে প্রায়ই দেখা যেত অনুষ্কাকে। বিরাট সেঞ্চুরি করলেই দু’জন দু’জনের দিকে উড়ে যেত একটি চুম্বনের ইঙ্গিত, যা বহুবার ক্যামেরায় ধরা পড়েছে। আবার কোহলির খারাপ সময়েও পাশে থেকেছেন অনুষ্কা। ইন্টারনেটের নোংরা কটূক্তির বিরুদ্ধে প্রকাশ্যে সরবও হয়েছিলেন কোহলি। স্বীকারও করেছেন বারবার, “আমার জীবনে অনুষ্কার (Anushka Sharma) অবদান অসীম। ও না থাকলে আজ আমি এমন হতাম না।”
উল্লেখ্য, বিয়ের পর কিছুদিন মাঠে দেখা গেলেও গত কয়েক বছরে অনুষ্কার ক্রিকেট-সমর্থন কমেছে। কারণ, তাঁদের বেশিরভাগ সময়ই এখন কাটে লন্ডনে। জানা গিয়েছে, বিরাট কোহলি ভবিষ্যতে ক্রিকেট থেকে অবসর নিলে স্থায়ীভাবে লন্ডনেই থাকতে চান। কয়েক মাস আগেও তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের আগে সেখানেই প্রস্তুতি নিয়েছিলেন। সেখান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার সিরিজের আগেও কোহলি দেশে ফিরে আসেন। তবে অনুষ্কা লন্ডনেই থেকে যান। টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়িয়ে এখন পুরো মনোযোগ ওয়ানডে ক্রিকেটে। ২০২৭ বিশ্বকাপ খেলতে চান তিনি। যদিও দীর্ঘমেয়াদে তাঁর সুযোগ পাওয়া নির্ভর করছে ফর্মের ওপর। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দু’ম্যাচে সেঞ্চুরি করে সেই আলোচনা অনেকটাই শান্ত করে দিয়েছেন তিনি। কোহলির ব্যাটে রান এলেই দেশ-বিদেশে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে, আর লন্ডনেও অনুষ্কা ব্যতিক্রম নন। স্বামীকে সামনে থেকে উৎসাহ না দিতে পারলেও টেলিভিশনের পর্দায় তাঁর প্রতিটি শটই নজরে রেখেছিলেন।
রায়পুরে যখন ভিড়ঠাসা গ্যালারি কোহলির সেঞ্চুরিতে গর্জে উঠছিল, ঠিক তখনই লন্ডনের এক ঘরে অনুষ্কা শর্মার ক্যামেরায় ধরা পড়ছিল ওই একই দৃশ্য। দু’জনের দূরত্ব ৭৬৫০ কিলোমিটার হলেও মনের দূরত্ব শূন্য। একদিকে মাঠের নায়কের সাফল্য, অন্যদিকে দূরদেশ থেকে ভালবাসা-বিরুষ্কা জুটির এমন মুহূর্ত আবারও মনে করিয়ে দিল, তাঁরা কেবল সেলেব দম্পতি নন, সমর্থন ও তাঁদের সম্পর্ক আত্মার। উল্লেখ্য, বহু ভক্ত সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, বিরাটের রিং কিস যতটা বিশেষ, অনুষ্কার প্রতিক্রিয়াও ততটাই উষ্ণ। তাঁদের কাছে এই জুটির ভালোবাসা সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির নতুন মাইলস্টোনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের এই আবেগঘন অধ্যায়ও যে ভক্তদের মনে দাগ কাটছে, তা স্পষ্ট।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Anushka Sharma Chakda Express release date | কবে মুক্তির আলো দেখতে চলেছে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’! আলোচনায় ফিরলেন কোহলি পত্নী




