India vs Sri Lanka Super Over thriller | নাটকীয় সুপার ওভারে ভারতের জয়, সূর্যকুমার বললেন, ‘মনে হচ্ছে ফাইনাল খেলে ফেললাম’

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : এশিয়া কাপের সুপার ফোরে ভারতের শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার লড়াই। কিন্তু সেই ম্যাচই শেষ পর্যন্ত রূপ নিল এক রোমাঞ্চকর অধ্যায়ে। শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রসিকতা করে বললেন, ‘মনে হচ্ছে ফাইনাল খেলে ফেললাম।’

শুরু থেকেই ভারতীয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে নামে। তবে ম্যাচ যত এগোতে থাকে, উত্তেজনা তত বেড়ে যায়। শেষমেশ নির্ধারিত ওভারে খেলা সমতায় গড়ালে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানেই ভারতীয় বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh) দারুণ দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কাকে মাত্র ২ রানেই আটকে দিয়ে ভারতকে এনে দেন নাটকীয় জয়।পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) হাসতে হাসতে বলেন, ‘মনে হচ্ছে আমরা ফাইনাল খেললাম। দ্বিতীয় ইনিংসের প্রথমার্ধে আমাদের ছেলেরা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে, তা সত্যিই দারুণ। ওদের বলেছিলাম, এই ম্যাচটাকে সেমিফাইনালের মতো খেলো। সবাই একসঙ্গে চেষ্টা করো। অবশেষে জিততে পেরে অসাধারণ লাগছে।”

সুপার ওভারে অর্শদীপের হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্য। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করতে বেশি সময় লাগেনি। মাত্র ৫ বল করে ২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন এই পঞ্জাবি বোলার। অধিনায়ক তাই প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁকে। সূর্য বলেন, ‘এর আগেও অর্শদীপ অনেকবার এমন চাপের পরিস্থিতিতে বল করেছে ও দলকে জিতিয়েছে। ওকে আমি বলেছিলাম, নিজের পরিকল্পনায় বিশ্বাস রাখো, অন্য কিছু ভাবো না। ঠিক সেটাই করেছে। শেষ ওভারে ওর হাতে বল তুলে দেওয়ার সময় একটুও দ্বিধা হয়নি। আজকের পারফরম্যান্স ওর আত্মবিশ্বাসেরই প্রতিফলন।’ অন্যদিকে শ্রীলঙ্কার (Sri Lanka) পারফরম্যান্সও নজর কেড়েছে। যদিও তারা ইতিমধ্যেই ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল, তবে ভারতের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করেছে শেষ পর্যন্ত। সূর্যকুমারও প্রতিপক্ষের ইতিবাচক দিকের প্রশংসা করেছেন।

সূর্যকুমার বলেন, ‘আমাদের শুরুটা ছিল দুর্দান্ত। তারপর সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) যেভাবে ব্যাট করেছে, তা প্রশংসনীয়। সঞ্জু সাধারণত ওপেন করে না, কিন্তু মিডল অর্ডারে নেমে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছে। তিলক ভার্মা (Tilak Varma)-র মধ্যেও একই আত্মবিশ্বাস আর দায়িত্ব নেওয়ার মানসিকতা দেখতে পাচ্ছি।’ উল্লেখ্য যে, ভারতীয় শিবির এখন ফাইনালের দিকে নজর রাখলেও সূর্যকুমার জানিয়েছেন, দলকে বিশ্রামের সুযোগ দেওয়া হবে। তাঁর বক্তব্য, ‘ফাইনালের আগে আমরা হয়তো অনুশীলন করব না। দলের কয়েকজনের শরীরে আজ টান ধরেছে। তাই কালকের দিনটা পুরোপুরি বিশ্রামে কাটাব। আজ যেমন সতেজভাবে মাঠে নেমেছিলাম, ঠিক তেমনভাবেই রবিবার ফাইনালে নামতে চাই।’
ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তাও দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তাঁর ভাষায়, ‘আমি চাই প্রত্যেকে নিজেদের পরিকল্পনা পরিষ্কারভাবে মাঠে কাজে লাগাক। কোনও রকম ভয়ের জায়গা নেই। সেটাই সবচেয়ে জরুরি। আশা করি প্রত্যেকে নিজের মতো খেলে দলের জয় নিশ্চিত করেছে। এখন ফাইনালে উঠতে পেরে আমরা গর্বিত।’

সুপার ওভারের এই নাটকীয় জয় শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরই নয়, গোটা এশিয়ার ক্রিকেটভক্তদেরও চমকে দিয়েছে। নিয়মরক্ষার ম্যাচ হয়েও এমন রোমাঞ্চ সৃষ্টি করে দিল যা ফাইনালের মতো উত্তেজনা ছড়িয়ে দিল দর্শকসারিতে। এখন চোখ ফাইনালের দিকে, যেখানে ভারত আত্মবিশ্বাসের সঙ্গই নামতে চলেছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন :

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন