Jakir Hossain winter relief | জঙ্গিপুরে জাকির হোসেনের উদ্যোগে বিশাল শীতবস্ত্র বিতরণ, মানুষের ঢল

SHARE:

জঙ্গিপুরে শিবম ট্রাস্টের উদ্যোগে ৩০-৪০ হাজার শীতবস্ত্র বিতরণ। বিধায়ক জাকির হোসেনের সমাজসেবামূলক কর্মসূচিতে উপচে পড়া মানুষের ভিড়। উন্নয়ন প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য।

মোফাক হোসেন, সাশ্রয় নিউজ ★ জঙ্গিপুর: শীতের কামড় বাড়তেই মানুষের ভিড় উপচে পড়ল জঙ্গিপুরের মেকানজি পার্ক মাঠে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যেন পরিণত হল, মানুষের ঢলে। ট্রাস্টের কর্ণধার ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain) প্রতি বছরের মতো এবারও গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আয়োজন করলেন বিশাল শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। মাঠজুড়ে মানুষের উপস্থিতি এতটাই বেশি ছিল যে, অনেকেই বলছিলেন, এ যেন আর বস্ত্র বিতরণ নয়, মানুষের বাঁচার আর্তি আর আশার চিত্র।

স্থানীয়দের মুখে শোনা গেল তীব্র বাস্তবতার গল্প। অনেকে কুড়ি টাকা ভাড়া করে এসেছেন একটি কম্বল নেওয়ার আশায়। ‘মানুষ কতটা অসহায় হলে এভাবে ভাড়া দিয়ে এসে কম্বল নিতে হয়, তা ভাষায় বোঝানো যায় না’ এমন কথাও শোনা গেল লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে। এ দিনের বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন ও পরিবেশ যেন এলাকার মানুষের কাছে এক প্রতীক্ষার জায়গা। কেউ বললেন, এখানে শুধু একটি কম্বল নেওয়ার বিষয় নয়, এখানে আসে বাঁচার স্বস্তি। বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain) বলেন, ‘আমরা এই বছর মোট ৩০ থেকে ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করছি। শুধু জঙ্গিপুরেই আজ প্রায় কুড়ি হাজার কম্বল দেওয়া হচ্ছে। আমি যেহেতু সুতির ছেলে, তাই সুতির মানুষের দায়িত্ব আমার নিজের বলেই মনে করি। সুতির অরঙ্গাবাদেও আমাদের ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ হবে।’

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া (Nitin Singhania, DM Murshidabad) ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ (Amit Kumar Sau, SP Jangipur Police District)। কিন্তু জরুরি কাজের কারণে তাঁরা উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানান বিধায়ক। সাংবাদিকদের প্রশ্নে উন্নয়ন প্রসঙ্গেও মন্তব্য করেন জাকির হোসেন (Jakir Hossain)। তিনি বলেন, ‘ওমরপুর থেকে জঙ্গিপুর টাউনের প্রবেশমুখে ফোর লেন রাস্তার কাজ আশা করি খুব শিগগিরই শুরু হবে। শুধু জঙ্গিপুর নয়, মুর্শিদাবাদে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ের অভাব রয়েছে। আগের সরকার কী করেছে তা যেমন ভাবতে হবে, তেমনই এখন আমরা কী করছি তাও নজরে রাখতে হবে। আমাদের একটু সময় দিন, মুর্শিদাবাদবাসীর আশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ শিবম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস (Dipak Kumar Das) বলেন, ‘আমাদের এই সংস্থা ধর্ম-জাতি-ভেদ না করে বছরের বারো মাস মানুষের পাশে থাকে। ঈদ, পূজো, বর্ষা, শীত সব সময় মানুষের জন্য কাজ করাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। শুধু আশীর্বাদ করবেন।’

আরও পড়ুন : Mamata Banerjee | ২০২৬ ভোট নজর রেখে বহরমপুরে মমতার শক্তিশালী বার্তা : বিজেপিকে ‘মিথ্যা প্রচার’ নিয়ে কড়া সমালোচনা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন পলিটেকনিক কলেজের প্রশাসনিক প্রধান রুকুমুদ্দিন শেখ (Rukumuddin Sheikh)। তিনি বলেন, ‘শীতের দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের ট্রাস্টের উদ্দেশ্য। আগামী দিনেও আমাদের পাশে দেখতে পাবেন।’ উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার এমন দৃশ্য জঙ্গিপুরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এই ট্রাস্টের উদ্যোগে। মানুষের ভিড়, আশার চোখ আর সহমর্মিতার হাত মিলিয়ে শীতের কিছুটা উষ্ণতা এনে দিল শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট।

আরও পড়ুন : Bengal Election 2026, PM Modi Bengal Strategy | ‘বাংলা জিততেই হবে’ : দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকে বঙ্গ বিজেপি সাংসদদের স্পষ্ট টার্গেট ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন