সাশ্রয় নিউজ ডেস্ক ★ রানিনগর, মুর্শিদাবাদ : ডোমকল বিটি হাই স্কুলের প্রাঙ্গণে অদ্ভুত নীরবতা। যে করিডোর দিয়ে একসময় ভারী পায়ে হেঁটে যেতেন প্রধানশিক্ষক, যে ঘণ্টার শব্দে গোটা বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরে আসত, সেই প্রাঙ্গণ আজ শোকস্তব্ধ। মুর্শিদাবাদ জেলার শিক্ষাজগতের উজ্জ্বল মুখ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন কৃতী শিক্ষক আতাউর রহমান (Ataur Rahman) আর নেই। রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ডোমকল, রানিনগর (Raninagar) ও জেলার বিস্তীর্ণ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বহু প্রাক্তন ছাত্র, সহকর্মী, রাজনৈতিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন হাসপাতালে।
আতাউর রহমান (Ataur Rahman) ছিলেন একই সঙ্গে শিক্ষক, প্রশাসক ও রাজনৈতিক নেতা। কর্মজীবনের পুরো সময় তিনি শিক্ষাদানের কাজে যুক্ত ছিলেন। প্রথমে ডোমকল স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে জেলারই সীমান্তবর্তী কাতলামারি উচ্চ বিদ্যালয়ে (Katlamari High School) প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করেন। সেখান থেকে ডোমকল বিটি হাই স্কুলে (Domkal BT High School) প্রধানশিক্ষক হিসেবে যোগ দেন এবং দীর্ঘ শিক্ষকজীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনটি বিদ্যালয়েই আতাউর রহমান নিজের কাজের ছাপ রেখে গিয়েছেন। তবে ডোমকল বিটি হাই স্কুলের (Domkal BT High School) সঙ্গে তাঁর নাম এমনভাবে জড়িয়ে গিয়েছে, যে ওই বিদ্যালয়ের কথা উঠলেই প্রথমে তাঁর কথাই মনে করেন এলাকার মানুষ। প্রধানশিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও নিয়মানুবর্তী। বিদ্যালয়ে সময়মতো উপস্থিতি, শ্রেণিকক্ষে পড়াশোনার পরিবেশ, ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, কোনও বিষয়েই তিনি ছাড় দিতেন না।
তাঁর সময়ে ডোমকল বিটি হাই স্কুল (Domkal BT High School) পড়াশোনার মান, পরীক্ষার ফল ও শৃঙ্খলার দিক থেকে জেলার অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে লোকমুখে পরিচিতি পায়। অনেকেই মনে করেন, তাঁর দৃঢ় নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতার কারণেই বিদ্যালয়টি ওই সময় সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। শিক্ষকদের মধ্যে কাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করা, ছাত্রদের মধ্যে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখা, এই তিনটি বিষয়ে তিনি সর্বদা গুরুত্ব দিতেন। ইংরেজি ভাষায় তাঁর দক্ষতা ছিল সকলের আলোচনার বিষয়। বিষয়ের উপর গভীর দখল, সহজ করে বোঝানোর ক্ষমতা আর পরীক্ষার প্রস্তুতিতে ছাত্রদের তৈরি করে দেওয়ার কৌশল তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
বহু ছাত্রের মতে, তাঁর ক্লাস মানেই ছিল মন দিয়ে শোনার ক্লাস। কঠিন বিষয়কেও আতাউর রহমান এমনভাবে বোঝাতেন, যাতে দুর্বল ছাত্রও তা আয়ত্ত করতে পারত। তাঁর পড়ানোর ধরন, প্রশ্ন করার ভঙ্গি ও উত্তর যাচাইয়ের পদ্ধতি আজও অনেক প্রাক্তন ছাত্রের মনে গেঁথে আছে। তাঁর হাতে তৈরি বহু ছাত্র আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ সরকারি চাকুরে, কেউ আবার সমাজকর্মী। কঠোর শাসনের জন্যও তিনি যেমন পরিচিত ছিলেন, তেমনই ছাত্রদের প্রতি তাঁর আন্তরিকতা ছিল তার চেয়েও বেশি। প্রাক্তন ছাত্রদের কথায়, ‘স্যারের শাসনের আড়ালে ছিল আমাদের ভালো করার চেষ্টা। তখন হয়তো কঠিন মনে হত, কিন্তু পরে বুঝেছি, স্যার আমাদের ভবিষ্যতের কথা ভেবেই শাসন করতেন।’ অনেক ছাত্র জানিয়েছেন, আর্থিক অসুবিধার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মুখে থাকা বহু ছাত্রকে তিনি নিজে সাহায্য করেছেন, বই কিনে দিয়েছেন, পরীক্ষার ফি দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু সে কথা তিনি কখনও প্রচার করতে চাননি। তাঁর কাছে শিক্ষকতা কেবল চাকরি ছিল না, তা ছিল সমাজ গড়ার কাজ।
শিক্ষকতার পাশাপাশি তিনি আমৃত্যু বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (বা CPIM) পার্টির সক্রিয় নেতৃত্ব হিসেবে এলাকায় বাম আন্দোলনকে শক্তিশালী করতে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন একনিষ্ঠ নেতা। সাধারণ মানুষের সমস্যা, কৃষকের দাবি, শ্রমিকের অধিকার, ছাত্রদের শিক্ষার দাবি প্রভৃতি বিষয়েই সরব থাকতেন। রাজনৈতিক মতাদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল দৃঢ়। দলের কর্মসূচিতে তিনি নিয়মিত অংশ নিতেন। এলাকায় সংগঠন গড়ে তোলার কাজে তাঁর ভূমিকা দল ও অন্যদলের কর্মীরা স্মরণ করেন।
আরও পড়ুন : Meenakshi Mukherjee : লাল ঝণ্ডার মুখ: মীনাক্ষী মুখোপাধ্যায়
আতাউর রহমান (Ataur Rahman) জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালের ১৮ এপ্রিল মুর্শিদাবাদ জেলার রানিনগরের মরিচাগ্রামে (Maricha)। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। গ্রামের পরিবেশে বড় হলেও শিক্ষাকে তিনি জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করতেন। সেই ভাবনা থেকেই তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। গ্রামের ছেলে হয়ে শিক্ষক, প্রধানশিক্ষক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক হয়ে ওঠার পথটা সহজ ছিল না। কিন্তু অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে তিনি সেই পথ পেরিয়ে গিয়েছিলেন। তাঁর জীবনে রাষ্ট্রপতি পুরস্কার (President Award) পাওয়া ছিল এক বড় সম্মান। কৃতী শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর ডোমকল ও রানিনগর এলাকায় তাঁকে ঘিরে আনন্দ ছড়িয়ে পড়েছিল। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত হন। সেই সম্মান কেবল তাঁর একার ছিল না, ছিল গোটা এলাকার। ডোমকল বিটি হাই স্কুলের (Domkal BT High School) ইতিহাসে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক হিসেবে তাঁর নাম সোনার অক্ষরে লেখা থাকবে বলে মনে করেন অনেকেই।
শেষ জীবনেও আতাউর রহমান শিক্ষা ও সমাজের বিষয়ে ভাবতেন। অবসরের পরেও বহু ছাত্র তাঁর কাছে পরামর্শ নিতে আসত। এলাকার বিদ্যালয়গুলির সমস্যা নিয়ে তিনি কথা বলতেন। শিক্ষার মান নিয়ে তাঁর উদ্বেগ ছিল। ছাত্রদের উপস্থিতি, শিক্ষকদের দায়িত্ব, পরিকাঠামো, এই বিষয়গুলি নিয়ে তিনি সর্বদা আলোচনা করতেন। তাঁর মতে, বিদ্যালয় কেবল পড়াশোনার জায়গা তা কিন্তু না, চরিত্র গঠনের জন্যও বিদ্যালয়। সেখানে শৃঙ্খলা, মানবিকতা ও মূল্যবোধ শেখানো জরুরি।
তাঁর প্রয়াণে শোক জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ। জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রবীণ বাম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান (Anisur Rahman), শাহজাহান আলি (Shahjahan Ali) ও অন্যান্য পার্টি নেতৃত্ব। ৯ অক্টোবর বেলা দুটোর সময় মরিচায় নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে অজস্র মানুষ তাঁকে শেষ বিদায় জানান। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বর্ষীয়ান শিক্ষক ও নেতার নিথর দেহ কবরস্থ করা হয়। তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতিনাতনি ও অজস্র কৃতি ছাত্রছাত্রী। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর ছাত্রছাত্রীরাও নিজেদের অভিভাবক হারানোর যন্ত্রণা অনুভব করছেন। ।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার শিক্ষাজগতে এমন একজন দক্ষ, অভিজ্ঞ ও কৃতী শিক্ষককে হারানো সত্যিই এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন শিক্ষক ও শিক্ষাপ্রশাসকের অভাব সহজে পূরণ হওয়ার নয়। যে মানুষটি একসময় শাসন করেছেন, শিক্ষা দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, তাঁর চিরবিদায়ের সংবাদ মেনে নেওয়া সত্যিই কঠিন। সময়ের সঙ্গে হয়ত অনেক কিছুই ভুলে যাবে মানুষ, কিন্তু তাঁর শিক্ষা, শাসন, আদর্শ এবং বিদ্যালয়ের জন্য তাঁর অবদান স্মৃতিতে চিরকাল থেকে যাবে বলে মত এলাকার বিভিন্ন অংশের মানুষের
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : CPIM China Visit | চিনের আমন্ত্রণে বেজিং সফরে সিপিএম শীর্ষ নেতৃত্ব



