Russia to India rail route, India Russia train corridor | রাশিয়া থেকে সরাসরি ট্রেনে ভারত! নতুন রেলপথে কূটনীতি ও বাণিজ্যে বড় চাল, মস্কোর প্রস্তাবে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি/মস্কো: আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত যোগাযোগে নতুন দিগন্ত খুলতে পারে এমন এক পরিকল্পনার কথা সামনে আনল রাশিয়া (Russia)ভারত মহাসাগর পর্যন্ত স্থলপথে রেল সংযোগ গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মস্কো, যার মাধ্যমে ভবিষ্যতে ট্রেনে করেই রাশিয়া থেকে ভারতে পৌঁছনো সম্ভব হতে পারে। রুশ উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন (Marat Khusnullin) এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সামুদ্রিক রুটের ঝুঁকি এড়াতে এই ধরনের বিকল্প পথ এখন সময়ের দাবি। বর্তমানে বিশ্ব বাণিজ্যের বড় অংশ নির্ভর করে গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক পথ, বসফরাস প্রণালী (Bosphorus Strait) এবং হরমুজ প্রণালী (Strait of Hormuz) -এর উপর। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এই পথগুলিকে অনিশ্চিত করে তুলেছে। খুসনুলিন বলেন, ‘ভারত মহাসাগর পর্যন্ত রেল সংযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। বসফরাস ও হরমুজ় প্রণালীর ঝুঁকি বিবেচনায় বিকল্প স্থলপথ গড়ে তোলা প্রয়োজন।’ তাঁর বক্তব্যে উঠে আসে, রাশিয়া ভারতের সঙ্গে যোগাযোগের জন্য নতুন রুট খুঁজতে আগ্রহী এবং তাতে একাধিক দেশকে যুক্ত করা যেতে পারে।

প্রস্তাবিত রুটে তুর্কমেনিস্তান (Turkmenistan), ইরান (Iran), আফগানিস্তান (Afghanistan) এবং পাকিস্তান (Pakistan) -এর মতো দেশগুলির নাম উঠে এসেছে। এই পথ তৈরি হলে ইউরেশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক নতুন বাণিজ্য করিডর গড়ে উঠতে পারে।

আরও পড়ুন : US tariff on India Russia oil | রাশিয়ার তেল কেনায় ১০০% শুল্কের প্রস্তাব, ভারত-চিনকে ঘিরে নতুন মার্কিন কৌশল নিয়ে জোর জল্পনা

ভারত (India) ও রাশিয়া (Russia) -এর সম্পর্ক দীর্ঘ দিনের। ঠান্ডা যুদ্ধের সময় থেকে গড়ে ওঠা এই সম্পর্ক এখনও বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় রয়েছে। বিশেষ করে জ্বালানি বাণিজ্যে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে। বর্তমানে চিনের পরে ভারতই রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা। সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্য ছুঁতে চায় দুই দেশ। সেই লক্ষ্য পূরণে বিকল্প পরিবহণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত রেলপথ কেবল যাতায়াত নয়, অর্থনৈতিক সম্পর্ককেও আরও শক্তিশালী করতে পারে।

এই নতুন ভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে ‘আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ বারান্দা’ বা আইএনএসটিসি (International North-South Transport Corridor)। ২০০২ সালে ভারত, রাশিয়া এবং ইরানের মধ্যে এই প্রকল্পের সূচনা হয়। লক্ষ্য ছিল মুম্বই (Mumbai) থেকে মস্কো (Moscow) পর্যন্ত দ্রুত ও সাশ্রয়ী পণ্য পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা। এই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ইরানের রাশ্‌ত (Rasht) এবং আস্তারা (Astara)-র মধ্যে ১৬২ কিলোমিটার রেলপথ। এই অংশটি সম্পূর্ণ হলে প্রায় ৭,২০০ কিলোমিটার দীর্ঘ করিডর কার্যকর হবে। অনুমান করা হচ্ছে, এতে পরিবহণ খরচ প্রায় ৩০ শতাংশ কমতে পারে এবং সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যেখানে সমুদ্রপথে ৩৭ দিন লাগে, সেখানে স্থলপথে তা ১৯ দিনে নামিয়ে আনা সম্ভব।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে কাজ শুরু হয়েছে। মোট খরচ ধার্য হয়েছে প্রায় ১৬০ কোটি ইউরো এবং তার বেশিরভাগই বহন করছে রাশিয়া। তবে এই প্রস্তাবের পেছনে রয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্য ব্যাহত হয়েছে। অন্য দিকে, ইরান (Iran) এবং আমেরিকা (United States)-এর মধ্যে সংঘাত হরমুজ় প্রণালীকে অনিশ্চিত করে তুলেছে। এই পথ দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহণ হয়।

সাম্প্রতিক সংঘর্ষে ইরান ও ইজ়রায়েল (Israel)-এর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (Islamic Revolutionary Guard Corps) -এর পাল্টা হামলা ও পশ্চিম এশিয়ায় অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলেছে। এর জেরে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে, যার প্রভাব ভারতের বাজারেও পড়েছে।

এই পরিস্থিতিতে বিকল্প রেলপথকে অনেকেই কৌশলগত সমাধান হিসেবে দেখছেন। তবে বাস্তবায়নে একাধিক বাধা রয়েছে। দুর্গম ভূপ্রকৃতি, রাজনৈতিক অস্থিরতা এবং একাধিক দেশের সম্মতি সবই এই প্রকল্পকে জটিল করে তুলতে পারে। কিন্তু, আন্তর্জাতিক বাণিজ্যে নতুন ভারসাম্য তৈরি করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের পথ দেখাতে পারে। রাশিয়ার এই প্রস্তাব কার্যকর হলে এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India petrol export Russia, Russia fuel crisis India oil trade | তেলের খেলায় উল্টে গেল হিসাব! রাশিয়াই এখন ভারতের পেট্রোল ক্রেতা, বিশ্ববাজারে চমকপ্রদ পালাবদল

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন