শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউডে ফের বড় বাজেটের দেশাত্মবোধক ছবির ঝাঁক। তারই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সলমন খান (Salman Khan) অভিনীত আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’ (Battle of Galwan)। ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কারণ, এক দিকে সলমনের সাম্প্রতিক বক্স অফিস ব্যর্থতা, অন্য দিকে, বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই ছবির বিষয়বস্তু দু’দিক থেকেই প্রত্যাশার চাপ অনেকটাই বেশি।
২০২৫ সালে সলমন খানের ‘সিকন্দর’ (Sikandar) মুক্তি পেলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। সেই ধাক্কা কাটিয়ে ফের বড় কামব্যাকের লক্ষ্যেই ‘ব্যাটল অফ গলওয়ান’ -এ নিজেকে উজাড় করে দিয়েছেন ভাইজান। শুধু অভিনয় নয়, এই ছবির জন্য তিনি শারীরিক বদলও ঘটিয়েছেন। নিয়মিত কঠোর শরীরচর্চা, ডায়েট এবং চরিত্রের প্রয়োজনে নিজেকে আলাদা ভাবে প্রস্তুত করেছেন অভিনেতা। বলিউড সূত্রে খবর, এই পরিশ্রমের মূল্যও মিলছে মোটা অঙ্কে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, সাধারণত সলমন খান একটি ছবির জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে ‘ব্যাটল অফ গলওয়ান’-এর ক্ষেত্রে তাঁর পারিশ্রমিক ঠিক হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির বিষয় ও চরিত্রের গুরুত্ব বিচার করেই এই অঙ্কে সম্মত হয়েছেন সলমন। যদিও প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই ছবির আর একটি বড় চমক গোবিন্দা (Govinda)। দীর্ঘদিন পর সলমনের সঙ্গে তাঁকে একই ছবিতে দেখা যাবে। বাস্তব জীবনে সলমন ও গোবিন্দার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। দু’জনের অনুরাগীরাও বহু দিন ধরে তাঁদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন। সাধারণত গোবিন্দ ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। কিন্তু এই ছবিতে তাঁর চরিত্রের গুরুত্ব বেশি হওয়ায় পারিশ্রমিকও বেড়েছে। শোনা যাচ্ছে, ‘ব্যাটল অফ গলওয়ান’-এ অভিনয়ের জন্য গোবিন্দ পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা।
নারী মুখ্য চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিংহ (Chitrangada Singh)। সলমন খানের সঙ্গে তিনি প্রথম কাজ করছেন। ছবিতে তাঁর চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে। সাধারণত চিত্রাঙ্গদা একটি ছবির জন্য প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি টাকায়। বলিউড মহলের মতে, সলমনের বিপরীতে প্রথম কাজ এবং বড় বাজেটের দেশাত্মবোধক ছবি হওয়ায় এই পারিশ্রমিক বৃদ্ধি।এ ছাড়াও ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন অঙ্কুর ভাটিয়া (Ankur Bhatia)। ‘হসিনা’, ‘জঞ্জীর’ ও ‘এ সুটেবল বয়’ -এর (A Suitable Boy) মতো প্রজেক্টে অভিনয় করে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। ‘ব্যাটল অফ গলওয়ান’-এ তাঁর চরিত্রও গল্পের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা যাচ্ছে। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, এই ছবির জন্য অঙ্কুর পাচ্ছেন আনুমানিক ১.৫ কোটি টাকা পারিশ্রমিক।
‘সিকন্দর’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অভিলাষ চৌধুরী (Abhilash Chaudhary)। সেই ছবিতে সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার পর ‘ব্যাটল অফ গলওয়ান’-এও তাঁকে রাখা হয়েছে। তুলনায় ছোট হলেও চরিত্রটি নাকি গল্পের প্রয়োজনে গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, এই ছবির জন্য অভিলাষ পাচ্ছেন প্রায় ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক।
আরও একটি নতুন মুখ হীরা সোহাল (Heera Sohal)। ইয়ো ইয়ো হানি সিংহ -এর (Yo Yo Honey Singh) জনপ্রিয় গান ‘মিলিয়নিয়ার’ (Millionaire) মিউজ়িক ভিডিও-তে তাঁকে দেখা গিয়েছিল। সেই জনপ্রিয়তার পর এই ছবিতে সুযোগ পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ‘ব্যাটল অফ গলওয়ান’-এ অভিনয়ের জন্য হীরা পাচ্ছেন প্রায় ১ কোটি টাকা। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কারও পারিশ্রমিক নিয়েই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ‘ব্যাটল অফ গলওয়ান’ শুধু বিষয়বস্তু বা তারকাসমাবেশ নয়, পারিশ্রমিকের অঙ্কের দিক থেকেও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির। সলমন খানের অনুরাগীদের আশা, এই ছবি দিয়েই বক্স অফিসে ফের নিজের দাপট দেখাবেন ভাইজান।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Salman Khan IPL Team | আইপিএল দল কেনা নিয়ে মুখ খুললেন সালমান খান




