Dallas Indian student shot dead | ডালাসে গুলি করে খুন হায়দরাবাদের ছাত্র চন্দ্রশেখরকে, শোকস্তব্ধ পরিবার 

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ হায়দরাবাদ : ডালাস (Dallas) শহর ফের রক্তাক্ত। আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া হায়দরাবাদের (Hyderabad) ছাত্র চন্দ্রশেখর পোল (Chandrashekhar Pol) দুষ্কৃতীর গুলিতে খুন হয়েছেন। বছর আঠাশের চন্দ্রশেখর ক’য়েক বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পড়াশোনার জন্য। সম্প্রতি তাঁর মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ হয়েছিল। স্বপ্ন ছিল স্থায়ী কাজ পাওয়ার, কিন্তু সেই চেষ্টার মধ্যেই জীবনের সমাপ্তি ঘটল নির্মমভাবে। শুক্রবার রাতে ডেন্টনে একটি গ্যাস স্টেশনে পার্ট-টাইম কাজ করার সময় তাঁকে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বলে উল্লেখ।

চন্দ্রশেখরের এই অকালমৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। তাঁরা ইতিমধ্যেই ভারতের সরকারের কাছে আবেদন জানিয়েছেন ছেলের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য। খবর পেয়ে শনিবার তাঁদের সঙ্গে দেখা করতে যান তেলঙ্গানার (Telangana) প্রাক্তন মন্ত্রী ও বিআরএস বিধায়ক টি হরিশ রাও (T Harish Rao)। তাঁর সঙ্গে ছিলেন আর এক বিধায়ক সুধীর রেড্ডি (Sudhir Reddy)। শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে হরিশ রাও জানান, চন্দ্রশেখর হায়দরাবাদে ব্যাচেলরস ইন ডেন্টাল সার্জারি (BDS) পড়াশোনা শেষ করেছিলেন। এরপরই উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। তিনি বলেন, “এমন মেধাবী ছেলের মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো সমাজের ক্ষতি। আমরা সরকারের কাছে আবেদন জানাব, যেন দ্রুত তাঁর দেহ দেশে ফিরিয়ে আনা হয়।”

চন্দ্রশেখরের বন্ধু ও পরিচিতজনরা জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন। ২০২৩ সালে তিনি আমেরিকায় যান ও দ্রুতই পড়াশোনা সম্পূর্ণ করেন। কিন্তু স্থায়ী চাকরি এখনও পাননি বলে গ্যাস স্টেশনে পার্ট-টাইম কাজ করছিলেন। ঘটনার দিনও তিনি রাতের শিফটে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই দোকানে ঢুকে একজন ব্যক্তি চন্দ্রশেখরকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।এই ঘটনা আমেরিকায় বসবাসকারী ভারতীয় ছাত্রসমাজের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। তাঁদের প্রশ্ন, পড়াশোনা করতে গিয়ে, নিজের স্বপ্ন পূরণের পথে এতটা অনিশ্চয়তা কেন? অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “ডালাসে ভারতীয়দের টার্গেট করা এখন নতুন ট্র্যাজেডি হয়ে উঠছে।”

কারণ, এক মাসের মধ্যেই ডালাসে এটি দ্বিতীয় ভারতীয় হত্যাকাণ্ড। গত মাসেই একই শহরে এক মোটেলের ম্যানেজার চন্দ্র নাগামাল্লাইয়াকে (Chandra Nagamallaya) নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বছর পঞ্চাশ বয়সী কর্নাটকের (Karnataka) ওই ব্যক্তিকে শিরশ্ছেদ করে খুন করে তাঁরই সহকর্মী কোবোস মার্টিনেজ (Cobos Martinez)। ঘটনার সময় মোটেলে উপস্থিত ছিলেন চন্দ্র নাগামাল্লাইয়ার স্ত্রী ও সন্তানও। তাঁরা প্রাণ বাঁচাতে চিৎকার করে এগিয়ে আসলেও দুষ্কৃতী তাঁদের ঠেলে সরিয়ে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করে। এই দুই ঘটনায় ভারতীয় কমিউনিটির মধ্যে শঙ্কা চরমে পৌঁছেছে। হায়দরাবাদের স্থানীয়রা জানাচ্ছেন, চন্দ্রশেখরের মতো হাজার হাজার ছাত্র প্রতিবছর আমেরিকায় যান পড়াশোনার উদ্দেশ্যে। তাঁদের পরিবারের আশা থাকে, পড়াশোনা শেষে স্থায়ীভাবে গড়ে তুলবেন নিরাপদ ক্যারিয়ার। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি তাঁদের আতঙ্কিত করছে।

চন্দ্রশেখরের প্রতিবেশীরা বলেছেন, “ছেলেটি খুব ভদ্র, শান্ত স্বভাবের ছিল। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিক।” অন্যদিকে, মার্কিন পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রবাসী ভারতীয় সংগঠনগুলিও যুক্তরাষ্ট্রে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, ভারতীয় ছাত্ররা দেশের গর্ব। কিন্তু বারবার তাঁদের উপর আক্রমণ হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। ভারতীয় দূতাবাস থেকেও এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। এই মুহূর্তে, পরিবার ও পরিচিতজনদের একটাই দাবি, চন্দ্রশেখরের দেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। আর তাঁর মৃত্যুর প্রকৃত বিচার হোক। কিন্তু সেইসঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে, আমেরিকায় ভারতীয় ছাত্ররা আদৌ কতটা নিরাপদ?

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special, 5th October 2025, Issue 82 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল, ৫ অক্টোবর ২০২৫। সংখ্যা ৮২

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন