সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক ★ নতুন দিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League বা IPL)-এর সময়সূচী নিয়ে বহুদিন ধরেই নানা আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই নতুন গতি এল। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI) আগামী মরসুম থেকে আইপিএলের সময় বদলের ইঙ্গিত দিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও বোর্ডের অভ্যন্তরীণ সূত্র এবং সংবাদসংস্থা পিটিআই (PTI)-এর প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য নতুন সূচীর খসড়া। খবর অনুযায়ী, ২০২৭ সালের আইপিএল (IPL 2027) শুরু হতে পারে ১০ মার্চ থেকে, যা প্রচলিত সময়ের তুলনায় প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে। সাধারণত মার্চের শেষ সপ্তাহে এই টি-টোয়েন্টি লিগ শুরু হয়, কিন্তু এবার সেই ধারা ভাঙার পরিকল্পনা করছে বোর্ড। একই সঙ্গে জানা যাচ্ছে, টুর্নামেন্ট শেষ হতে পারে ১৫ মে-র মধ্যেই। অর্থাৎ, গোটা প্রতিযোগিতাকে এগিয়ে এনে গরম এবং বৃষ্টির প্রভাব কমানোর চেষ্টা চলছে।
আইপিএলের সময় বদলের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে আবহাওয়ার চ্যালেঞ্জ। প্রতি বছরই একাধিক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, আবার গরমের তীব্রতা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে। ২০২৬ মরসুমে (IPL 2026) এমন পরিস্থিতির সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। ২৮ মার্চ শুরু হওয়া সেই মরসুমে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম পাঞ্জাব কিংস (Punjab Kings) -এর ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যায়। শুধু ওই ম্যাচই নয়, আরও কয়েকটি খেলায় বৃষ্টির প্রভাব পড়ে। অন্যদিকে, এপ্রিল-মে মাসে গরমের তীব্রতা অনেক সময় ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুপুরের ম্যাচগুলিতে প্রায়ই দেখা যায় পেশিতে টান ধরা, জলশূন্যতা বা ক্লান্তির সমস্যা। দর্শকরাও সেই তাপদাহের ধাক্কা অনুভব করেন। এই পরিস্থিতি মাথায় রেখেই বোর্ড সময় এগিয়ে আনার পরিকল্পনা করেছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকীয়া (Devajit Saikia) আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গতবার মাঝপথে বিরতি পড়ায় টুর্নামেন্ট এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। এ বারও প্রতিযোগিতা মে মাসের শেষ পর্যন্ত গড়িয়েছে। কয়েকটি ভেন্যুতে অতিরিক্ত গরম ও বৃষ্টির প্রভাব পড়েছে। তাই ভাবছি, যদি আরও কিছুটা আগে শুরু করা যায়।’ তাঁর কথাতেই ইঙ্গিত ছিল, বোর্ড ভবিষ্যতে সূচিতে পরিবর্তন আনতে পারে। তিনি আরও উল্লেখ করেছিলেন, ‘যদি মার্চের মাঝামাঝি শুরু করা যায়, তা হলে মে-র মাঝামাঝি শেষ করা সম্ভব। এতে গরম ও বৃষ্টির চাপ কিছুটা কমবে।’ সেই ভাবনাই এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এই নতুন সূচির সঙ্গে একটি বড় প্রশ্নও সামনে এসেছে। আইপিএলের আগে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট সূচি। ২০২৭ সালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) খেলবে ভারত (India)। সেই টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৩ মার্চ। অর্থাৎ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ক্রিকেটারদের লাল বলের ক্রিকেট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে নামতে হবে। বিশেষ করে যাঁরা জাতীয় দল এবং আইপিএল দু’জায়গাতেই খেলেন, তাঁদের জন্য এই সময়সীমা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। প্রস্তুতির সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং কৌশলগত পরিবর্তন সবকিছুতেই দ্রুত মানিয়ে নিতে হবে খেলোয়াড়দের। অন্যদিকে, আইপিএলের দৈর্ঘ্য বাড়ানোর বিষয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই বলেই জানানো হয়েছে। দেবজিৎ শাইকীয়া এই প্রসঙ্গে বলেন, ‘লিগ আরও বড় করার কোনও সিদ্ধান্ত এখন নেই। ম্যাচ সংখ্যা ৭৪ থেকে বাড়িয়ে ৯৪ করতে হলে অনেক বিষয় বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক সূচীর সঙ্গেও সমন্বয় রাখতে হয়।’ তাঁর কথায় বোঝা যায়, আপাতত সময় পরিবর্তনই বোর্ডের প্রধান লক্ষ্য।
আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। প্রতি বছর কোটি কোটি দর্শক এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকেন। তাই সূচীতে সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে সম্প্রচার, দর্শকসংখ্যা এবং দলগুলির প্রস্তুতির উপর। নতুন সময়সূচী কার্যকর হলে মার্চের শুরু থেকেই ক্রিকেট উৎসব শুরু হয়ে যাবে। এতে স্কুল-কলেজের পরীক্ষা, আন্তর্জাতিক সিরিজ এবং অন্যান্য ক্রীড়া সূচির সঙ্গে সমন্বয় করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নেটদুনিয়ায় ইতিমধ্যেই এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, ‘আগে শুরু হলে আবহাওয়ার সমস্যা কমবে’, আবার কেউ মনে করছেন, ‘ক্রিকেটারদের বিশ্রামের সময় কমে যাবে।’ দুই পক্ষের এই মতবিরোধের মাঝেই বোর্ডকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ২০২৭ সালের আইপিএল এখনও সময়ের অপেক্ষায়, কিন্তু তার আগেই সূচি নিয়ে এই আলোচনা প্রমাণ করছে, লিগটির গুরুত্ব কতটা। পরিবর্তিত সময়সূচি কতটা কার্যকর হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী দিনের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Modi Meloni G7 Moment | জি৭ মঞ্চে ফের ভাইরাল ‘মেলোডি-মুহূর্ত’, মোদী-মেলোনির হাসির রসায়ন ঘিরে চর্চা



