জয়ী বিশ্বাস ★ সাশ্রয় নিউজ : ডিমের (Egg) রান্না ঘরে ঘরে নানাভাবে হয়ে থাকে। কখনও ডিম ভুনা, কখনও ডিমের ঝাল, ঝোল, আবার কখনও ডিম কষা। তবে আজকের রেসিপি ‘ডিম দই কারি’ (Egg Curd Curry)। শুনতে যতটা নতুন লাগছে, খেতেও ঠিক ততটাই লোভনীয়। পাঞ্জাবি ঘরানার এই ধরনের পদে দই (Curd) ব্যবহার করা হয় মূল স্বাদ ও ঘনত্ব আনার জন্য। রোজকার ডিম কারির থেকে একদম আলাদা এই পদ, যা সহজ উপকরণেই ঘরোয়া খাবারে আনবে নতুন টুইস্ট।
প্রথমেই দেখে নেওয়া যাক কী কী লাগবে এই ‘ডিম দই কারি’ বানাতে। লাগবে ৬টি সেদ্ধ ডিম, ২ কাপ দই, ২ কাপ পেঁয়াজ কুচি, ১টি বড় টম্যাটো (Tomato) কুচি, ২ চামচ আদা-রসুন বাটা (Ginger-Garlic Paste), ২টি মাঝারি আলু (Potato) টুকরো করা, ১ চামচ জিরে গুঁড়ো (Cumin Powder), ১ চামচ ধনেগুঁড়ো (Coriander Powder), ১ চামচ হলুদগুঁড়ো (Turmeric Powder), ১ চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো (Kashmiri Chilli Powder), থেঁতো করা গরমমশলা (Whole Garam Masala), ২ চামচ ধনেপাতা কুচি (Coriander Leaves), নুন (Salt) স্বাদমতো এবং তেল (Oil) প্রয়োজনমতো।
এবার রান্নার পদ্ধতি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ঠাণ্ডা হলে খোসা ছাড়ান। এবার প্রতিটি ডিম মাঝ বরাবর সামান্য কেটে নিন যাতে মশলা ভেতরেও ঢুকে যায়। কড়াইতে তেল গরম করে ডিমগুলো হালকা করে ভেজে নিন। এতে রংও আসবে এবং ঝোলের সঙ্গে মিশে যাবে না। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালি বাদামি হলে তুলে রাখতে হবে আলাদা পাত্রে। এরপর কড়াইতে থাকা তেলেই থেঁতো করা গরমমশলা দিয়ে দিন। গরমমশলার সুঘ্রাণ বেরলেই একে একে হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, আদা-রসুন বাটা আর নুন দিয়ে ভাল করে কষতে হবে। এই মশলা কষানোই হবে স্বাদ আনার মূল ধাপ। কিছুক্ষণ কষানোর পর আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে নিন। মশলা ভালভাবে মিশে গেলে অল্প জল দিয়ে কড়াই ঢেকে দিন এবং গ্যাস কমিয়ে রান্না হতে দিন।
এদিকে, ভেজে রাখা পেঁয়াজ কুচি, টম্যাটো কুচি ও দই একসঙ্গে মিক্সারে ভালভাবে পেস্ট করে নিন। যখন আলু ৭০-৮০ শতাংশ সেদ্ধ হয়ে যাবে, তখন এই মশলার মিশ্রণ কড়াইতে দিয়ে দিন। আঁচ মাঝারি রেখে ভাল করে নেড়ে নিন যাতে দই ফেটে না যায়। মিশ্রণ ফুটে উঠলে ও তেল ছেড়ে দিতে শুরু করলে, ভাজা ডিমগুলো অর্ধেক করে কেটে একটি সার্ভিং বাটিতে সাজান। ওপর থেকে এই দই-মশলার ঝোল ঢেলে দিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ‘ডিম দই কারি’ ভাতের (Rice) সঙ্গে খেতে দারুণ লাগে। চাইলে রুটি, পরোটা বা নান-সঙ্গেও পরিবেশন করতে পারেন। বিশেষত যারা ঘন, মসৃণ, টক-ঝাল স্বাদের ডিম কারি পছন্দ করেন, তাদের জন্য এই পদ হবে আদর্শ। দইয়ের টক, মশলার ঝাঁঝ আর ডিমের নরম ভাব তিনের মেলবন্ধনেই তৈরি হবে এই অসাধারণ পদ। সহজ উপকরণে অল্প সময়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই ডিম দই কারি বানিয়ে পরিবারের সবার মন জয় করুন।এটি শুধু দুপুরের খাবার নয়, রাতের খাবারেও উপযুক্ত। যে কোনও অতিথি এলে এই রেসিপি দিয়েই রাখতে পারেন লাঞ্চ বা ডিনারের আয়োজন। একঘেয়ে ডিমের ঝোলের বদলে এই পদ চেখে দেখলে আপনারাও বুঝতে পারবেন, কেন উত্তর ভারতের বহু জায়গায় এই ধরনের দই-ডিমের কারি এত জনপ্রিয়।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Mutton recipe | রসুনেই বাজিমাত, পেঁয়াজ ছাড়াই জমজমাট ‘রসুনে রসালা’ খাসির মাংস




