সুজয়নীল দাশগুপ্ত ★ কলকাতা : বিশ্ব ফুটবলের মঞ্চে আবারও নজর কাড়তে প্রস্তুত আর্জেন্টিনা (Argentina)। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল এবার নামছে আরও বড় প্রত্যাশা, চাপ এবং ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। লিয়োনেল মেসি (Lionel Messi) -এর নেতৃত্বে লিয়োনেল স্কালোনি (Lionel Scaloni) -এর দল লক্ষ্য রেখেছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দিকে। তবে এই যাত্রা মোটেই সহজ নয়, দলের শক্তি যেমন প্রবল, তেমনই কিছু জায়গায় উদ্বেগও রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ফুটবল মহলে আলোচনা শুরু হয়েছে। গতবার কাতারে শিরোপা জয়ের আগে আর্জেন্টিনার উপর তেমন চাপ ছিল না। তুলনায় অনভিজ্ঞ দল নিয়েই চমক দেখিয়েছিলেন স্কালোনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্বচ্যাম্পিয়নের তকমা মাথায় নিয়ে মাঠে নামা মানেই প্রতিটি ম্যাচে অতিরিক্ত চাপ। প্রতিপক্ষও নামবে অন্য পরিকল্পনা নিয়ে। সেই কারণেই সম্ভবত স্কোয়াড নির্বাচন করতে সময় নিয়েছেন স্কালোনি। একেবারে শেষ মুহূর্তে ২৬ জনের দল ঘোষণা করে তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রতিটি জায়গায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে।
এই দলে যেমন রয়েছেন অভিজ্ঞ ফুটবলাররা, তেমনই সুযোগ পেয়েছেন নতুন মুখও। মাঝমাঠে এঞ্জো ফের্নান্দেজ় (Enzo Fernandez), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister), লিয়োনার্দো পারেদেস (Leandro Paredes) ও রদ্রিগো ডি পল (Rodrigo De Paul)-এর মতো পরিচিত নাম রয়েছে। তাঁদের সঙ্গে জিয়োভানি লো সেলসো (Giovani Lo Celso) এবং ভ্যালেন্টিন বার্কো (Valentin Barco) -এর মতো তরুণ ফুটবলারদের অন্তর্ভুক্তি দলের কৌশলগত বৈচিত্র্য বাড়িয়েছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ছক বদলানোর সুযোগ থাকবে কোচের হাতে। গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez) আবারও দলের অন্যতম প্রধান ভরসা। গত বিশ্বকাপে টাইব্রেকারে তাঁর পারফরম্যান্স আর্জেন্টিনাকে ট্রফি এনে দিয়েছিল। চাপের মুখে তাঁর ঠান্ডা মাথার খেলা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগায়।
আক্রমণভাগে মেসির উপস্থিতি নিঃসন্দেহে সবচেয়ে বড় শক্তি। এখনও গোল করার ক্ষমতায় তিনি সবার থেকে আলাদা। কঠিন পরিস্থিতিতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রয়েছে তাঁর। পাশাপাশি ইউলিয়ান আলভারেজ় (Julian Alvarez) এবং লাউতারো মার্তিনেজ় (Lautaro Martinez)-এর মতো স্ট্রাইকাররা আছেন, যারা নিয়মিত গোল করার ক্ষমতা রাখেন। ফলে আর্জেন্টিনার আক্রমণভাগ যথেষ্ট ধারাল বলেই মনে করা হচ্ছে। কিন্তু, দলের সবচেয়ে বড় নির্ভরতার জায়গাটিই আবার চিন্তার কারণ। ৩৯ বছর বয়সে বিশ্বকাপে খেলতে নামছেন মেসি। এই বয়সে টানা ম্যাচের ধকল সামলানো কঠিন। অনেক সময় সতীর্থরা অতিরিক্তভাবে তাঁর উপর নির্ভর করে ফেলেন, যা দলের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। মেসি খেলতে না পারলে বা প্রতিপক্ষ তাঁকে আটকে দিলে সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা।
রক্ষণভাগেও কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নিকোলাস ওটামেন্ডি (Nicolas Otamendi)-র অভিজ্ঞতা থাকলেও বয়সের প্রভাব পড়েছে তাঁর গতিতে। ফলে লিসান্দ্রো মার্তিনেজকে (Lisandro Martinez) বাড়তি দায়িত্ব নিতে হবে। ক্রিশ্চিয়ান রোমেরো (Cristian Romero), নাহুয়েল মোলিনা (Nahuel Molina), গঞ্জালো মন্টিয়েল (Gonzalo Montiel)-দের উপরও চাপ বাড়বে। রক্ষণে এই পরিবর্তনের সময়টা দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আবার নতুন প্রজন্মের ফুটবলারদের উপস্থিতি আর্জেন্টিনার ভবিষ্যতের দিক থেকেও গুরুত্বপূর্ণ। নিকোলাস পাজ় (Nicolas Paz), থিয়াগো আলমাডা (Thiago Almada), জিউলিয়ানো সিমিয়োনেদের (Giuliano Simeone) মতো তরুণরা সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে চাইবেন। ঠিক যেমন গত বিশ্বকাপে নতুন মুখেরা উঠে এসেছিলেন।
আর্জেন্টিনার বড় শক্তি তাদের অভিজ্ঞতা। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা থাকায় চাপের মুহূর্তে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, তা দলের অধিকাংশ ফুটবলারই জানেন। পাশাপাশি উত্তর আমেরিকার আবহাওয়ার সঙ্গে অনেক খেলোয়াড়ের পরিচিতি থাকায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। উদ্বেগের জায়গাও কম নয়। ক্লাব ফুটবলে দীর্ঘ মরসুম খেলার পর বিশ্বকাপে নামতে হচ্ছে ফুটবলারদের। ফলে শারীরিক ক্লান্তি বড় ভূমিকা নিতে পারে। তার উপর রয়েছে চোটের আশঙ্কা। গুরুত্বপূর্ণ কোনও ফুটবলার চোট পেলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে। সবচেয়ে বড় বিষয়, প্রত্যাশার চাপ। বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনার দিকে তাকিয়ে থাকবে কোটি কোটি সমর্থক। প্রতিটি ম্যাচেই জয়ের চাপ থাকবে। এই চাপ সামলে মাঠে নামাই হবে স্কালোনির দলের বড় পরীক্ষা। সব দিক বিচার করলে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা একদিকে যেমন শক্তিশালী দল, তেমনই কিছু সূক্ষ্ম দুর্বলতাও রয়েছে। মেসির উপর নির্ভরতা, রক্ষণভাগের পরিবর্তন এবং শারীরিক ধকল, এই তিনটি বিষয়ই নির্ধারণ করতে পারে তাদের বিশ্বকাপ যাত্রার সাফল্য বা ব্যর্থতা। তবে ফুটবলপ্রেমীদের কাছে একটাই বড় প্রশ্ন, মেসির জাদু কি আবারও বিশ্বমঞ্চে ইতিহাস লিখবে?
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Lionel Messi Hopeful About Bright Future of Indian Football | ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: লিওনেল মেসি




