সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL2026) শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। ৩১ মে আইপিএল ফাইনালের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে ৬ জুন থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) একমাত্র টেস্ট ম্যাচ। এই সংক্ষিপ্ত ব্যবধানকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (Board of Control for Cricket in India)। বিশেষ করে টেস্ট দলের প্রথম সারির ক্রিকেটারদের শারীরিক ধকল নিয়ে সতর্ক করা হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে। বোর্ড সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে চলা আইপিএলের পরপরই টেস্ট ম্যাচ খেলতে নামলে খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই শুভমন গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), লোকেশ রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থদের (Rishabh Pant) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত নজর রাখা হচ্ছে। এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘প্রথম সারির ক্রিকেটারদের ধকল নিয়ে আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি। মেডিক্যাল টিম নিয়মিত তাদের পর্যবেক্ষণ করছে। আপাতত বড় কোনও সমস্যা ধরা পড়েনি, তবে প্লে-অফের আগে ও পরে পরিস্থিতি আবার খতিয়ে দেখা হবে।’ তাঁর আরও বক্তব্য, ‘টেস্ট দলের সম্ভাব্য সদস্যদের পারফরম্যান্সের পাশাপাশি তাদের ফিটনেস রিপোর্টও নজরে রাখা হচ্ছে।’
আইপিএলের তীব্র প্রতিযোগিতা, ভ্রমণ এবং চাপের মধ্যে দিয়ে যাওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়া সহজ নয়। টেস্ট ফরম্যাটে দীর্ঘ সময় মাঠে থাকতে হয়, যা শারীরিক ও মানসিক ভাবে আরও বেশি পরিশ্রমসাধ্য। এই বাস্তবতা মাথায় রেখেই বোর্ড আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত মিলছে। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে পেস আক্রমণে পরিবর্তন আনতে পারেন বলে জানা যাচ্ছে। বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)-এ তাঁকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়া গুরুত্বপূর্ণ। একই ভাবে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণকেও (Prasidh Krishna) সীমিত ব্যবহারের কথা ভাবা হচ্ছে। বোর্ডের এক আধিকারিকের কথায়, ‘পেস বোলারদের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার পরিকল্পনা রয়েছে। তরুণ বোলারদের সুযোগ দিয়ে বিকল্প শক্তি তৈরি করা হবে।’ এর ফলে নতুন মুখদের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ তৈরি হচ্ছে।
ব্যাটিং বিভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা কম হলেও কয়েকটি জায়গায় পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সাই সুদর্শন (Sai Sudharsan)-এর নাম আলোচনায় উঠে এসেছে। তিন নম্বর ব্যাটিং পজিশনের জন্য তাঁকে বিবেচনা করা হচ্ছে। তবে এই জায়গার জন্য দেবদত্ত পডিক্কল (Devdutt Padikkal)-এর সঙ্গেও প্রতিযোগিতা হতে পারে, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেছেন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সুদর্শনের পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানা গেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ম্যানেজমেন্ট আরও কিছু বিষয় বিচার করবে।উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচের পরেই ভারতের সামনে রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা (Sri Lanka) এবং নিউজ়িল্যান্ড (New Zealand)-এর বিরুদ্ধে টেস্ট সিরিজ় অপেক্ষা করছে। এই সিরিজ়গুলির ফলাফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সাম্প্রতিক পরাজয়ের পর দলের উপর চাপও বেড়েছে। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ফিট রাখা এবং সঠিক সময়ে বিশ্রাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বোর্ড ইতিমধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে, টেস্ট দলের সম্ভাব্য সদস্যদের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে খেলোয়াড়দের অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে এই সূচীর সংঘাত নতুন নয়, তবে প্রতি বছর তা আরও তীব্র হয়ে উঠছে। ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে বোর্ডকে আরও সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হচ্ছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় এখন অন্যতম লক্ষ্য হল গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি ফিটনেস নিশ্চিত করা। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সঠিক মিশ্রণে দল গঠন করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আইপিএলের ঝড় থামতেই টেস্টের ধৈর্যের লড়াই, এই রূপান্তরের মধ্যে ভারতীয় দলের পারফরম্যান্স কেমন হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : WTC points table 2026, India Test ranking update | বাংলাদেশের জয়ে লাভ ভারতের, WTC পয়েন্ট টেবিলে এগোল শুভমনরা




