প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : গোয়ায় ‘দৃশ্যম ৩’ (Drishyam 3)-এর ট্রেলার লঞ্চ। মঞ্চে অজয় দেবগন (Ajay Devgn) ও তাবু (Tabu)। সামনে ছবির নতুন রহস্য, বিজয় সালগাঁওকরের (Vijay Salgaonkar) জীবনে ফের বিপদ এবং তদন্তে নতুন পুলিশ আধিকারিকের প্রবেশ। কিন্তু অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হল অন্য বিষয় নিয়ে। অজয়-তাবুর খুনসুটি, হাসি আর স্বচ্ছন্দ বন্ধুত্ব দেখে অনুরাগীদের মন্তব্য ‘Chemistry is chemistring!’
দীর্ঘদিনের বন্ধুত্ব অজয় ও তাবুর। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তাঁরা। ফলে ক্যামেরার সামনে তাঁদের স্বাভাবিক আচরণে আলাদা একটা স্বচ্ছন্দতা দেখা যায়। ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার লঞ্চেও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠান থেকে প্রকাশ্যে আসা ছবি ও ভিডিয়োয় দু’জনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা গিয়েছে।।একটি পাপারাৎজি ভিডিয়োয় অজয়কে শ্রিয়া শরণ (Shriya Saran) -এর সঙ্গে ছবি তুলতে দেখা যায়। সেই সময় পাশে দাঁড়িয়ে মজার অঙ্গভঙ্গি করছিলেন তাবু। পরে অজয় ও তাবু পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরে পোজ দেন। মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের নানা মন্তব্য শুরু হয়।
এক অনুরাগী লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় তাবুর এখনও অজয় দেবগনের জন্য একটা সফট কর্নার রয়েছে। ওঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই আলাদা লাগে। একসঙ্গে থাকলে তাঁদের মধ্যে একটা অন্য রকম ভাইব দেখা যায়।’ অবশ্য এই ধরনের মন্তব্যকে ঘিরে কোনও নতুন সম্পর্কের দাবি করেননি কেউ। অজয় ও তাবুর দীর্ঘদিনের বন্ধুত্বই তাঁদের মঞ্চের মুহূর্তকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি, তাঁদের একসঙ্গে কাজের দীর্ঘ ইতিহাসও ফের সামনে এসেছে।
১৯৯৪ সালের ‘বিজয়পথ’ (Vijaypath) দিয়ে অজয় ও তাবুর একসঙ্গে কাজের শুরু। এরপর ‘হকিকত’ (Haqeeqat), ‘তক্ষক’ (Thakshak), ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’ (Golmaal Again), ‘দে দে পেয়ার দে’ (De De Pyaar De), ‘দৃশ্যম ২’, ‘ভোলা’ (Bholaa) ও ‘অরোঁ মে কহাঁ দম থা’ (Auron Mein Kahan Dum Tha)-তে তাঁদের দেখা গিয়েছে। ‘দৃশ্যম ৩’ মুক্তি পেলে এই তালিকায় যোগ হবে তাঁদের নবম ছবি। তাঁদের জুটির সবচেয়ে আলোচিত অধ্যায় অবশ্যই ‘দৃশ্যম’। অজয়ের বিজয় সালগাঁওকর এবং তাবুর আইজি মীরা দেশমুখ (IG Meera Deshmukh) চরিত্রের সংঘাতই এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম বড় আকর্ষণ। বিজয় নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া, আর মীরা সত্যের নাগাল পেতে তদন্ত চালিয়ে যান। প্রথম দুই ছবিতে এই বুদ্ধির লড়াই দর্শকদের ধরে রেখেছিল।
তৃতীয় পর্বে ফের সেই সংঘাতের আবহ তৈরি হয়েছে। ট্রেলার অনুযায়ী, বিজয় যেভাবে অতীতের ঘটনা চাপা দিয়ে নিজের পরিবারকে নিরাপদ রেখেছিলেন, সেই পরিকল্পনা এবার নতুন চ্যালেঞ্জের মুখে। পুরনো রহস্য আবার খতিয়ে দেখা হচ্ছে। আর তদন্তের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)। জয়দীপকে এক পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্র পুরনো মামলার গভীরে পৌঁছতে চাইছে। ফলে বিজয়ের এতদিনের তৈরি করা নিরাপত্তার বলয় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রেলারেও ইঙ্গিত রয়েছে, অতীতের চাপা পড়ে থাকা কোনও তথ্য হয়তো এবার সামনে আসতে পারে।
তাবু আবার মীরা দেশমুখের চরিত্রে ফিরছেন। তাঁর সঙ্গে রয়েছেন শ্রিয়া শরণ ও রজত কাপুর (Rajat Kapoor)। নতুন মুখ হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন প্রকাশ রাজ (Prakash Raj)। তদন্তের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে গল্পেও নতুন সংঘাত তৈরি হতে পারে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক (Abhishek Pathak)। অভিনয়ে রয়েছেন কমলেশ সাওয়ন্ত (Kamlesh Sawant), ইশিতা দত্ত (Ishita Dutta) এবং মৃণাল যাদব (Mrunal Jadhav)-ও। পুরনো চরিত্রগুলির সঙ্গে নতুন পুলিশ আধিকারিকের যোগ হওয়ায় তৃতীয় কিস্তির গল্প কোন দিকে মোড় নেয়, সেটিই এখন বড় প্রশ্ন। বিজয় কী আবারও নিজের পরিবারকে বাঁচাতে পারবেন? এতদিন যে রহস্য তিনি আড়াল করে রেখেছেন, তা কি শেষ পর্যন্ত পুলিশের হাতে পৌঁছবে? মীরা কী এবার তদন্তের শেষ প্রান্তে পৌঁছবেন? ট্রেলার কোনও প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি। বরং রহস্য আরDrও বাড়িয়েছে।
এর মধ্যেই অজয় ও তাবুর মঞ্চের খুনসুটি ছবির প্রচারে আলাদা মাত্রা যোগ করেছে। পর্দায় তাঁদের চরিত্র দু’টি পরস্পরের বিরুদ্ধে দাঁড়ালেও বাস্তবে দু’জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারেই অন্য রকম। সেই পার্থক্যই ট্রেলার লঞ্চের মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলেছে। উল্লেখ্য, ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২৬। দশেরার আগে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। ফলে উৎসবের মরসুমে বক্স অফিসে বড় দর্শকসংখ্যা পাওয়ার সুযোগও রয়েছে। তবে তার আগে অজয়-তাবুর জুটি ও বিজয়-মীরার নতুন সংঘাত, দুই কারণেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। একদিকে পুরনো রহস্যের নতুন পর্ব, অন্যদিকে অজয়-তাবুর বহু বছরের বন্ধুত্বের উষ্ণতা ‘দৃশ্যম ৩’ তাই মুক্তির আগেই দুই ভিন্ন কারণে আলোচনায়। এখন দেখার, প্রেক্ষাগৃহে বিজয় সালগাঁওকর ফের পুলিশের চোখে ধুলো দিতে পারেন কি না।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে



