IFFI 2026, Indian Cinema Legends Centenary | শতবর্ষে সাত কিংবদন্তী, আইএফএফআইয়ে ফিরছে পাঁচ কালজয়ী ছবি

SHARE:

৫৭তম আইএফএফআই ২০২৬-এ উত্তমকুমার, শক্তি সামন্ত, ও পি নায়ার, রাজকুমার-সহ সাত কিংবদন্তির জন্মশতবর্ষ উপলক্ষ্যে পাঁচটি পুনরুদ্ধার করা চলচ্চিত্র প্রদর্শন।

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ গোয়া : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ১৯২৬ সাল এক উল্লেখযোগ্য অওর্ব। ওই বছরই জন্মেছিলেন ভারতীয় সিনেমার সাতজন স্মরণীয় ব্যক্তিত্ব, যাঁদের অভিনয়, পরিচালনা ও সুরসৃষ্টির অবদান আজও দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে রয়েছে। বাংলা, হিন্দি, মালয়ালম ও মারাঠি চলচ্চিত্রজগতের এই সাত কৃতী মানুষকে তাঁদের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (IFFI)। উৎসবে চারটি ভাষার পাঁচটি পুরনো ছবির পুনরুদ্ধার করা সংস্করণ প্রদর্শিত হবে। এর মাধ্যমে একদিকে যেমন ফিরে দেখা যাবে ভারতীয় সিনেমার সমৃদ্ধ অতীত, তেমনই নতুন প্রজন্মের দর্শকেরা পরিচিত হওয়ার সুযোগ পাবেন একাধিক কালজয়ী শিল্পী ও তাঁদের সৃষ্টির সঙ্গে। ১৯২৬ সালে জন্ম নেওয়া এই সাত ব্যক্তিত্ব হলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar), হিন্দি ছবির সফল পরিচালক শক্তি সামন্ত (Shakti Samanta), সুরকার ওপি নায়ার (O. P. Nayyar), মারাঠি চলচ্চিত্রের অভিনেতা সূর্যকান্ত মান্ধারে (Suryakant Mandhare), মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রেম নাজির (Prem Nazir), বলিউডের স্বতন্ত্র অভিনয়শৈলীর অধিকারী রাজকুমার (Raaj Kumar) ও সুরকার রবি শঙ্কর শর্মা (Ravi Shankar Sharma), যিনি বম্বে রবি (Bombay Ravi) নামেও পরিচিত। তাঁদের প্রত্যেকের কর্মজীবন আলাদা ধারায় গড়ে উঠলেও ভারতীয় চলচ্চিত্রের বিকাশে প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ।

৫৭তম আইএফএফআই ২০২৬-এ উত্তমকুমার, শক্তি সামন্ত, ও পি নায়ার, রাজকুমার-সহ সাত কিংবদন্তির জন্মশতবর্ষ উপলক্ষ্যে পাঁচটি পুনরুদ্ধার করা চলচ্চিত্র প্রদর্শন।
শক্তি সামন্ত-এর Kashmir Ka Kali ছবির পোস্টারে শাম্মি কাপূর ও শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Looking for Michael, IFFI 2026 | পার্কিনসনের লড়াইয়ে হাসি-গানের সঙ্গ, ইফ্ফিতে স্পেনের ছবির বিশ্ব প্রিমিয়ার

এই জন্মশতবর্ষ উদ্‌যাপনের অন্যতম আকর্ষণ পাঁচটি পুনরুদ্ধার করা চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (National Film Development Corporation) জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের (National Film Heritage Mission) অধীনে ছবিগুলির পুনরুদ্ধারের কাজ করেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই উদ্যোগের মূল লক্ষ্য পুরনো ভারতীয় চলচ্চিত্রকে সংরক্ষণ, ডিজিটাইজ়েশন ও পুনরুদ্ধারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সময়ের সঙ্গে বহু পুরনো ছবির প্রিন্ট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে এ ধরনের উদ্যোগ চলচ্চিত্রের ইতিহাস রক্ষার পাশাপাশি দর্শকদের কাছে হারিয়ে যেতে বসা শিল্পকর্ম ফিরিয়ে আনারও সুযোগ তৈরি করে। উত্তমকুমারের স্মৃতিতে প্রদর্শিত হবে ১৯৬৫ সালের বাংলা ছবি ‘চৌরঙ্গী’। সত্যসুন্দর বোস, যাঁর ডাকনাম সাতাবাবু, সেই চরিত্রে উত্তমকুমারের অভিনয় বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় সংযোজন। তখন তিনি জনপ্রিয়তার শীর্ষে। ১৯৪৮ সালে অভিনয়জীবন শুরু করে পরবর্তী কয়েক দশকে দুই শতাধিক ছবিতে কাজ করেন এই অভিনেতা। ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘নায়ক’, ‘চিড়িয়াখানা’ এবং ‘অমানুষ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বাংলা সিনেমার দর্শকদের কাছে বিশেষ জায়গা তৈরি করেছে। অভিনয়ের ধরনেও তিনি এনেছিলেন নতুনত্ব। মঞ্চনির্ভর অতিনাটকীয়তার বাইরে এসে শহুরে জীবন, প্রেম ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে পর্দায় তুলে ধরেছিলেন নিজের স্বতন্ত্র ভঙ্গিতে।

পরিচালক শক্তি সামন্ত ও সুরকার ও পি নায়ারের সৃষ্টিশীল যুগলবন্দির পরিচয় মিলবে ‘কাশ্মীর কি কলি’ ছবিতে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, রঙিন দৃশ্যপট এবং মনমাতানো গানের জন্য ছবিটি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। শক্তি সামন্ত ১৯৪৮ সালে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ১৯৫৫ সালে ‘বহু’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ। পরবর্তী সময়ে নিজের প্রযোজনা সংস্থা ‘শক্তি ফিল্মস’-এর ব্যানারে ৪৩টি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন তিনি। এর মধ্যে ৩৭টি হিন্দি এবং ছয়টি বাংলা ছবি। ‘হাওড়া ব্রিজ’, ‘চায়না টাউন’, ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’, ‘অমর প্রেম’ ও ‘অনুরাগ’-এর মতো ছবি তাঁর পরিচালনাজীবনের উল্লেখযোগ্য নিদর্শন। অন্যদিকে, ও পি নায়ারের সুরের নিজস্ব ছন্দ হিন্দি চলচ্চিত্রের সঙ্গীতকে আলাদা পরিচিতি দিয়েছিল। ১৯৫২ সালে ‘আসমান’ ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্রজীবন শুরু। পরবর্তী সময়ে ‘আর পার’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘সিআইডি’, ‘নয়া দৌর’ ও ‘হাওড়া ব্রিজ’-এর মতো ছবিতে সুরারোপ করেন তিনি। মহম্মদ রফি (Mohammed Rafi), আশা ভোঁসলে (Asha Bhosle) ও গীতা দত্তের (Geeta Dutt) সঙ্গে তাঁর কাজ বহু জনপ্রিয় গান উপহার দিয়েছে। ছন্দের অভিনব ব্যবহার, ঢোলকের সজীব তাল এবং ঘোড়ার দৌড়ের মতো গতিময় সুর তাঁর সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছিল।

আরও পড়ুন: IIT Kharagpur 75th Anniversary Narendra Modi | আত্মনির্ভর ভারতের প্রযুক্তি বিপ্লবে খড়গপুর আইআইটি হবে চালিকাশক্তি, ৭৫ বছর পূর্তিতে পড়ুয়াদের বড় স্বপ্ন দেখালেন মোদী

মারাঠি চলচ্চিত্রের অভিনেতা সূর্যকান্ত মান্ধারের স্মরণে দেখানো হবে ১৯৬৫ সালের ‘সাধি মানসে’। ছবিতে শঙ্কর নামের এক কামারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরিশ্রমী, আত্মমর্যাদাসম্পন্ন এক সাধারণ মানুষের জীবনসংগ্রাম এই চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে। পরিচালক ভলজি পেন্ধারকর (Bhalji Pendharkar) অল্প বয়সেই সূর্যকান্তের অভিনয়প্রতিভা আবিষ্কার করেছিলেন। শিশুশিল্পী হিসেবে শুরু হওয়া তাঁর কর্মজীবন প্রায় পাঁচ দশক ধরে বিস্তৃত ছিল। শতাধিক মারাঠি ছবিতে তিনি অভিনয় করেছেন। ‘সাংগত্যে ঐকা’, ‘কন্যাদান’, ‘মোহিত্যাঞ্চি মঞ্জুলা’ এবং ‘মলহারি মার্তণ্ড’ তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে। গ্রামীণ জীবন, ইতিহাস ও পৌরাণিক কাহিনির চরিত্রে তাঁর অভিনয় মারাঠি সিনেমাকে সমৃদ্ধ করেছে। ‘সাধি মানসে’ ছবির আর একটি উল্লেখযোগ্য দিক হল, এর সংগীত পরিচালনা করেছিলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ‘আনন্দঘন’ ছদ্মনামে তিনি মারাঠি ছবির সংগীত পরিচালনা করতেন। ছবিতে সূর্যকান্তের বিপরীতে অভিনয় করেছিলেন জয়শ্রী গড়কর (Jayshree Gadkar)।

৫৭তম আইএফএফআইয়ের শতবর্ষ সম্মাননায় জায়গা পেয়েছে যশ চোপড়ার (Yash Chopra) ‘ওয়াক্ত’ ছবিও। এই ছবিতে রাজকুমারের অভিনয় এবং বম্বে রবির সংগীত বিশেষভাবে স্মরণীয়। পর্দায় রাজকুমারের ভারী কণ্ঠস্বর, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি এবং ব্যক্তিত্ব তাঁকে অন্য অভিনেতাদের থেকে আলাদা পরিচিতি দিয়েছিল। ‘রঙ্গিলি’ ছবির মাধ্যমে ১৯৫২ সালে তাঁর অভিনয়জীবন শুরু। ‘নওশেরওয়ান-এ-আদিল’ এবং ‘মাদার ইন্ডিয়া’-র মতো ছবিতে অভিনয়ের পর ‘দিল এক মন্দির’ তাঁকে আরও পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘হীর রাঁঝা’, ‘পাকিজা’ ও ‘তিরঙ্গা’-য় তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। ‘ওয়াক্ত’ ছবিতে রাজা নামের এক চোরের চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে আলোচিত। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রবি শঙ্কর শর্মা, যিনি বম্বে রবি নামে পরিচিত। ১৯৫৫ সালের ‘বচন’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু। ‘চৌদ্দভি কা চাঁদ’, ‘গুমরাহ’, ‘ওয়াক্ত’ এবং ‘হামরাজ়’-এর মতো ছবিতে তাঁর সুর দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। পরবর্তী সময়ে মালয়ালম ছবিতেও সঙ্গীত তিনি পরিচালনা করেন। ‘পরিণয়ম’ ও ‘সুকৃতম’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সংগীত পরিচালকের সম্মান পেয়েছিলেন বম্বে রবি।

আরও পড়ুন : Narendra Modi urges Indian industry to compete globally | বণিকসভায় ঘরোয়া বাজারের গণ্ডি পেরিয়ে বিশ্বজয়ের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এই সাত শিল্পীর জন্মের একশো বছর পূর্তিতে আইএফএফআইয়ের আয়োজন তাই কেবল স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়। পুরনো ছবির পুনরুদ্ধার ও বড় পর্দায় প্রদর্শনের মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রের বহুভাষিক ঐতিহ্যকে নতুন করে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা, হিন্দি, মালয়ালম ও মারাঠি ছবির এই নির্বাচিত সম্ভার দর্শকদের সামনে তুলে ধরবে বিভিন্ন সময়ের অভিনয়রীতি, পরিচালনার ধরন এবং সঙ্গীতের বিবর্তন। বিশেষত যাঁরা উত্তমকুমার, শক্তি সামন্ত, ও পি নায়ার কিংবা রাজকুমারের কাজ বড় পর্দায় দেখার সুযোগ পাননি, তাঁদের কাছে এই উৎসব হয়ে উঠতে পারে এক মূল্যবান অভিজ্ঞতা। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস দেশের নানা প্রান্তে গড়ে ওঠা আঞ্চলিক সিনেমার নিজস্ব শিল্পভাষা, সঙ্গীত, অভিনয় ও জীবনবোধের সম্মিলিত পরিচয়ই এই ইতিহাসকে সমৃদ্ধ করেছে। সাত শিল্পীর জন্মশতবর্ষকে কেন্দ্র করে পাঁচটি ছবির পুনরুদ্ধার সেই বৈচিত্র্যকে আবার দর্শকের সামনে নিয়ে আসছে। সময় পেরিয়ে গেলেও তাঁদের কাজ যে চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনও প্রাসঙ্গিক, ৫৭তম আইএফএফআইয়ের এই বিশেষ আয়োজন তারই পরিচয় বহন করছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Uttam Kumar Film Centre New Town | উত্তমকুমারের নামে নিউ টাউনে ফিল্ম সেন্টার, বরাদ্দ ২৫ কোটি! থাকছে ৭০০ আসনের হল থেকে VFX-অ্যানিমেশন কেন্দ্র

Sasraya News
Author: Sasraya News