আবার ফাটল জোশীমঠের কিছু বাড়িতে
সাশ্রয় নিউজ ★ জোশীমঠ: জোশীমঠে নতুন করে ফাটল তৈরি হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ওই এলাকায় নতুন যে সমস্ত বাড়িতে ফাটল দেখা গিয়েছে, প্রশাসন নজরদারি করছে। তুষারপাতও শুরু হয়েছে হঠাৎই। এরই ফল স্বরূপ জোশীমঠ ও বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক তৈরি হয়। এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়। এবং তাঁদের জন্য হিটার, খাদ্য, পানীয়জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর যাতে কোনও সমস্যা না হয়, তা সতর্ক দৃষ্টি রাখছে বলে জানানো হয় প্রশাসনের তরফ থেকে। উত্তরাখণ্ড সরকার ও কেন্দ্রীয় সরকার জোশীমঠের পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখছে। উল্লেখ্য যে, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “জোশীমঠ বিপর্যয়ে ১৮ জন গর্ভবতী মহিলাকে ত্রাণ শিবির থেকে তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। তবে এখনও ১০ বছরের নীচে ৮১জন শিশু ত্রাণশিবিরে আছে। শিশু ও মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।” তবে আবার জোশীমঠ সহ উত্তরাখণ্ড-এ তুষারপাত আতঙ্ক তৈরি করেছে মানুষের মনে।




