Sonakshi Zaheer relationship | ‘তিন বছরে ভাঙনের মুখে সম্পর্ক, তবু বিয়ে করলেন কেন?’ : সোনাক্ষীর স্বীকারোক্তি, জাহিরকে বেছে নেওয়ার নেপথ্যে আসল কারণ কী ছিল?

SHARE:

বিয়ের পর থেকে সোনাক্ষী ও জাহির দু’জনেই নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিও শেয়ার করেন। কখনও একসঙ্গে ডিনার ডেট, কখনও পারিবারিক উৎসব, তাঁদের হাসিমুখই যেন সবচেয়ে বড় উত্তর, যারা এই সম্পর্ক নিয়ে কটূ মন্তব্য করেছিলেন তাঁদের প্রতি।অভিনেত্রী জানিয়েছেন, “মানুষ আজও বিশ্বাস করে, দুই ধর্ম মানেই দূরত্ব। কিন্তু আমরা প্রমাণ করতে চাই, ভালবাসা মানে বোঝাপড়া, সম্মান আর একে অপরের পরিবারকে নিজের মতো গ্রহণ করা।”

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে গ্ল্যামার, প্রেম আর বিতর্ক সবই যেন হাত ধরাধরি করে চলে। আর সেই জগতেরই অন্যতম আলোচিত জুটি সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) ও জ়াহির ইকবাল (Zaheer Iqbal)। সাত বছরের প্রেম, তার পরে বিয়ে, এই সম্পর্ককে ঘিরে যতটা উচ্ছ্বাস ছিল, ততটাই ছড়িয়েছিল কটাক্ষ, প্রশ্ন, এমনকি ধর্ম বদলের গুজবও। কিন্তু তাঁদের গল্পের এমন একটি অধ্যায় আছে যা অনেকেই জানতেন না, সম্পর্কের তিন বছরে তাঁরা নাকি এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, যখন একে অপরকে এক মুহূর্তও সহ্য করা কঠিন হয়ে উঠেছিল! এই দম্পতিকে বাঁচিয়েছিল মনোবিদের ‘কাপ্‌ল থেরাপি’।সম্প্রতি সোহা আলি খানের (Soha Ali Khan) পডকাস্টে হাজির হয়ে সোনাক্ষী খোলা গলায় স্বীকার করেন তাঁদের সম্পর্কের অস্থির সময়ের কথা। আর সেই স্বীকারোক্তিই এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন : Aamir Khan New Love | ‘৬০-এ দাঁড়িয়ে জীবনে ফের আলো এনেছে গৌরী’, নতুন প্রেম নিয়ে খোলামেলা আমির খান

সোনাক্ষী ও জাহিরের প্রথম পরিচয় বলিউডের একটি ঘনিষ্ট বন্ধুবৃত্ত থেকে। ধীরে ধীরে প্রেম, তার পর আরও দীর্ঘ সময় ধরে সম্পর্ক। কিন্তু প্রেমের তিন বছর পার হতেই নাকি তাঁদের দৃষ্টিভঙ্গি একেবারে দুই মেরুতে দাঁড়ায়। অভিনেত্রীর কথায়, ‘সম্পর্কের এমন একটা সময় এসেছিল, যখন আমাদের ঝগড়া প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। জীবনকে দেখার ভাবনা এতটাই আলাদা ছিল।’ সোনাক্ষী জানান, সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে তাঁরা বুঝে গিয়েছিলেন, নিজেদের বাঁচাতে হলে সাহায্যের প্রয়োজন। তখনই আসে মনোবিদের দরজায় কড়া নাড়ার সিদ্ধান্ত।

দু’বারের ‘কাপ্‌ল থেরাপি’ বদলে দিল দাম্পত্যের সমীকরণ

চাপা পড়ে থাকা এই অধ্যায়টাই অভিনেত্রী তুলে ধরেন পডকাস্টে। তাঁর ভাষায়, ‘আমাদের সম্পর্কে একটা খুব খারাপ সময় এসেছিল। জাহিরের (Zaheer Iqbal) কথা শুনেই আমরা কাপ্‌ল থেরাপি নিতে শুরু করি। আশ্চর্যের বিষয়, মাত্র দু’বারই যেতে হয়েছিল। ওই দুই সেশনের পরে যেন আমরা নিজেদের পুরনো জায়গায় ফিরে পাই।’ তিনি আরও বলেন, কাপ্‌ল থেরাপি কোনও লজ্জার বিষয় নয়। সম্পর্ক বাঁচাতে দু’জন মানুষ যদি মন খুলে পেশাদার সাহায্য নেন, সেটা পরিণত সিদ্ধান্তেরই প্রতিফলন।সম্পর্ক টালমাটাল হওয়ার আগেই আরেকটি বাধা ছিল তাঁদের সামনে, সোনাক্ষীর পরিবার প্রথমদিকে নাকি ভিন্‌ধর্মের প্রেমিককে মেনে নিতে চাননি। তবে দু’জনের দৃঢ় সিদ্ধান্তের কাছে হার মানতে হয় পরিবারকে। ২০২৪ সালের ২৩ জুন তাঁরা আইনি বিয়ে করেন। না ছিল কোনও ধর্মীয় আচার, না জাঁকজমক। শুধু একান্তভাবে আইনত বন্ধনে আবদ্ধ হন, তারপর আয়োজন করেন প্রীতিভোজের। অন্যদিকে, ধর্ম পরিবর্তন নিয়ে যেসব গুজব বারবার ছড়িয়েছে, তা একাধিক বার অস্বীকার করেছেন সোনাক্ষী। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের পরিচয় তিনি বদলাননি, শুধু ভালবাসার মানুষকে বেছে নিয়েছেন।

বিয়ের পর সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা : ‘শ্বশুরবাড়িতে এত যত্ন, ভাবিনি’ 

এখনকার সোনাক্ষী অনেকটাই শান্ত, আত্মবিশ্বাসী। তাঁর কথায়, ‘বিয়ের পরই মনে হয়েছে আরও আগেই বিয়ে করা উচিত ছিল। জ়াহিরের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক এতটাই মসৃণ ও আন্তরিক, যেন আমি এখানেই জন্মেছি।’ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তাঁদের একের পর এক ছবি দেখে বোঝা যায়, জাহিরের সঙ্গে তিনি সুখেই আছেন।

আরও পড়ুন : Koel Mallick Gives Of A Baby Girl : কন্যাসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক

বলিউডে কাপ্‌ল থেরাপির ব্যবহার বাড়ছে

সম্পর্ক টালমাটাল হলে তারকা দম্পতিরা মনোবিদের সাহায্য নেওয়ার ঘটনা নতুন নয়। সোনাক্ষী বলেন, ‘এই প্রক্রিয়া আজকাল খুবই স্বাভাবিক। আমির খান (Aamir Khan)- কিরণ রাও (Kiran Rao) থেকে ফারহান আখতার (Farhan Akhtar) – শিবানি দাণ্ডেকর (Shibani Dandekar) অনেকেই সম্পর্ক বাঁচাতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে থাকেন।’ তাঁর মতে, কাপ্‌ল থেরাপি তাঁদের সম্পর্কে এমন স্বচ্ছতা এনেছে, যা হয়ত নিজেদের ইগোর কারণে আগে তাঁরা দেখতে পেতেন না।

তাহলে কেন বিয়ে করলেন? উত্তরে সোনাক্ষীর সরল স্বীকারোক্তি

বহু সমালোচনা, ব্যঙ্গ, ট্রোলের মাঝেও অভিনেত্রীর উত্তর স্পষ্ট, ‘কারণ জ়াহির সেই মানুষ, যার সঙ্গে আমি নিজেকে সম্পূর্ণ স্বস্তিতে পাই। সম্পর্কের কঠিন সময়ে টিকে যাওয়া, আবার মনোবিদের সাহায্যে একে অপরকে নতুন করে পাওয়া, এসবের মধ্যেই বুঝেছি, আমাদের সম্পর্কটাই সঠিক।’ এই এক কথাই যেন সব কিছু, ঝড় যত বড়ই হোক, পাশে দাঁড়ানোর ইচ্ছাটাই সম্পর্ককে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha marriage, Sonakshi Zaheer Iqbal love story | ‘তুমি ঠিক পরিবারে এসে পড়েছ’ জ়াহিরের মায়ের ভালবাসায় ভাসছেন সোনাক্ষী, ট্রোলের জবাব দিলেন হাসিতে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন