Kavya Maran Anirudh Wedding | ক্রিকেটের মঞ্চ থেকে গ্রীসে রাজকীয় বিয়ে, কাব্য মারানের জীবনে নতুন পর্ব! অনিরুদ্ধের সঙ্গে প্রেমের সূত্র কোথায়?

SHARE:

গ্রীসে বিয়ের অনুষ্ঠানে সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক ★ কলকাতা : আইপিএলের নিলামের টেবিলে তাঁর উপস্থিতি বরাবরই ক্যামেরার নজর কেড়েছে। কখনও দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়ার আনন্দ, কখনও পছন্দের ক্রিকেটারকে না পাওয়ার হতাশা সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান-এর (Kavya Maran) নানা অভিব্যক্তি বহুবার সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়েছে। কিন্তু ক্রিকেটের মাঠের বাইরেও যে তাঁর জীবন ঘিরে রয়েছে একাধিক পরিচয়, তা নতুন করে সামনে এল দক্ষিণী সঙ্গীতজগতের জনপ্রিয় পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রের (Anirudh Ravichander) সঙ্গে বিয়ের পর। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই। অবশেষে গ্রীসে (Greece) বিয়ের ছবি প্রকাশ করে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন তারকা যুগল। বিয়ের খবর সামনে আসতেই কাব্যর পারিবারিক পরিচয়, শিক্ষা, ব্যবসায়িক ভূমিকা ও অনিরুদ্ধের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্র নিয়ে আগ্রহ বেড়েছে অনুরাগীদের মধ্যে।

গ্রীসে বিয়ের অনুষ্ঠানে সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র
ক্রিকেটের মঞ্চ থেকে গ্রীসে রাজকীয় বিয়ে, কাব্য মারানের জীবনে নতুন পর্ব! অনিরুদ্ধের সঙ্গে প্রেমের সূত্র কোথায়? ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Aamir Khan emotional moment | Singapore International Film Festival : ৩০ বছরের কাজের নেশায় পরিবারকে সময় দিতে পারেননি! সিঙ্গাপুরে চোখের জল আমির খানের, জীবনের বড় আক্ষেপ প্রকাশ্যে

অনিরুদ্ধের সমাজমাধ্যমের পাতায় প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, গ্রীসের মনোরম পরিবেশে ঘনিষ্ঠ পরিসরে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। অতিথি তালিকায় ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত (Rajinikanth) ও তামিলনাড়ুর (Tamil Nadu) প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M. K. Stalin)। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী বিনোদনজগত, সঙ্গীতমহল এবং ক্রিকেটের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), বেনি দয়াল (Benny Dayal), মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), নীতি মোহন (Neeti Mohan), আরমান মালিক (Armaan Malik), সেলিম মার্চেন্ট (Salim Merchant) ও স্টেবিন বেন (Stebin Ben)। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে উঠেছে সমাজমাধ্যমের মন্তব্যের ঘর। নবদম্পতির পোশাকেও ছিল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। কাব্য বেছে নিয়েছিলেন ব্লাশ পিঙ্ক রঙের মারমেড স্টাইলের লেহঙ্গা। অন্য দিকে, অনিরুদ্ধের পরনে ছিল দুধ-সাদা ও হালকা বেজ রঙের ঐতিহ্যবাহী পোশাক। দু’জনের সাজেই প্যাস্টেল রঙের ব্যবহার অনুষ্ঠানে এনে দিয়েছিল এক পরিমিত আভিজাত্য।

বিয়ের ছবিতে তাঁদের সাজের পাশাপাশি অনুষ্ঠানস্থলের পরিবেশও অনুরাগীদের নজর কেড়েছে। তবে বিয়ের খবরের চেয়েও অনেকের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে কাব্য মারানের জীবনযাত্রা এবং তাঁর পারিবারিক ব্যবসায়িক সাম্রাজ্য। ১৯৯২ সালের ৬ আগস্ট জন্ম কাব্যর। তাঁর বাবা কালানিধি মারান (Kalanithi Maran) ও মা কাবেরী মারান (Kavery Maran)। ভারতের অন্যতম পরিচিত গণমাধ্যম উদ্যোগপতি কালানিধি মারান সান গোষ্ঠীর (Sun Group) চেয়ারম্যান। টেলিভিশন, রেডিও ও বিনোদন জগতের নানা ক্ষেত্রে এই গোষ্ঠীর ব্যবসা বিস্তৃত। এমন একটি ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই কাব্যর সামনে ছিল কর্পোরেট পরিচালনা, গণমাধ্যম ও বিনোদনশিল্পের নানা দিক। পরিবারের ব্যবসায়িক পরিবেশের পাশাপাশি ক্রিকেটের প্রতিও তাঁর আগ্রহ তৈরি হয় ছোটবেলা থেকে।

গ্রীসে বিয়ের অনুষ্ঠানে সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র
কাব্য মারান। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: Aamir Khan Mahabharata Movie | ‘মহাভারত’ নিয়ে স্বপ্ন ও শঙ্কার দ্বন্দ্ব: কেন এখনও বড় পর্দায় মহাকাব্য আনতে ভয় পাচ্ছেন আমির খান?

কাব্য কালানিধি মারানের একমাত্র সন্তান। ফলে পারিবারিক ব্যবসার ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে তাঁর ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ প্রায় সকলের। তবে উত্তরাধিকার সূত্রে ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি নিজের শিক্ষাগত যোগ্যতাও তৈরি করেছেন তিনি। চেন্নাইয়ের (Chennai) স্টেলা মারিস কলেজ (Stella Maris College) থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকায়। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (New York University) লিওনার্ড এন স্টার্ন স্কুল অব বিজ়নেস (Leonard N. Stern School of Business) থেকে ব্যবসা পরিচালনা বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে দেশে ফিরে পারিবারিক ব্যবসার বিভিন্ন দায়িত্বে যুক্ত হন। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাব্যর পরিচিতি সবচেয়ে বেশি হলেও তাঁর কাজের পরিধি শুধু ক্রিকেট দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০১৮ সালে তিনি দলের প্রধান কার্যনির্বাহী আধিকারিক বা সিইও (CEO) হিসেবে দায়িত্ব নেন। তবে আইপিএলের নিলামে তাঁর উপস্থিতি নিয়মিতভাবে নজরে আসতে শুরু করে ২০২১ সাল থেকে। তার আগে দলের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলেও প্রকাশ্যে তাঁকে ততটা দেখা যেত না। নিলামের মঞ্চে তাঁর উপস্থিতি এবং খেলোয়াড় নির্বাচনের সময় প্রতিক্রিয়া দ্রুত ক্রিকেটপ্রেমীদের আলোচনায় জায়গা করে নেয়। পরবর্তী সময়ে দলের সহ-মালকিন হিসেবেও তাঁর পরিচিতি আরও প্রতিষ্ঠিত হয়েছে।

আইপিএলের নিলাম কেবল খেলোয়াড় কেনাবেচার অনুষ্ঠান নয়, প্রতিটি দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কোন ক্রিকেটারকে দলে নেওয়া হবে, কত টাকা খরচ করা হবে এবং কোন বিভাগে শক্তি বাড়ানো প্রয়োজন ইত্যাদি এসব সিদ্ধান্তের সময় দলের প্রতিনিধিদের ভূমিকা থাকে। কাব্যকে নিলামের টেবিলে নিয়মিত দেখা যাওয়ায় তাঁর ব্যক্তিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েও আলোচনা বেড়েছে। ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে দলের খেলা দেখার সময়ও ক্যামেরায় তিনি ধরা পড়েছেন। কখনও বড় পর্দায় তাঁর মুখ ভেসে উঠেছে, কখনও দর্শকদের হাতে দেখা গিয়েছে তাঁকে ঘিরে বিয়ের প্রস্তাব লেখা প্ল্যাকার্ড। এমন একটি ঘটনাও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ক্রিকেট দলের দায়িত্বের পাশাপাশি সান গোষ্ঠীর অন্যান্য ব্যবসার সঙ্গেও কাব্য যুক্ত। সান মিউজিক (Sun Music) ও সান টিভির (Sun TV) এফএম রেডিও সংক্রান্ত কাজেও তাঁর ভূমিকা আছে বলে সূত্রের খবর। ফলে ক্রীড়া ও গণমাধ্যম দু’ক্ষেত্রেই পারিবারিক ব্যবসার সঙ্গে তাঁর যোগাযোগ আছে। তাঁর বাবা কালানিধি মারান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির (M. Karunanidhi) পরিবারের সদস্য। ডিএমকে নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের (Dayanidhi Maran) সঙ্গে কাব্যর পারিবারিক সম্পর্কও রয়েছে। রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে পরিবারের যোগাযোগ থাকলেও কাব্য নিজে সক্রিয় রাজনীতির বদলে ব্যবসার ক্ষেত্রেই বেশি মনোযোগী।

আরও পড়ুন : Samantha Ruth Prabhu Maternity Photo | আড়ম্বরহীন সাদামাটা সাজেই মাতৃত্বের উদ্‌যাপন সামান্থার! স্ফীতোদরের ছবি ঘিরে উচ্ছ্বাস

কালানিধি মারানের সম্পত্তি ও ব্যবসায়িক সাফল্যও কাব্যকে ঘিরে আলোচনার অন্যতম কারণ। ২০২৬ সালে প্রকাশিত হুরুন রিচ লিস্টের (Hurun Rich List) তথ্য অনুযায়ী, কালানিধি মারানের অবস্থান ছিল ১৪৬তম। তাঁর সম্পত্তির আনুমানিক মূল্য ২৪ হাজার ৬০০ কোটি টাকা বলে ওই তালিকায় উল্লেখ করা হয়েছে। কাব্য পরিবারের একমাত্র সন্তান হওয়ায় ভবিষ্যতে পারিবারিক ব্যবসার উত্তরাধিকার নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে উত্তরাধিকার সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্পত্তি হস্তান্তরের তথ্য প্রকাশ্যে আসেনি। বর্তমানে তিনি যে দায়িত্বগুলি সামলাচ্ছেন, সেগুলিই তাঁর ব্যবসায়িক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

গ্রীসে বিয়ের অনুষ্ঠানে সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র
কাব্য মারান। ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Sunrisers Leeds controversy | ‘দ্য হান্ড্রেড’ নিলামের পর সানরাইজার্স লিডসকে ঘিরে তীব্র বিতর্ক, সাসপেন্ড হল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

এবার আসা যাক অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্কের প্রসঙ্গে। দক্ষিণী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে অনিরুদ্ধের জনপ্রিয়তা বিপুল। একাধিক বড় ছবির সঙ্গীত পরিচালনা করে তিনি তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহও দীর্ঘদিনের। কাব্যর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করে ২০২৫ সালের শেষ দিকে। সমাজমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছিল, দু’জন সম্পর্কে রয়েছেন এবং তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে। যদিও সেই সময় কোনও পক্ষই সম্পর্কের কথা স্বীকার করেননি। বিয়ের জল্পনা ছড়ানোর পরে অনিরুদ্ধ নিজেই সমাজমাধ্যমে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘বিয়ে নাকি? হা হা! বন্ধুরা, একটু শান্ত হও। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করো।’ তাঁর এই মন্তব্যের পরেও অনুরাগীদের কৌতূহল কমেনি। একইভাবে, সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলতে থাকে। চলতি বছরের জুন মাসে অনিরুদ্ধের কাকা, অভিনেতা ওয়াই জি মহেন্দ্র (Y. G. Mahendran) একটি সাক্ষাৎকারে ভাইপোর বিয়ের প্রসঙ্গে আনন্দ প্রকাশ করেন। তাঁর বক্তব্যের পর সম্পর্কের জল্পনা আরও জোরালো হয়। অনিরুদ্ধ কিংবা কাব্য কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি।

গত অক্টোবরে তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy) সমাজমাধ্যমে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের প্রসঙ্গ প্রকাশ্যে আনেন। তাঁর পোস্ট থেকে জানা যায়, ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির প্রীতিভোজের আয়োজন করা হবে। তার আগেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্রিসে বিয়ের অনুষ্ঠানের ছবি সামনে আসে। ফলে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটে ছবির মাধ্যমেই। তবে তাঁদের প্রেমের সূত্রপাত কোথায়, কবে প্রথম পরিচয়, কিংবা কীভাবে সম্পর্ক গভীর হয়েছে, এসব বিষয়ে এখনও পর্যন্ত দু’জনের কেউই বিস্তারিত কিছু জানাননি। কাব্য মারানের জীবন তাই একাধিক পরিচয়ের সমন্বয়। এক দিকে দেশের অন্যতম বড় গণমাধ্যম ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী, অন্য দিকে আইপিএলের পরিচিত দলের দায়িত্বশীল মুখ। উচ্চশিক্ষা সম্পন্ন করে পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার পাশাপাশি ক্রিকেটের মঞ্চেও নিজের উপস্থিতি তৈরি করেছেন তিনি। অনিরুদ্ধের সঙ্গে বিয়ের পর তাঁর ব্যক্তিগত জীবনও এখন আলোচনার কেন্দ্রে। তবে তাঁদের সম্পর্কের নেপথ্যের গল্প আপাতত ব্যক্তিগতই রাখতে চাইছেন নবদম্পতি। অনুরাগীদের কাছে এখন সবচেয়ে বড় আকর্ষণ ২১ নভেম্বর চেন্নাইয়ের প্রীতিভোজ অনুষ্ঠান। সেখানে নবদম্পতির উপস্থিতি, সাজপোশাক এবং অতিথি তালিকা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Koel Mallick Durga Puja, Koel Mallick Ashtami saree | মল্লিকবাড়িতে অষ্টমীর অঞ্জলি কোয়েল মল্লিকের, লাল-হলুদ সাজে নজর কাড়ল কবীর-কাব্যও

Sasraya News
Author: Sasraya News