Kalimpong marigold farmers, Tihar flower demand | তিহার-দীপাবলিতে গাঁদার চাহিদা তুঙ্গে : ন্যায্য দাম মিলছে না, লোকসানে কালিম্পঙের ফুলচাষীরা

SHARE:

কালিম্পঙের বাজারে গাঁদা ফুলের মালা (Marigold garlands at a Kalimpong market ahead of Tihar and Diwali)

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালিম্পং : উৎসবের মরশুমে কালিম্পঙের (Kalimpong marigold farmers) বাজারে ফুলের চাহিদা বেড়েছে। দোকানে দোকানে স্তূপ করে রাখা হচ্ছে গাঁদা। ঘরের দরজা-জানালায় ঝুলছে লম্বা মালা, কোথাও সাজানো হচ্ছে ফুলের গুচ্ছ। তবে এই বাড়তি চাহিদার সুফল পুরোপুরি পাচ্ছেন না স্থানীয় চাষীরা। কারণ, বাজারে বিক্রি হওয়া গাঁদার বড় অংশ আসছে শিলিগুড়ি (Siliguri) ও সমতলের নানা এলাকা থেকে। নিজেদের ফুলের উপযুক্ত বাজার ও ন্যায্য দাম পেতে সমস্যায় পড়ছেন পাহাড়ের চাষীরা। এক সময় পাহাড়ের বহু বাড়ির উঠোন বা বাগানেই গাঁদার চাষ হত। উৎসবের মালা গাঁথতেন পরিবারের সদস্যেরাই। সময়ের সঙ্গে সেই ছবি বদলেছে। এখন অনেক পরিবারকেই বাজার থেকে ফুল কিনতে হয়।

কালিম্পঙের বাজারে গাঁদা ফুলের মালা (Marigold garlands at a Kalimpong market ahead of Tihar and Diwali)
বাজারে গাঁদার চাহিদা তুঙ্গে, লোকসানে কালিম্পঙের চাষীরা। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: Suvendu Adhikari Employment Announcement | শিল্পে জমি, চাকরিতে বয়সের ছাড়! মেদিনীপুরে শুভেন্দুর বড় ঘোষণা, মাদক-সাট্টা বন্ধে কড়া হুঁশিয়ারি

দশমাইলের বাসিন্দা দেবিকা শর্মা (Debika Sharma) জানান, বাড়িতে চাষের মতো পর্যাপ্ত জায়গা নেই। তাই প্রতি বছর উৎসবের সময় বাজার থেকেই তিনি ফুল কেনেন। দাম বেশি হলেও কেনা ছাড়া উপায় থাকে না বলে তিনি বলেন। স্থানীয় ফুলবিক্রেতা মনোজ রাই (Manoj Rai) গত পাঁচ বছর ধরে এই ব্যবসায় আছেন। তাঁর মতে, বাইরে থেকে ফুল আসার প্রবণতা আসলে স্থানীয় চাষিদের সামনে বড় বাণিজ্যিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তাঁর হিসাব, পরিকল্পনা করে চাষ করতে পারলে এক জন কৃষক একটি উৎসবের মরশুমেই এক লক্ষ টাকার বেশি রোজগার করতে পারেন। চলতি মরশুমে তাঁর কাছেই ৫০০ থেকে ৬০০টি মালার বরাত এসেছে। এক মিটার লম্বা গাঁদার মালার দাম উঠছে ৭০ টাকা পর্যন্ত।

মনোজের বক্তব্য, কালিম্পঙের অনেকেই এখনও নিজেদের প্রয়োজন মেটাতেই গাঁদা ফলান। বাণিজ্যিক চাষ নিয়ে সে ভাবে ভাবনাচিন্তা শুরু হয়নি, অথচ বাজারে চাহিদা রয়েছে। তবে পাহাড়ে আচমকা বৃষ্টি এবং তাপমাত্রা কমে যাওয়া চাষের পথে বড় বাধা। উল্লেখ্য, সমস্যা শুধু উৎপাদনে আটকে নেই। বাজারে ফুল নিয়ে গিয়ে উপযুক্ত দাম না পাওয়া আরও বড় দুশ্চিন্তার কারণ। চাষী চেকি শেরপার (Cheki Sherpa) অভিযোগ, শিলিগুড়ি থেকে আসা ফুল কম দামে বিক্রি হওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন স্থানীয়েরা। তাঁর কথায়, পাহাড়ের চাষিরা জৈব সার দিয়ে নিজেরা নিয়মিত যত্ন নিয়ে ফুল ফলান। কিন্তু বাজারে সেই পরিশ্রমের যথাযথ মূল্য মেলে না। কখনও ১০০ টাকার ফুলের জন্য দাম দেওয়া হয় মাত্র ২৫ থেকে ৫০ টাকা। লাভ না হওয়ায় কয়েক জন চাষি নিজেদের ফুলগাছ উপড়ে ফেলতেও বাধ্য হয়েছেন বলে তিনি জানান।

কালিম্পঙের বাজারে গাঁদা ফুলের মালা (Marigold garlands at a Kalimpong market ahead of Tihar and Diwali)
গাঁদার চাহিদা তুঙ্গে, লোকসানে কালিম্পঙের চাষীরা। ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Cristiano Ronaldo International Retirement | বিদায় পর্তুগাল! আন্তর্জাতিক ফুটবল থেকে ইতি টানলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বংবস্তির (Bungbasti) ফুলচাষী বেদপ্রসাদ (Bedprasad) মনে করেন, কালিম্পঙের এক-এক এলাকায় আবহাওয়া ও মাটির চরিত্র আলাদা, তাই ফলনেও তারতম্য হয়। তবে বংবস্তি ও রেলির (Reli) মতো তুলনামূলক উষ্ণ এলাকায় বাণিজ্যিক ফুলচাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও উৎসবের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ফলে ভবিষ্যতে ফুলের চাহিদা আরও বাড়তে পারে। অথচ সেই চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন এখনও সীমিত। কালিম্পঙের ফুলের দোকান ‘বাগিচা’র (Bagicha) কর্ণধার সূরজ প্রধান (Suraj Pradhan) জানান, শুধু তিহার বা দীপাবলি নয়, বিয়ে ও নানা ধর্মীয় অনুষ্ঠানেও ফুলের চাহিদা থাকে। ফলে সারা বছরই বাজার আছে। কিন্তু চাষের জন্য প্রয়োজন পর্যাপ্ত জমি, জলের ব্যবস্থা ও মাসের পর মাস গাছের যত্ন নেওয়ার ধৈর্য। এলাকায় ফাঁকা জমি থাকলেও জলের অভাব এবং পাথুরে মাটি চাষে সমস্যা তৈরি করে। তবে উৎসব, ধর্মীয় আচার ও বিয়ের অনুষ্ঠান যত দিন থাকবে, তত দিন ফুলের চাহিদাও থাকবে বলে তাঁর অভিমত।

চাষী ও ব্যবসায়ীদের একটাই বক্তব্য, উৎপাদনের পাশাপাশি ন্যায্য দাম, বাজারে প্রবেশের সুযোগ ও চাষের পরিকাঠামো নিশ্চিত করা গেলে গাঁদার চাষ পাহাড়ের কৃষকদের কাছে লাভজনক পেশা হয়ে উঠতে পারে। এ বিষয়ে প্রশাসন বা উদ্যানপালন দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India ASEAN Relations, PM Narendra Modi | ইন্দো-প্যাসিফিক কূটনীতিতে নতুন সমীকরণের পথে ভারত, আসিয়ান সম্পর্ককে অগ্রাধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন