Vijay-Rashmika : ‘সব কিছুতে ও-ই!’ প্রকাশ্যে বিজয়-রশ্মিকা, বিয়ের গুঞ্জন ফের তুঙ্গে

SHARE:

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : বছরের পর বছর ধরে গুঞ্জন চলেছে তাঁদের ঘিরে। দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। যদিও কেউই সম্পর্কের কথা মুখ ফুটে স্বীকার করেননি, তবে আচরণ আর শরীরী ভাষাই যেন অনেক সময় বলে দেয় গোপন সত্য। আর সেই ইঙ্গিত ফের একবার মিলল মঙ্গলবার রাতে। তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করলেন আলোকচিত্রীরা।ঘটনা চর্চার কেন্দ্রে উঠে এল আরও ক’য়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনের কথা, যেখানে নিজের আসন্ন ছবি ‘কুবারা’-র (Kubera) প্রচারে ব্যস্ত ছিলেন রশ্মিকা। সেখানে হঠাৎ এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, বিজয় দেবেরাকোন্ডা তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ? রশ্মিকা তখন কিছুটা লাজুক হেসে বলেন, “ও-ই তো আমার সব কিছু!” (He is my everything!) এই স্বীকারোক্তির পর মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরা, যাঁরাও এই বক্তব্যে বেশ অবাক, আবার খুশিও। রশ্মিকার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই দক্ষিণী ও বলিউড দুই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তবে কী এবার চার হাত এক হতে চলেছে? বিশেষ করে, তাঁরা যে কেবল ‘ভাল বন্ধু’ এই পুরনো ব্যাখ্যা যেন এবার আর গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন অনুরাগীরা।

বিজয় দেব্রাকোন্ডা ও রশ্মিকা মন্দনা। ছবি : সংগৃহীত

সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতেই ধরা পড়ে আরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়েন বিজয় ও রশ্মিকা, এক গাড়িতে, একসঙ্গে। সাদা রঙের একটি বিলাসবহুল গাড়িতে সটান উঠে পড়েন তাঁরা, মুখে কালো মাস্ক, চোখে সানগ্লাস। ছবি তুলতে গেলে কোনও কথাও বলেননি কেউ-ই। তবে তাঁদের হাবভাবে ছিল এক ধরনের তাড়াহুড়ো ও অস্বস্তি। যেন এই মূহূর্তটি আর চাউর না হয়। অথচ ততক্ষণে তাঁদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখানেই শেষ নয়। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁরা নাকি বিমানবন্দর থেকে একসঙ্গে সরাসরি বাড়ি ফিরেছেন। এখন প্রশ্ন উঠছে, তাঁরা কি কোথাও একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন এবং ফিরলেন? নাকি কেউ একজন আরেকজনকে নিতে গিয়েছিলেন? যদিও এই বিষয়ে কারও তরফে কোনও বিবৃতি আসেনি।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা। ছবি : সংগৃহীত

অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ (Geetha Govindam) ছবির সময় থেকেই দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে বহুবার। বিভিন্ন অনুষ্ঠান, প্রোমোশনে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে মুখর ছিল মিডিয়া। মাঝেমধ্যেই তাঁদের একই রেস্তোরাঁ বা একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবিও ভাইরাল হয়। তবে এতদিন পর্যন্ত তাঁরা সবসময় নিজেদের ‘সার্কল’-এর বন্ধু বলেই দাবি করতেন। রশ্মিকার কিন্তু ‘ও-ই আমার সব’ এই মন্তব্য যেন বরফ গলা শুরু করল বলে মনে করছেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন ঘনিষ্ঠ নির্মাতা, “ওরা বহুদিন ধরেই সিরিয়াস। হয়ত আরও এক-দু’মাসের মধ্যেই আনুষ্ঠানিক কিছু ঘোষণা হবে। এমনও হতে পারে, হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দেবে।”

বিজয় ও রশ্মিকা। ছবি : সংগৃহীত

এই মুহূর্তে বিজয় দেবেরাকোন্ডা ব্যস্ত তাঁর আসন্ন অ্যাকশন-থ্রিলার ছবি নিয়ে, অন্যদিকে রশ্মিকার ‘কুবারা’ ও আরও একাধিক বলিউড প্রজেক্ট রয়েছে হাতে। কাজের ব্যস্ততার মধ্যেই তাঁরা একসঙ্গে সময় কাটানোর সময় পান, তাতেই বোঝা যায় সম্পর্কের গুরুত্ব কতটা গভীর। তবে সবশেষে, বিজয়-রশ্মিকা যুগল প্রকাশ্যে না এলেও, তাঁদের এই সাম্প্রতিক একসঙ্গে ‘ঘরে ফেরা’ মুহূর্তই যেন স্পষ্ট করে দিচ্ছে আর খুব বেশিদিন ‘গোপন সম্পর্ক’ থাকবে না। আর ভক্তরা অপেক্ষায়, কবে তাঁরা নিজেরাই বলবেন, “হ্যাঁ, আমরা একসঙ্গে।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Radhika Apte | বার বার সাহসী চরিত্রে রাধিকা আপ্টে: নগ্নতা নয়, শিল্পই প্রধান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment