India Asian Games medal winners, Asian Games 2026 medal list | শেষ লড়াইয়ে দুরন্ত উত্থান, ৮৫ পদক নিয়ে এশিয়াডে চতুর্থ ভারত! কারা জিতলেন সোনা-রুপো-ব্রোঞ্জ?

SHARE:

২০২৬ এশিয়ান গেমসে ভারত মোট ৮৫টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছে। ভারতের ঝুলিতে রয়েছে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। তিরন্দাজি, শুটিং, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি, ক্রিকেট, হকি ও কবাডিতে এসেছে একাধিক পদক।

মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শেষ কয়েক দিনের লড়াই বদলে দিল ভারতের এশিয়ান গেমস (Asian Games) অভিযান। প্রতিযোগিতার মাঝামাঝি সময়ে পদক তালিকায় পিছিয়ে থাকলেও শেষ পর্বে একের পর এক সাফল্য এনে দিয়ে ভারত শেষ পর্যন্ত উঠে এল চতুর্থ স্থানে। জাপানে আয়োজিত ২০২৬ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে জমা পড়ল মোট ৮৫টি পদক। তার মধ্যে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকার শীর্ষে চিন (China), দ্বিতীয় স্থানে আয়োজক জাপান (Japan) এবং তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া (South Korea)। ভারতের এবারের ফলাফল গত এশিয়াডের তুলনায় কিছুটা কম হলেও সামগ্রিক বিচারে এটি দেশের দ্বিতীয় সেরা এশিয়ান গেমস অভিযান। আগের প্রতিযোগিতায় ভারত মোট ১০৬টি পদক পেয়েছিল। সেই তালিকায় ছিল ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ। ফলে ২০২৬ সালের ৮৫ পদকের সংখ্যা আগেরবারের চেয়ে কম হলেও একাধিক খেলায় ভারতের ধারাবাহিক সাফল্য নজর কেড়েছে।

এবার ভারত মোট ২০টি খেলায় পদক পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্স (Athletics) থেকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিলিয়ে ভারত পেয়েছে ২৪টি পদক। শুটিং (Shooting) থেকে এসেছে ১৫টি ও তিরন্দাজি (Archery) থেকে ৯টি। বক্সিং (Boxing) ও কুস্তি (Wrestling)-তেও ভারতীয় প্রতিযোগীরা গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন। ক্রিকেট (Cricket), হকি (Hockey) এবং কবাডিতে (Kabaddi) ভারতীয় দল সোনা জিতে অভিযানকে আরও সমৃদ্ধ করেছে। তিরন্দাজিতে ভারত পেয়েছে মোট ৯টি পদক। তার মধ্যে ৫টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। বক্সিংয়ে ৬টি পদকের মধ্যে ৩টি সোনা ও ৩টি ব্রোঞ্জ। শুটিংয়ে ভারতের সংগ্রহ ১৫টি পদক ৩টি সোনা, ৮টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। ক্রিকেট, হকি এবং কবাডি, তিন খেলাতেই ভারতের দখলে এসেছে ২টি করে সোনা।

কুস্তিতে ভারত পেয়েছে ৬টি পদক, যার মধ্যে ২টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। গল্‌ফে এসেছে ১টি সোনা ও ১টি রুপো। স্কোয়াশে ৫টি পদকের মধ্যে ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ। সেলিংয়ে ৩টি পদকের মধ্যে ১টি রুপো এবং ২টি ব্রোঞ্জ রয়েছে। এছাড়াও ব্যাডমিন্টন, কুরাশ, মিক্সড মার্শাল আর্টস, রোয়িং, সেপাকটাক্র, সফ্‌ট টেনিস এবং টেবল টেনিস থেকেও পদক এসেছে। সোনার পদকের তালিকায় শুরুতেই রয়েছে মহিলাদের ক্রিকেট দল। শুটিংয়ের মিক্সড দলগত ১০ মিটার এয়ার পিস্তলে কমলজিৎ ও সুরুচি সিংহ সোনা জেতেন। মহিলাদের কবাডি দল এবং পুরুষদের কবাডি দলও সোনার পদক পেয়েছে। শুটিংয়ের মহিলাদের সিঙ্গল ট্র্যাপে নীরু ঢাঁডা দেশের হয়ে আর একটি সোনা এনে দেন।

আরও পড়ুন : India Women’s Hockey Asian Games Gold |এশিয়ান গেমসে ভারতের মহিলা হকিতে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস দীপিকাদের

অ্যাথলেটিক্সের মহিলাদের ৪ x ৪০০ মিটার রিলেতে কিরণ পাহাল, পুভাম্মা, প্রাচী চৌধুরী ও বিথ্যা রামরাজের দল সোনা জেতে। তিরন্দাজির মহিলাদের দলগত কমপাউন্ডে জ্যোতি সুরেখা, প্রিথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থি সোনার পদক পান। মিক্সড কমপাউন্ডে চিকিথা তানিপার্থি ও সাহিল যাদবও সোনা জেতেন। শুটিংয়ের মিক্সড ট্র্যাপে কিনান চেনাই ও নীরু ঢাঁডা সোনা জেতেন। তিরন্দাজির পুরুষদের দলগত কমপাউন্ডে সাহিল যাদব, গণেশ রতনম এবং কুশল দালাল জয় পান। মহিলাদের দলগত রিকার্ভে অঙ্কিতা ভকত, কুমকুম মোহদ এবং কীর্তি শর্মার দল সোনা জেতে। বক্সিংয়ে লভলীনা বরগোঁহাই ও পরভীন হুডা নিজ নিজ বিভাগে সোনা পান।

কুস্তির ৬৫ কেজি বিভাগে সুজিত কলকল সোনা জেতেন। মহিলাদের হকি দলও সোনার পদক অর্জন করে। তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভে কুমকুম মোহদ দেশের হয়ে আর একটি সোনা যোগ করেন। গল্‌ফের মহিলাদের ব্যক্তিগত বিভাগে প্রণবী উরস সোনা জেতেন। ক্রিকেটের পুরুষদের দলও সোনার পদক পেয়েছে। কুস্তির ৫৭ কেজি বিভাগে অমন সেহরাওয়াত এবং পুরুষদের হকিতে ভারতীয় দলও সোনা জেতে। রুপোর পদকের তালিকাতেও শুটিং ও অ্যাথলেটিক্সের অবদান বড়। মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে এলাভেনিল বালারিবান, সোনম মকরক এবং বিদর্শা বিনোদের দল রুপো পায়। ব্যক্তিগত বিভাগেও এলাভেনিল রুপো জেতেন। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে রুদ্রাংশ পাটিল, পার্থ মানে ও হিমাংশু ঢিলোঁ রুপো পান। ব্যক্তিগত বিভাগে হিমাংশু ঢিলোঁর হাতেও আসে রুপো।

ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে মীরাবাই চানু রুপো জেতেন। উশুর মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগে রোশিবিনা দেবীও রুপো পেয়েছেন। অ্যাথলেটিক্সের মিক্সড ৪ x ৪০০ মিটার রিলেতে মনু থেক্কিনালিল, পুভাম্মা, বিশাল এবং বিথ্যা রামরাজের দল দ্বিতীয় হয়। শুটিংয়ের পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ঐশ্বর্য প্রতাপ সিংহ, রুদ্রাংশ পাটিল ও নীরজ কুমার রুপো পান। অ্যাথলেটিক্সে গুলবীর সিংহ ১০,০০০ মিটার এবং ১৫০০ মিটার, দুই ইভেন্টেই রুপো জেতেন। সাওয়ান বেরওয়াল ম্যারাথনে দ্বিতীয় হন। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে বিদর্শা বিনোদ, আশি চৌকসি ও তিলোত্তমা সেন রুপো পান। শট পাটে তেজিন্দরপাল সিংহ তুর, লং জাম্পে অ্যান্সি সোজান, হাই জাম্পে সর্বেশ কুশারে, ২৫ মিটার পিস্তলে এষা সিংহ, লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর এবং জ্যাভেলিনে যশবীর সিংহ রুপো জেতেন। স্কোয়াশে অভয় সিংহ ও অনাহত সিংহ ব্যক্তিগত বিভাগে রুপো পান। সেলিং, কুস্তি এবং গল্‌ফেও ভারতের ঝুলিতে রুপো এসেছে।

ব্রোঞ্জের তালিকাও যথেষ্ট দীর্ঘ। শুটিংয়ে রুদ্রাংশ পাটিল, পারিনাজ ঢালিওয়াল, রাইজা ঢিলোঁ, মহেশ্বরী চৌহান, অনন্তজিৎ সিং, ভাবতেগ সিং ও আহমেদ খান পদক জেতেন। সফ্‌ট টেনিসে জয় মীনা ব্রোঞ্জ পান। ব্যাডমিন্টনের পুরুষদের দলগত বিভাগে লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, আয়ুষ শেট্টি, কিদম্বি শ্রীকান্ত, হরিহরণ ও অর্জুন পদক জেতেন। রোয়িংয়ে সতনাম সিংহ ও সলমন খান ব্রোঞ্জ পেয়েছেন। টেবল টেনিসের মিক্সড ডাবলসে দিয়া চিতালে ও মানুশ শাহ তৃতীয় হন। অ্যাথলেটিক্সে সীমা কুমারি, মনপ্রীত কৌর, বারানিকা এলানগোভান, প্রাচী চৌধরী, হরিথা ভদ্র, তেজস্বিন শঙ্কর, পারুল চৌধরী, বিথ্যা রামরাজ, রোহিত যাদব এবং গুলবীর সিংহও ব্রোঞ্জের তালিকায় রয়েছেন।

আরও পড়ুন : India Asian Games 2026 | India Four Gold Medals, Asian Games Medal Tally: এশিয়ান গেমসে ভারতের সোনার সকাল, চিনকে হারিয়ে পুরুষদের তিরন্দাজিতেও সোনা

এছাড়া মিক্সড ৪ x ৪০০ মিটার রিলেতে গুরিন্দরবীর সিং, স্নেহা, অনিমেশ কুজুর ও হরিতা ভদ্র ব্রোঞ্জ পান। মহিলাদের হাই জাম্পে পুজা সিং এবং পুরুষদের ৪ x ৪০০ মিটার রিলেতে ধর্মবীর চৌধুরী, মনু, জয় কুমার ও বিশালও তৃতীয় হন। বক্সিংয়ে প্রিয়া ঘাংঘাস, নরেন্দ্র বেরওয়াল এবং কপিল পোখারিয়া ব্রোঞ্জ জেতেন। কুস্তিতে সুনীল কুমার ও দীপক পুনিয়া ব্রোঞ্জ পান। স্কোয়াশে অনাহত সিংহ, জোশনা চিনাপ্পা, তন্বী খন্না ও শামিনা রিয়াজের দল ও অভয় সিংহ, বীর চোতরানি, ভেলাভান সেনথিলকুমার ও সুরজ কুমারের দলও তৃতীয় হয়েছে। সেলিংয়ে হর্ষিতা তোমর, শীতল বর্মা এবং নেত্রা কুমানান ব্রোঞ্জ পান। সেপাকটাক্রের পুরুষদের কোয়াড্রান্টেও ভারত ব্রোঞ্জ পেয়েছে। তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ডে গণেশ রতনম ও ব্যক্তিগত রিকার্ভে নীরজ চৌহান ব্রোঞ্জ পান। কুরাশে পিঙ্কি বালহারা এবং মিক্সড মার্শাল আর্টসে সুচিকা তরিয়ালও পদকজয়ীদের তালিকায় রয়েছেন। স্কোয়াশের পুরুষদের দলগত বিভাগেও ভারত ব্রোঞ্জ পেয়েছে।

এবারের এশিয়ান গেমসে ভারতের পদকজয়ের ছবিতে তাই একাধিক খেলার অবদান রয়েছে। বিশেষ করে অ্যাথলেটিক্স, শুটিং, তিরন্দাজি, বক্সিং ও কুস্তি থেকে ধারাবাহিক পদক এসেছে। দলগত খেলাগুলির মধ্যে ক্রিকেট, হকি এবং কবাডিতে সোনা পাওয়াও ভারতের সামগ্রিক অবস্থান উন্নত করতে বড় ভূমিকা নিয়েছে। শেষ কয়েক দিনে পদকের সংখ্যা দ্রুত বাড়ায় ভারত প্রথম দশের বাইরে চলে যাওয়ার আশঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত চার নম্বরে অভিযান শেষ করেছে। উল্লেখ্য যে, ২০২৬ এশিয়ান গেমস তাই ভারতের কাছে শুধু ৮৫টি পদকের হিসাব নয়, একাধিক খেলায় নতুন মুখ ও পরিচিত তারকাদের মিলিত সাফল্যের একটি বড় অধ্যায়। আগেরবারের ১০৬ পদকের রেকর্ড ছোঁয়া সম্ভব না হলেও ২১টি সোনা-সহ মোট ৮৫টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করা ভারতের ক্রীড়াক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ফলাফল হয়ে থাকল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Asian Games 2026 | India Four Gold Medals, Asian Games Medal Tally: এশিয়ান গেমসে ভারতের সোনার সকাল, চিনকে হারিয়ে পুরুষদের তিরন্দাজিতেও সোনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন