নির্মল দত্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : বুধবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর (Berhampore) থেকে কাটোয়া (Katwa) গামী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই বাসটি বহরমপুর থেকে ছাড়ার কিছু সময় পরেই কলাবাগান (Kalabagan) এলাকায় পৌঁছতেই আচমকা টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তার ধারে নয়নজুলিতে (Roadside Ditch) পড়ে যায়। হঠাৎ এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা।
বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা তীব্র ঝাঁকুনি দিয়ে বাসটি বাঁদিকে হেলে পড়ে যায়। তারা আরও জানান, ড্রাইভার কোনওভাবে বাসের নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ধারে গভীর নয়নজুলিতে পড়ে যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করেন যাত্রীরা। অনেকে জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন। চারদিকে শুরু হয় আতঙ্ক।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Murshidabad Medical College and Hospital) অ্যাম্বুল্যান্স পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে বলে সূত্রের খবর। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়, তবে বেশ ক’য়েকজনের হাড় ভাঙা ও মাথায় চোট লেগেছে। দুর্ঘটনার পরপরই বাসের যাত্রীরা তীব্র ভয়ের মধ্যে দিয়ে যান। এক যাত্রী বলেন, “আমরা সকলে কাটোয়া যাচ্ছিলাম। হঠাৎ করে বাসটা প্রচণ্ড কেঁপে ওঠে। তারপর আর কিছু বোঝার আগেই আমরা উল্টে গিয়ে নয়নজুলিতে পড়ে যাই। মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল। আমরা প্রাণে বাঁচব কি না, সেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।” অন্য এক যাত্রী জানান, “দুর্ঘটনার পর আমরা কেউ জানালা দিয়ে, কেউ দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করি। স্থানীয় মানুষজন না এলে হয়ত আরও বড় বিপদ ঘটত। তারাই আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সাহায্য করেছেন।” ঘটনাস্থলে বিশৃঙ্খলার মাঝে স্থানীয় গ্রামবাসীর মানবিক উদ্যোগ প্রশংসনীয় হয়ে ওঠে। তারা নিজেরাই আহতদের উদ্ধার করেন বলে উল্লেখ।
জেলা পুলিশ সূত্রে খবর, “এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আমরা যাত্রীদের বক্তব্য সংগ্রহ করছি। পাশাপাশি বাসটিকে পরীক্ষা করা হচ্ছে।” ঘটনার জেরে এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। তবে দ্রুত প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হওয়ায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি সূত্রের।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Berhampore rain | মুর্শিদাবাদে রাতভর মুষলধারে বৃষ্টি, জলমগ্ন বহরমপুরে উপড়ে পড়ল গাছ




