তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : দক্ষিণী সুপারস্টার ধনুষ (Dhanush) ফের প্রেমে পড়েছেন, ফিল্মি পাড়ার সর্বশেষ গুঞ্জন বলছে তেমনটাই। অভিনেত্রী ও পরিচালক ঐশ্বর্যা রজনীকান্ত (Aishwaryaa Rajinikanth)-এর সঙ্গে তাঁর দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকেই ধনুষের ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে চর্চায়। নতুন করে সেই আগুনে ঘি ঢেলেছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। সম্প্রতি একাধিক ঘটনার সূত্র ধরে শোনা যাচ্ছে, ধনুষ আর ম্রুণাল এখন সম্পর্কের গভীরে। শুধু বন্ধুত্ব নয়, তাঁদের মাঝে গড়ে উঠেছে আরও গভীর কিছু, এমনটাই মনে করছেন অনেকেই।

ঘনিষ্ঠতার সূত্রপাত কোথায়? গত সপ্তাহে মুম্বইয়ে হয়েছিল ম্রুণাল ঠাকুরের জমকালো জন্মদিনের আয়োজন। সেই তারকা খচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনুষ। উপস্থিত প্রত্যেকেই লক্ষ করেন, পার্টি জুড়ে ধনুষ ছিলেন ম্রুণালের ছায়াসঙ্গী। শুধু তাই নয়, বেশ কিছু সময় তাঁরা একে অপরের হাত ধরে ছিলেন, এমনকী ঘনিষ্ঠ মুহূর্তে একসঙ্গে ছবিও তোলা হয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়া।

এখানেই থেমে থাকেনি এই জল্পনা। সম্প্রতি মুক্তি পাওয়া ম্রুণালের ছবি ‘সন অফ সারদার’ (Son of Sardaar)-এর প্রিমিয়ারে ধরা পড়েন ধনুষ। দক্ষিণী অভিনেতা মুম্বইয়ে এসে যে অনুষ্ঠানে হাজির থাকবেন, তা আগে থেকে কেউ আঁচ করতে পারেননি। অনেকেই অবাক হয়ে যান, যখন তাঁকে উপস্থিত দেখা যায় লাল গালিচায়। এমনকী প্রিমিয়ারের পর একসঙ্গে গাড়ি করে অনুষ্ঠান ছাড়েন ধনুষ ও ম্রুণাল। বলি টাউনে এর পর থেকেই ঘুরছে একটাই প্রশ্ন, “তবে কি এবার সত্যিই নতুন সম্পর্কে ধনুষ?”
আরও পড়ুন : Vijay-Rashmika : ‘সব কিছুতে ও-ই!’ প্রকাশ্যে বিজয়-রশ্মিকা, বিয়ের গুঞ্জন ফের তুঙ্গে
এক ঘনিষ্ঠ সূত্র বলছে, “ওরা একে অপরকে বেশ কিছু মাস ধরে চেনেন। প্রথমে বন্ধুত্ব ছিল, পরে সেটাই আরও গভীর হয়। ধনুষ এখন ম্রুণালকে নিয়ে সত্যিই সিরিয়াস। এমনকী ম্রুণালও ওর সঙ্গে সময় কাটাতে খুবই স্বচ্ছন্দ বোধ করে।” যদিও ধনুষ বা ম্রুণাল, কেউই এখনও এই সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি।
ধনুষ ও ঐশ্বর্যা রজনীকান্তের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। দুই সন্তানের বাবা ধনুষ (Dhanush) বলিউড এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয়। ‘রাঞ্ঝনা’ (Raanjhanaa), ‘আসুরন’ (Asuran), ‘থিরুচিত্রম্বলম’ (Thiruchitrambalam)-এর মতো ছবি তাঁর ক্যারিয়ারে রয়েছে। ২০২২ সালে তাঁরা বিবাহিত জীবন থেকে বিচ্ছেদ ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া যৌথ বিবৃতিতে লিখেছিলেন, “বন্ধু হিসেবে আমরা আলাদা হচ্ছি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন।” বিচ্ছেদের পর ধনুষ কিছুটা সময় নিজেকে কাজে ব্যস্ত রেখেছিলেন। তবে ফিল্মি দুনিয়ায় কান পাতলে মাঝেমধ্যেই শোনা গেছে তাঁর নতুন কোনও সম্পর্কের গুঞ্জন। যদিও এর আগে এমন কোনও খবর দৃঢ়ভাবে সামনে আসেনি।

অন্যদিকে, মহারাষ্ট্রের কন্যা ম্রুণাল অভিনয় জগতে পা রাখেন টেলিভিশন দিয়ে। পরে ‘সুপার ৩০’, ‘সীতা রমন’, ‘লাভ সোনিয়া’, ‘জার্সি’-র মতো বলিউড ও দক্ষিণী ছবিতে নিজেকে প্রমাণ করেন তিনি। তাঁর অভিনয়ে যেমন সৌন্দর্য, তেমনই রয়েছে গভীরতা।ধনুষের সঙ্গে তাঁর সাম্প্রতিক ঘনিষ্ঠতা দেখে বলি মহলে অনেকে মনে করছেন, এই সম্পর্ক শুধু গুঞ্জন নয়, সত্যিই কিছু একটা বিশেষ চলছে তাঁদের মধ্যে। বলিউডের মতোই, এখানে শেষ কথা কেউই বলেন না। যতক্ষণ না প্রকাশ্যে আসে সম্পর্কের স্বীকৃতি, ততক্ষণ পর্যন্ত গুজব আর চর্চাই চলবে দর্শক ও অনুরাগীদের মধ্যে। কিন্তু প্রশ্ন একটাই, কবে ধনুষ নিজে মুখ খুলবেন?
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Bhattacharjee, Ramayan Movie | রণবীরের ‘রামায়ণ’ হাতছাড়া, কী কারণে শেষ মুহূর্তে বাদ পড়লেন বঙ্গতনয়া প্রিয়াঙ্কা ভট্টাচার্য?




