সাশ্রয় নিউজ ডেস্ক ★ পাটনা : বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বুধবার প্রকাশিত এই তালিকায় রয়েছে মোট ১২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম। সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। মঙ্গলবার বিকেলেই পাটনায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মফুল শিবিরে যোগ দেন। আর যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপি তাঁকে প্রার্থী ঘোষণা করে দিল।

মৈথিলীকে প্রার্থী করা হয়েছে দ্বারভাঙা জেলার আলিনগর (Alinagar) বিধানসভা কেন্দ্র থেকে। এ আসন থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে মঙ্গলবার থেকেই জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। বিজেপির এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত মৈথিলী বলেন, “আমার জন্মভূমির মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। বিজেপির নেতৃত্বে উন্নয়ন ও সংস্কৃতির প্রচারে আমি নিজের সর্বোচ্চটা দেব।” প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে আলিনগর আসন থেকে জয়ী হয়েছিলেন বিকাশশীল ইনসান পার্টি (VIP) -এর নেতা মিস্রীলাল যাদব (Misri Lal Yadav)। পরে তিনি দলত্যাগ করে ২০২২ সালে বিজেপিতে যোগ দেন। ফলে আসনটি কার্যত বিজেপির নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু গত সপ্তাহেই হঠাৎ দল ছাড়েন মিস্রীলাল। অভিযোগ তোলেন, বিজেপি দলিত সম্প্রদায়ের নেতাদের ‘অপমান’ করছে। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আত্মমর্যাদার সঙ্গে রাজনীতি করতে চাই। তাই এই দল ছাড়ার সিদ্ধান্ত।” তাঁর এই দল ত্যাগের পরই বিজেপির নতুন মুখ হিসেবে সামনে আসে মৈথিলী ঠাকুরের নাম।
গত সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai) এবং বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে (Vinod Tawde)-এর সঙ্গে দেখা করেছিলেন মৈথিলী। সেই বৈঠকের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সূত্রের খবর, সেই সাক্ষাৎকারেই আলিনগর থেকে প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়। বিনোদ তাওড়ে এক্স-এ পোস্ট করে লিখেছিলেন, “মৈথিলী ঠাকুরের মতো তরুণ সাংস্কৃতিক মুখ বিজেপিতে আসায় বিহার আরও শক্তিশালী হল।” উল্লেখ্য, বিজেপির দ্বিতীয় তালিকায় মৈথিলীর পাশাপাশি আরও একাধিক আলোচিত নাম রয়েছে। বক্সার (Buxar) বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্র (Anand Mishra)। সম্প্রতি তিনি প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জনসুরাজ পার্টি (Jan Suraaj Party) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর প্রার্থিতাকেও বিজেপির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, মুজফ্ফরপুর (Muzaffarpur) থেকে প্রার্থী করা হয়েছে রঞ্জন কুমারকে (Ranjan Kumar)। তিনি বিদায়ী বিধায়ক সুরেশ শর্মার (Suresh Sharma) জায়গায় প্রার্থী হচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দ্বিতীয় তালিকা প্রকাশের মধ্য দিয়ে বিজেপি এবার প্রার্থীপদে নতুন মুখদের জায়গা দিচ্ছে, বিশেষত তরুণ ও সাংস্কৃতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিত্বদের। মৈথিলীর মতো জনমুখী শিল্পীর উপস্থিতি বিজেপির প্রচারে নতুন মাত্রা আনবে বলে মনে করা হচ্ছে। দ্বারভাঙা ও মৈথিলাঞ্চলের সংস্কৃতি, সংগীত এবং আঞ্চলিক পরিচয়ের সঙ্গে মৈথিলী ঠাকুরের জনপ্রিয়তা বিজেপির ভোটব্যাঙ্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।বুধবার পর্যন্ত বিহারে মোট ৮৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার প্রথম তালিকায় ছিল ৭১ জন প্রার্থীর নাম, আর বুধবার যুক্ত হলো আরও ১২টি আসন। এবারের নির্বাচনে মোট ১০১টি আসনে লড়াই করছে বিজেপি। সূত্রের মতে, অবশিষ্ট ১৮ আসনের প্রার্থী তালিকাও দ্রুত প্রকাশ করা হবে।বিহারে এবার বিজেপি-জেডিইউ (JDU) জোট ভেঙে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে পদ্মশিবির। অন্যদিকে, আরজেডি (RJD), কংগ্রেস এবং বাম দলগুলি মহাগঠবন্ধন হিসেবে লড়াইয়ে নেমেছে। ফলে মৈথিলী ঠাকুরের মতো জনপ্রীয় সাংস্কৃতিক মুখকে প্রার্থী করে বিজেপি এবার আবেগ ও সাংস্কৃতিক পরিচয়কেও ভোট রাজনীতিতে ব্যবহার করতে চাইছে।
মৈথিলী ঠাকুর সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয় এক মুখ। ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাঁর লক্ষাধিক অনুসারী। লোকসংগীত, ভজন ও আঞ্চলিক গানের মাধ্যমে তিনি শুধু বিহার নয়, সমগ্র উত্তর ভারতের মানুষের মন জয় করেছেন। তাঁর প্রার্থিতা ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, “এবার আলিনগরের সুরে সুর মিলবে বিজেপির স্লোগানের সঙ্গে।” অন্যদিকে, রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি এবার শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, আবেগ ও সংস্কৃতির ভাষাতেও ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। আর সেই প্রেক্ষিতেই মৈথিলী ঠাকুরের প্রার্থিতা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
ছবি : প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : BJP candidate list Bihar 2025 | বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ: সম্রাট থেকে বাদ স্পিকার নন্দকিশোর



