Border 2 advance booking collection | মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, রণবীরের ধুরন্ধরকে ছাপিয়ে গেল সানির বর্ডার ২, অগ্রিম বুকিংয়েই কোটি টাকার রেকর্ড

SHARE:

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে দেশাত্মবোধক ছবির ইতিহাসে ‘বর্ডার’ (Border) বিশে নাম। ১৯৯৭ সালের ১৩ জুন মুক্তিপ্রাপ্ত জেপি দত্ত (JP Dutta) পরিচালিত এই ছবি শুধু দর্শকের হৃদয়ে নয়, বক্স অফিসেও ইতিহাস গড়েছিল। প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করে সেই সময়ের অন্যতম সফল ছবির তকমা পেয়েছিল ‘বর্ডার’। প্রায় তিন দশক পর সেই আবেগ, সেই যুদ্ধের গল্প ফের ফিরছে বড় পর্দায় ‘বর্ডার ২’ (Border 2) নিয়ে। আর মুক্তির আগেই এই ছবি যে নতুন নজির গড়তে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট অগ্রিম বুকিংয়ের অঙ্কেই।

চলতি বছরের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল (Sunny Deol) অভিনীত ‘বর্ডার ২’। তার আগেই সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বিক্রি। মাত্র দু’দিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে প্রায় ১ লক্ষ টিকিট। সিনেমা ব্যবসার পরিভাষায় যা নিঃসন্দেহে বড় সাফল্য। এই অগ্রিম বুকিং থেকেই ছবির ঝুলিতে এসেছে প্রায় ৩ কোটি ৭ লক্ষ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, এখনও অগ্রিম বুকিংয়ের বেশ কয়েক দিন বাকি। অর্থাৎ এই অঙ্ক আরও বাড়বে বলেই মত সিনে বিশেষজ্ঞদের। এই সাফল্যের তুলনায় কিছুটা হলেও চাপের মুখে পড়েছে আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ‘ধুরন্ধর’ (Dhurandhar)। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিটি রণবীর কাপুর (Ranbir Kapoor) -এর অভিনয়ের কারণে শুরু থেকেই আলোচনায় ছিল। মুক্তির প্রথম দিনে অগ্রিম বুকিং থেকে ‘ধুরন্ধর’ আয় করেছিল প্রায় ২ কোটি ৮ লক্ষ টাকা। গোটা দেশে প্রথম দিনের মোট ব্যবসা ছিল প্রায় ২৮ কোটি টাকা। ছবিটি এখনও জানুয়ারির তৃতীয় সপ্তাহে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং একাধিক রেকর্ডও গড়েছে। তবু অগ্রিম বুকিংয়ের নিরিখে ‘বর্ডার ২’ যে অনেকটাই এগিয়ে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : Meena Kumari biopic actress | মীনাকুমারীর বায়োপিক নিয়ে চূড়ান্ত জল্পনা, তৃপ্তি ডিমড়ি কি ছিনিয়ে নেবেন মুখ্য চরিত্রের সুযোগ?

সিনেমা বিশ্লেষকদের একাংশের অনুমান, ‘বর্ডার ২’ প্রথম দিনেই প্রায় ৭ লক্ষ টিকিট বিক্রি করতে পারে। সেই হিসাব ধরলে মুক্তির দিনেই ছবির আয় ছুঁতে পারে প্রায় ৪০ কোটি টাকা। যদি তা সত্যি হয়, তা হলে ২০২৬ সালের শুরুতেই বক্স অফিসে অন্যতম বৃহৎ ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নেবে সানি দেওলের এই ছবি। দেশাত্মবোধক ছবির ক্ষেত্রে দর্শকের আবেগ যে এখনও কতটা শক্তিশালী, এই পরিসংখ্যান তারই প্রমাণ। প্রসঙ্গত, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ‘বর্ডার’। লঙ্গেওয়ালা (Longewala) যুদ্ধের প্রেক্ষাপটে ভারতীয় সেনার বীরত্ব, আত্মত্যাগ এবং দেশপ্রেমকে তুলে ধরা হয়েছিল সেই ছবিতে। নতুন ছবির ক্ষেত্রেও সেই আবহ বজায় রাখা হয়েছে বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, ‘বর্ডার ২’ -এর গল্পের পটভূমিও রাজস্থানের সীমান্তবর্তী লঙ্গেওয়ালা অঞ্চল। ভারত-পাকিস্তানের সম্মুখসমর, আধুনিক যুদ্ধকৌশল এবং সেনাদের ব্যক্তিগত আবেগ ছবিটিকে আরও বৃহৎ ক্যানভাসে তুলে ধরা হয়েছে।

এই ছবিটি সানি দেওলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি তাঁর বাবা তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র -এর (Dharmendra) প্রয়াণের পর প্রথম মুক্তিপ্রাপ্ত কাজ। তাই আবেগের দিক থেকেও ‘বর্ডার ২’ অভিনেতার কেরিয়ারে আলাদা গুরুত্ব পাচ্ছে। ঘনিষ্ঠ মহলের মতে, বাবার স্মৃতিকে সঙ্গী করেই সানি এই ছবিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আর সেই আবেগই হয়ত দর্শকের সঙ্গে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করছে। বাণিজ্যিক দিক থেকে দেখলে, ‘বর্ডার ২’ -এর সাফল্য দেশাত্মবোধক ঘরানার ছবির বাজারি গ্রহণযোগ্যতার বড় প্রমাণ। দীর্ঘদিন ধরে রোম্যান্টিক, থ্রিলার বা প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবির দাপটে এই ঘরানার ছবি কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে ‘বর্ডার ২’ -এর অগ্রিম বুকিংয়ের সাড়া বলছে, সঠিক আবেগ আর পরিচিত গল্প থাকলে দর্শক এখনও প্রেক্ষাগৃহে ফিরতে প্রস্তুত। কিন্তু, মুক্তির আগেই ‘বর্ডার ২’ যে রণবীর কাপুরের ‘ধুরন্ধর’-কে একাধিক ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে, তা স্পষ্ট। এখন দেখার, মুক্তির পর এই গতি কতটা ধরে রাখতে পারে সানি দেওলের বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি। বক্স অফিসের লড়াইয়ে শেষ হাসি কার মুখে ওঠে, তার উত্তর দেবে সময়ই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Dandiya Mahotsav 2025: A Festive Footsteps and Folk Rhythms Delhi’s Dandiya Nights Shine Bright

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন