সাগরদীঘি বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন, আর ক’য়েক ঘন্টার অপেক্ষা
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি, মুর্শিদাবাদ : সাগরদীঘি বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন, আর ক’য়েক ঘন্টার অপেক্ষা। হ্যাঁ, রাত শেষ হলেই শুরু হয়ে যাবে সাগরদীঘি কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনের দিকে পাখির চোখে তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলি।
নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির ভেতর চাপান-উতর শুরু হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপ-নির্বাচন সংক্রান্ত নির্ঘন্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-বামফ্রন্ট জোট, বিজেপি সহ মোট ৯ টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
১১ টি গ্রামপঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত সাগরদীঘি বিধানসভা ক্ষেত্র-এর প্রায় আড়াই লক্ষ ভোটার আগামীকাল ভোট দানের মধ্যে দিয়ে তাঁদের কেন্দ্র থেকে বিধানসভার জনপ্রতিনিধি বেছে নেবেন। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রতিটি বুথে ভোটকর্মী ও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী পৌঁছে গিয়েছেন। এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে নিরাপত্তা বেষ্ঠনীতে ঘিরে রেখেছেন।
বিশেষভাবে উল্লেখ্য, সাগরদীঘি বিধানসভা ক্ষেত্রে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৪৬ টি। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৫০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রই স্পর্শকাতর। নিরাপত্তায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটারদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র ও ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ২০০ মিটারের ভেতর মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন নজরদারি চালাবে বলে উল্লেখ।
ভোট কর্মীরা আজ সাগরদীঘি কলেজ থেকে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের ইভিএম মেশিন ও নির্বাচন সংক্রান্ত জিনিসপত্র নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যান।
রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মত যে, সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের মোট আড়াই লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩০ হাজার ভোটার রাজ্যের বাইরে আছেন। তাঁদের ভেতর একটি বড় অংশই পরিযায়ী শ্রমিক। এই ৩০ হাজার পরিযায়ী শ্রমিকদের ভেতর অধিকাংশ শ্রমিকই নিজের ভোটদান করতে বাড়ি ফেরেননি। তাঁদের ভোট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণে।
উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্রত সাহা-এর অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়।



