তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : মুম্বইয়ের রঙিন জগতে এখন একটাই নাম ‘রামায়ণ’। পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)-এর বহু প্রতীক্ষিত এই প্রজেক্ট ইতিমধ্যেই টিজার মুক্তির সঙ্গে সঙ্গে তৈরি করেছে নজিরবিহীন উন্মাদনা। একে তো রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর রাম চরিত্রে নতুন অবতার, তাতে আবার ‘কেজিএফ’ তারকা যশ (Yash) রাবণের ভূমিকায়, সাই পল্লবী (Sai Pallavi), বিজয় সেতুপতি (Vijay Sethupathi), লারা দত্ত (Lara Dutta), কাজল আগরওয়াল (Kajal Aggarwal) ও রাকুলপ্রীত সিং (Rakul Preet Singh)-এর মতো তারকাদের উপস্থিতি সব মিলিয়ে এই প্যান ইন্ডিয়া ছবির বাজেট ও প্রত্যাশা, দুই-ই পৌঁছেছে শিখরে।

কিন্তু এই ছবিতে আরেক চমক হতে পারত যদি ‘উর্মিলা’র চরিত্রে থাকতেন টলিপাড়ার এক পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয়ের পর মুম্বইমুখী হওয়া এই বঙ্গকন্যা শেষ মুহূর্তে একটি সুযোগ হারালেন, যেটা হয়ত তাঁর কেরিয়ারে বড় বাঁক আনতে পারত। প্রিয়াঙ্কা বলেন,
“ঘটনাটা প্রায় দেড় বছর আগের। আমি তখন সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছিলাম। ঠিক সেই সময়েই মুকেশ ছাবড়া (Mukesh Chhabra) কাস্টিং কোম্পানি থেকে ‘উর্মিলা’র (সীতার ছোট বোন) চরিত্রে অফার আসে। কিন্তু বিদেশে থাকার কারণে অডিশন দেওয়া সম্ভব হয়নি। তখনও জানতাম না ছবির কাস্টিং এত বড় মাপের হতে চলেছে। এখন মনে হয়, সিঙ্গাপুর না গেলেই ভালো হত।” তিনি আরও বলেন,
“যতই চেষ্টাই করি না কেন, বাইরে থেকে প্রপার অডিশন দেওয়া যায় না। ভাল সেটআপ থাকে না, ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে না। আমার পক্ষে তখন সব কিছু সামলানো সম্ভব ছিল না। তখন বুঝতেও পারিনি কত বড় সুযোগ ছিল এটা।” প্রিয়াঙ্কার কথাতেই স্পষ্ট, সুযোগের দরজা খুললেও সময় ও পরিস্থিতির চাপে তা বন্ধ হয়ে গেছে ঠিকই। তবে হতাশা নেই তাঁর গলায়। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সবটাই ভাগ্যের উপর নির্ভর করে। কাজটা হয়নি বলে আফসোস আছে ঠিকই, তবে ভবিষ্যতে আরও ভাল কিছু হবে এই বিশ্বাসও আছে।”

উল্লেখ্য, ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম ও দ্বিতীয় পর্ব মুক্তি পাবে যথাক্রমে ২০২৬ ও ২০২৭ সালের দিওয়ালিতে। টিজার ইতিমধ্যেই দেশের ন’টি শহরে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, মুম্বই, দিল্লি ও হায়দরাবাদ। কলকাতার একটি মাল্টিপ্লেক্সেও এই টিজার দেখানো হয়, যেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। সকলের নজর এখন এই মহাকাব্যিক ছবির দিকেই। ‘উর্মিলা’র চরিত্রটি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না হলেও, এই চরিত্রটি ‘রামায়ণ’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীতার বোন হিসেবে তাঁর উপস্থিতি রাম-সীতার সম্পর্ক ও লক্ষণের ত্যাগের আখ্যানকে আরও আবেগপূর্ণ করে তোলে। এমন একটি চরিত্রে প্রিয়াঙ্কার সুযোগ পাওয়ার অর্থই ছিল বড় মঞ্চে পা রাখা। যদিও তা বাস্তবায়িত হয়নি, কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর নাম যে ইতিমধ্যেই আলোচনায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা বর্তমানে বিভিন্ন মুম্বই-ভিত্তিক প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী দিনে তাঁকে বড়পর্দায় দেখতে পাওয়া যেতেই পারে, এমন আশা রাখছেন তাঁর অনুরাগীরা। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সময় ও সুযোগের সঠিক সমন্বয় না হলে কখনও কখনও স্বপ্ন পূরণ অসম্পূর্ণই থেকে যায়। তবে ভাগ্যকে মেনে নিয়েও এগিয়ে চলার নামই জীবন, সেটা যেন আরও একবার প্রমাণ করলেন বঙ্গকন্যা প্রিয়াঙ্কা।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone Walk of Fame | দীপিকার হলিউড জয়, ‘ওয়াক অফ ফেম’-এ নাম উঠল অভিনেত্রীর



