Arshdeep Singh controversy IPL, BCCI rules girlfriend IPL | টিমবাসে বান্ধবী নিয়ে বিতর্কে অর্শদীপ, বিসিসিআই নিয়ম ভাঙায় শাস্তির দাবি

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ, লখনউ/কলকাতা: আইপিএল মরশুমের উত্তেজনার মধ্যেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন পাঞ্জাব কিংস -এর পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (Board of Control for Cricket in India) -এর নির্দিষ্ট নির্দেশ অমান্য করে তিনি তাঁর বান্ধবী তথা অভিনেত্রী-নেটপ্রভাবী সামরীন কৌরকে (Samreen Kaur) দলের টিমবাসে তুলে হোটেলে নিয়ে গিয়েছেন। ঘটনাটি সামনে আসতেই ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়েছে, পাশাপাশি উঠছে শাস্তিমূলক পদক্ষেপের দাবি।

আরও পড়ুন : Virat Kohli Chota Chiku fan, Kohli | মাঠে ‘ছোটা চিকু’ দেখে থমকে গেলেন বিরাট! রোহিতকে ডেকে নিজের শৈশব দেখালেন কোহলি, উচ্ছ্বসিত আট বছরের গর্বিত

আরও পড়ুন : Rohit Sharma Fitness | নতুন রূপে রোহিত শর্মা ফিটনেসে ফের হিটম্যান, সমালোচকদের জবাব দিলেন স্টাইলেই

ঘটনার সূত্রপাত লখনউ বিমানবন্দর থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পাঞ্জাব দল শহরে পৌঁছয়। সেই সময় অর্শদীপের সঙ্গে সমরীনকে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ‘দলের বাকি সদস্যদের সঙ্গে একই টিমবাসে ওঠেন সমরীন এবং সরাসরি হোটেলের উদ্দেশে রওনা দেন।’ এই দৃশ্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক আরও বেড়ে যায়। সমালোচকদের বক্তব্য, বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, ক্রিকেটারদের সঙ্গে তাঁদের বান্ধবী বা প্রেমিকাদের থাকার অনুমতি নেই। কেবলমাত্র স্ত্রী বা পরিবারের নির্দিষ্ট সদস্যদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে অর্শদীপের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। এক ক্রিকেট অনুরাগীর কথায়, ‘বোর্ডের নিয়ম যদি থাকে, তা হলে তা সকলের জন্যই সমান হওয়া উচিত। একজন ভাঙলে অন্যরাও একই কাজ করতে পারেন।’ কিন্তু, এই প্রথম নয়, এর আগেও একাধিক কারণে বিতর্কে জড়িয়েছেন অর্শদীপ। কখনও সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করা, কখনও সহখেলোয়াড় তিলক বর্মাকে (Tilak Varma) ঘিরে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ, আবার কখনও দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে চলে যাওয়ার প্রসঙ্গ, এসব মিলিয়ে তাঁর নাম বারবার আলোচনায় এসেছে। যদিও এই অভিযোগগুলির অনেক ক্ষেত্রেই আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি।

বিশেষ করে সাম্প্রতিক একটি অভিযোগ ঘিরে আরও উদ্বেগ তৈরি হয়েছে। দাবি করা হয়েছে, দলের কিছু গোপন তথ্য অর্শদীপ তাঁর বান্ধবীকে জানিয়েছেন এবং সেখান থেকে তা বাইরে ছড়িয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। তবুও বোর্ডের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। শুধু অর্শদীপই নন, আইপিএলের একাধিক ক্রিকেটার যেমন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), ঈশান কিশান (Ishan Kishan), যশস্বী জয়সওয়ালদের (Yashasvi Jaiswal) সঙ্গেও তাঁদের ব্যক্তিগত সম্পর্কের মানুষদের নিয়মিত দেখা যাচ্ছে। এতে দলের শৃঙ্খলা, অনুশীলনের পরিবেশ এবং সাজঘরের আবহে প্রভাব পড়ছে বলে মনে করছে বোর্ডের একাংশ।

এক কর্তার কথায়, ‘এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। দেখা যাচ্ছে, কোনও কোনও ক্রিকেটার ব্যক্তিগত কারণে দলের সময়সূচিও প্রভাবিত করছেন।’ তাঁর দাবি, টিমবাস অপেক্ষা করানো বা একই হোটেলে থাকা, এই ধরনের ঘটনাও নজরে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই-এর তরফে সম্প্রতি একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া (Devajit Saikia) সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে পেশাদারিত্ব বজায় রাখার উপর জোর দিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে একাধিক নিয়ম উল্লেখ করা হয়েছে, যা ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।নির্দেশিকায় বলা হয়েছে, ‘টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া কোনও বাইরের ব্যক্তি ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের হোটেল রুমে ঢুকতে পারবেন না।’ একই সঙ্গে জানানো হয়েছে, অতিথিদের সঙ্গে দেখা করার জন্য হোটেলের লবি বা নির্দিষ্ট জায়গা ব্যবহার করতে হবে। নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সম্ভাব্য আইনি সমস্যার কথা মাথায় রেখেই এই নিয়ম করা হয়েছে।

এ ছাড়াও ক্রিকেটারদের ব্যক্তিগত চলাফেরার উপরও নজরদারি বাড়ানো হয়েছে। বাইরে গেলে আগে থেকে টিম ম্যানেজারকে জানাতে হবে এবং নিরাপত্তা আধিকারিকদের অবগত করতে হবে। এমনকি ম্যাচ চলাকালীন ডাগআউট বা সাজঘরে দল মালিকদের সরাসরি যোগাযোগের উপরও নিয়ন্ত্রণ আনা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, ই-সিগারেট বা ভ্যাপিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে মাঠ, ডাগআউট, সাজঘর এবং টিম হোটেলে। ভারতে এই বিষয়ে আইনি বিধিনিষেধ থাকায় নিয়ম ভাঙলে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপও হতে পারে। বোর্ড নির্দেশ দিয়েছে, প্রতিটি দলকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়মগুলি নিয়ে বাধ্যতামূলক বৈঠক করতে হবে এবং ক্রিকেটার ও স্টাফদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নিতে হবে। নিয়ম ভাঙলে শো-কজ নোটিস, বড় অঙ্কের জরিমানা, এমনকী প্রতিযোগিতা থেকে বহিষ্কার, এই সব পদক্ষেপ নেওয়া হতে পারে। উল্লেখ্য, বর্তমানে অর্শদীপের এই ঘটনা নিয়ে বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তিনিও এখনও নীরব। তবে যে ভাবে বিষয়টি সামনে এসেছে, তাতে আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আগামী দিনে বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ishan Kishan girlfriend Aditi Hundia | বিশ্বজয়ের উল্লাসে ভারতীয় দলের পাশে ‘রহস্যময়ী নারী’! সূর্য, ঈশানদের সঙ্গে মাঠে দেখা যেতেই চর্চা, শেষমেশ সামনে এল পরিচয়

Sasraya News
Author: Sasraya News