সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ভিসার জটিলতা, খরচ ও সময়ের কারণে বহু মানুষ সেই ইচ্ছা পূরণ করতে পারেন না। তবে ভারতীয় পর্যটকদের জন্য এল বড় সুখবর। ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। সদ্য প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ (Henley Passport Index) -এর ২০২৬ সালের জানুয়ারি সংস্করণ অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট এবার শক্তির দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। এই নতুন তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠে এসেছে ভারতের পাসপোর্ট। এর ফলে ভারতীয় নাগরিকরা এখন মোট ৫৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন, যা বিদেশ যাত্রাকে আরও সহজ ও তুলনামূলক ভাবে সস্তা করে তুলবে।
মঙ্গলবার প্রকাশিত এই নতুন র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, গত বছর যেখানে ভারতীয় পাসপোর্ট ছিল ৮৫তম স্থানে, সেখানে এক বছরের মধ্যেই তা পাঁচ ধাপ উন্নতি করেছে। আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক সম্পর্ক, পর্যটন নীতি ও ভিসা সংক্রান্ত সমঝোতার প্রতিফলন হিসেবেই এই অগ্রগতি দেখা হচ্ছে। এই তালিকায় ভারতের সঙ্গে একই স্থানে রয়েছে নাইজার (Niger) ও আলজেরিয়া (Algeria)। সব মিলিয়ে ভারতীয় পাসপোর্টধারীরা এখন ৫৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই প্রবেশাধিকার পাবেন।
উল্লেখ্য যে, হেনলি পাসপোর্ট ইনডেক্স মূলত একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করা যায়, তার ভিত্তিতে এই র্যাংকিং তৈরি করে। ভিসা নীতিতে সামান্য পরিবর্তন হলেই এই সূচক আপডেট করা হয়। সেই কারণেই এটি বিশ্বজুড়ে পাসপোর্টের ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত।
নতুন তালিকা অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একাধিক জনপ্রিয় গন্তব্যে ভারতীয়রা ভিসা ছাড়াই যেতে পারবেন। এর মধ্যে রয়েছে ভুটান (Bhutan), নেপাল (Nepal), মালয়েশিয়া (Malaysia), থাইল্যান্ড (Thailand), মরিশাস (Mauritius) ও ফিজি (Fiji)। পর্যটনের দিক থেকে এই দেশগুলি ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে থাইল্যান্ড ও মালয়েশিয়া বাজেট ট্রাভেলের জন্য পরিচিত হওয়ায়, ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ পর্যটকদের কাছে বড় সুবিধা হয়ে উঠবে। এছাড়াও ক্যারিবিয়ান অঞ্চলেও ভারতীয় পাসপোর্টের গ্রহণযোগ্যতা বেড়েছে। বার্বাডোস (Barbados), ডোমিনিকা (Dominica), গ্রেনাডা (Grenada) ও জামাইকা সহ (Jamaica) একাধিক ক্যারিবিয়ান দেশে এখন ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ভারতীয় নাগরিকরা। সমুদ্র, সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দেশগুলি এতদিন অনেকের কাছেই অধরা ছিল। ভিসা-মুক্ত সুবিধার ফলে ভারতীয় পর্যটকদের কাছে এই গন্তব্যগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় অবশ্য শীর্ষে রয়েছে সিঙ্গাপুর (Singapore)। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বর্তমানে ১৯২টি গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান (Japan) ও দক্ষিণ কোরিয়া (South Korea), যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ ডেনমার্ক (Denmark), লুক্সেমবার্গ (Luxembourg), স্পেন (Spain), সুইডেন (Sweden) ও সুইজারল্যান্ড (Switzerland)। এই দেশগুলির নাগরিকরা ১৮৬টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। অন্যদিকে, সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় রয়েছে একাধিক যুদ্ধবিধ্বস্ত ও রাজনৈতিক ভাবে অস্থির দেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh) রয়েছে ৯৫তম স্থানে, পাকিস্তান (Pakistan) ও ইয়েমেন (Yemen) যৌথ ভাবে ৯৮তম স্থানে, ইরাক (Iraq) ৯৯তম এবং সিরিয়া (Syria) ও আফগানিস্তান (Afghanistan) যথাক্রমে ১০০ ও ১০১তম স্থানে রয়েছে। এই দেশগুলির নাগরিকরা মাত্র ২৪ থেকে ৩৭টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
হেনলি অ্যান্ড পার্টনার্স (Henley & Partners) নামক ব্রিটেনভিত্তিক একটি আন্তর্জাতিক পরামর্শকারী সংস্থা এই সূচক প্রকাশ করে। তারা বিশ্বের মোট ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই র্যাংকিং তৈরি করেছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA)–এর তথ্যের উপর ভিত্তি করেই এই সূচক প্রস্তুত হয় বলে জানা গিয়েছে। আরও উল্লেখ যে, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মহলের মতে, ভারতীয় পাসপোর্টের এই উন্নতি ভ্রমণ, ব্যবসা, শিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ বাড়লে বিদেশ যাত্রার খরচ যেমন কমবে, তেমনই সময়ও বাঁচবে। ফলে আগামী দিনে আরও বেশি ভারতীয় নাগরিক বিদেশ ভ্রমণে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।
ছবি : প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : Australia visa policy, Indian students abroad | স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি অস্ট্রেলিয়ার, ভারতীয় পড়ুয়াদের জন্য বাড়ল নথির বাধা ও নজরদারি




