পুলিশী নিগ্রহের প্রতিবাদ পথে সিপি আই (এম)
সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : শুক্রবার নন্দকুমারে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সিপিআই (এম)-এর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। বিডিও অফিসে স্মারকলিপি দিতে যাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। সিপি আই (এম)-এর অভিযোগ, কর্মীসমর্থকদের মারধর করে পুলিশ। এনং দলীয় কার্যালয় থেকে বের করে নিয়ে এসে হেনস্থা করা হয় সিপিআই(এম)-এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে। তার প্রতিবাদেই শনিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সিপিএম। ঘটনা সম্পর্কে নিরঞ্জন সিহি ক্ষোভ প্রকাশ করেন, তাঁর কথায় ”এটা গোটা বাংলার কাছে বর্বরোচিত ঘটনা। লজ্জাজনক। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। বিডিও-রও একই ভূমিকা। তার ফলেই এ ধরনের ঘটনা। আবাসে দুর্নীতি হচ্ছে। প্রতিবাদ করায় মারধর করা হল, লাঠিপেটা করা হল। অথচ পুলিশ বলছে ওদের নাকি মারা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।” আজ শনিবার পুলিশী নিগ্রহের অভিযোগে পথে নামেন জেলা সিপিআই (এম)। অন্য দিকে ওই দিন, বিক্ষোভকারীরা পুলিশকে মারধর করেছে বলে পাল্টা অভিযোগ পুলিশ সূত্রে। গোটা ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী জখম হন বলে পুলিশ জানায়। ওই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ব্যক্তিগত জামিনে নিরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়েক-সহ ৮ জনকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়।



