তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : প্রভাস অভিনীত বহুল আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) মুক্তির পর থেকেই দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। বিজ্ঞান কল্পনা, পুরাণ ও ভবিষ্যতের মেলবন্ধনে তৈরি এই ছবির প্রথম পর্বে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। কিন্তু সিক্যুয়েল অর্থাৎ ‘কল্কি ২’ -এ (Kalki 2) আর তাঁকে দেখা যাবে না, এই খবর ইতিমধ্যেই প্রায় নিশ্চিত। আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা, দীপিকার জায়গায় কে আসছেন? ইন্ডাস্ট্রির অন্দরমহলে এখন সবচেয়ে বেশি যে নামটি শোনা যাচ্ছে, তা হল দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিক প্রযোজনা সংস্থার মতানৈক্য প্রকাশ্যে এসেছে। আট ঘণ্টার কাজের সময়সীমা এবং কিছু শর্ত নিয়ে তিনি অনড় থাকায় একের পর এক বড় বাজেটের ছবি থেকে তাঁর নাম বাদ পড়ছে বলে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি। ইতিমধ্যেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত ‘স্পিরিট’ (Spirit) ছবিতে দীপিকার পরিবর্তে তৃপ্তি দিমরিকে (Triptii Dimri) নেওয়া হয়েছে।
আরও পড়ুন : Deepika Padukone, motherhood | দীপিকা পাড়ুকোন খোলাখুলি বললেন: ‘মা হওয়ার পরে জীবন পুরো বদলে গিয়েছে’
এই আবহেই ‘কল্কি ২’ থেকেও তাঁর সরে যাওয়া নিয়ে চর্চা আরও জোরদার হয়। উল্লেখ্য, প্রথম পর্বে দীপিকার চরিত্রটি গল্পের আবেগী ও দার্শনিক দিককে শক্ত ভিত দিয়েছিল। তাই সেই জায়গায় নতুন মুখ আনা নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, এই চরিত্রে এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন যিনি শুধু তারকাখ্যাতির জোরে নয়, অভিনয়ের গভীরতা দিয়েও দর্শকের মন জয় করতে পারবেন। সেই জায়গাতেই নাকি এগিয়ে রয়েছেন সাই পল্লবী।

দক্ষিণী ছবির দর্শকদের কাছে সাই পল্লবী নতুন নাম নন। ‘প্রেমম’ (Premam), ‘ফিদা’ (Fidaa), ‘গার্গী’ (Gargi) কিংবা ‘শ্যম সিংহা রায়’ (Shyam Singha Roy), প্রতিটি ছবিতেই তিনি প্রমাণ করেছেন, গ্ল্যামারের চেয়ে অভিনয়ই তাঁর সবচেয়ে বড় শক্তি।
ইন্ডাস্ট্রির একটি সূত্রের কথায়, ‘কল্কি ২-এর মহিলা প্রধান চরিত্রটি শুধু সৌন্দর্যের নয়, মানসিক দৃঢ়তারও সমানুপাতিক। সেই ধরনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য সাই পল্লবীর চেয়ে উপযুক্ত মুখ খুব কমই আছে।’ আবার, ‘কল্কি ২৮৯৮ এডি’-র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই সিক্যুয়েলে কাহিনি আরও বিস্তৃত হওয়ার কথা।

জানা যাচ্ছে, দ্বিতীয় পর্বে নারী চরিত্রটির ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হবে। শুধুমাত্র আবেগ নয়, সিদ্ধান্ত গ্রহণেও সেই চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই চরিত্রের ধরনেও কিছুটা বদল আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এই পরিবর্তনের সঙ্গে সাই পল্লবীর অভিনয়শৈলী বেশ মানানসই বলেই মনে করছেন অনেকেই।

কিন্তু, এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। প্রযোজনা সংস্থা বা পরিচালক নাগ অশ্বিন (Nag Ashwin) -এর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সাই পল্লবীর নাম নিয়ে জল্পনা যতই জোরালো হোক, তা এখনও গুঞ্জনের স্তরেই রয়েছে।
ইন্ডাস্ট্রির আর একটি সূত্রের মতে, ‘নির্মাতারা কয়েক জন অভিনেত্রীর সঙ্গে কথা বলছেন। তবে সাই পল্লবী তালিকার শীর্ষে রয়েছেন, এ কথা অস্বীকার করার জায়গা নেই।’ এই মুহূর্তে দর্শকদের কৌতূহল দ্বিমুখী। এক দিকে, দীপিকার অনুপস্থিতিতে গল্পের গতিপথ কী ভাবে বদলাবে, তা নিয়ে আলোচনা। অন্য দিকে, সত্যিই যদি সাই পল্লবী ‘কল্কি’ বিশ্বে পা রাখেন, তা হলে প্রভাসের সঙ্গে তাঁর রসায়ন কেমন হবে, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। দক্ষিণী ও হিন্দি ইন্ডাস্ট্রির মেলবন্ধনে তৈরি এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বে নতুন মুখ যোগ হলে যে ছবির আকর্ষণ আরও বাড়বে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, ‘কল্কি ২’ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। দীপিকার জায়গায় সাই পল্লবী আসছেন কী না, নাকি নির্মাতারা আরও বড় কোনও চমক লুকিয়ে রেখেছেন, সেই উত্তর মিলবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণায়। তত দিন পর্যন্ত জল্পনা, আলোচনা আর প্রত্যাশার পারদ চড়তেই থাকবে।
সব ছবি : প্রতীকী
আরও পড়ুন : Sonakshi Zaheer relationship | ‘তিন বছরে ভাঙনের মুখে সম্পর্ক, তবু বিয়ে করলেন কেন?’ : সোনাক্ষীর স্বীকারোক্তি, জাহিরকে বেছে নেওয়ার নেপথ্যে আসল কারণ কী ছিল?




