সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মহাকাশপ্রেমীদের জন্য ফের বড় খবর। চলতি বছরের আগস্ট মাসে পরপর দুটি গুরুত্বপূর্ণ গ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ১২ আগস্ট একটি সূর্যগ্রহণ (Solar eclipe) ও ২৭-২৮ আগস্ট একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। কিন্তু ভারত -এর আকাশপ্রেমীদের জন্য রয়েছে খানিকটা হতাশার খবর, এই দুই গ্রহণের কোনওটিই দেশের আকাশ থেকে দেখা যাবে না। ফলে দৃষ্টি এখন ঘুরে যাচ্ছে আগামী দিনের দিকে, যখন ভারত থেকেও দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম মেনেই ঘটে সূর্যগ্রহণ (Solar Eclipse) ও চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। সূর্যগ্রহণের সময় চাঁদ (Moon) পৃথিবী (Earth) ও সূর্যের (Sun) মাঝখানে এসে পড়ে। ফলে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। অন্যদিকে, চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এই ঘটনাগুলি নির্দিষ্ট কক্ষপথের বিন্যাসে ঘটে এবং প্রতিবারই ভিন্ন ভিন্ন স্থানে দৃশ্যমান হয়।
আগস্ট মাসের প্রথম গ্রহণটি ১২ তারিখে। এটি একটি সূর্যগ্রহণ, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই সুযোগ নেই। এরপর ২৭ ও ২৮ আগস্টের মধ্যে ঘটবে একটি আংশিক চন্দ্রগ্রহণ। এটিও দেশের আকাশে দৃশ্যমান হবে না। ফলে সরাসরি এই ঘটনাগুলি দেখার জন্য ভারতীয়দের অন্য দেশ বা অনলাইন সম্প্রচারের উপর নির্ভর করতে হবে। এর মধ্যেই সামনে আসছে আরও বড় আকর্ষণ। মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, ২০২৭ সালের ২ আগস্ট একটি বিশেষ সূর্যগ্রহণ ঘটবে, যা এই শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী এই গ্রহণ বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। যদিও ভারতে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে না, বরং আংশিক রূপেই ধরা দেবে আকাশে।
এই দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা নির্দিষ্ট অঞ্চলে ভিড় জমাতে পারেন। বিশেষ করে মিশরের লুক্সর (Luxor, Egypt) এই গ্রহণ দেখার অন্যতম সেরা স্থান হিসেবে উঠে এসেছে। সেখানে সূর্যগ্রহণের পূর্ণ রূপ দেখা যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রেও অপেক্ষা করতে হবে কিছুটা সময়। ভারতে পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি। এটি হবে একটি ‘পেনামব্রাল’ বা উপচ্ছায়াঘটিত চন্দ্রগ্রহণ। এই ধরনের গ্রহণে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়লেও তা খুব স্পষ্টভাবে বোঝা যায় না। ফলে সাধারণ দর্শকের কাছে এটি অনেক সময় নজর এড়িয়ে যায়।
যাঁরা আরও স্পষ্ট চন্দ্রগ্রহণ দেখতে চান, তাঁদের অপেক্ষা করতে হবে ২০২৮ সাল পর্যন্ত। ৬ জুলাই ২০২৮ সালে একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে, যা ভারত থেকেও দেখা যাবে। এই গ্রহণে চাঁদের একটি অংশ স্পষ্টভাবে অন্ধকার হয়ে যেতে দেখা যাবে। মহাকাশ পর্যবেক্ষকদের মতে, গ্রহণের মতো ঘটনাগুলি শুধু দৃষ্টিনন্দনই নয়, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সূর্যের করোনা, পৃথিবীর ছায়া ও চাঁদের পৃষ্ঠ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয় এই সময়। সেই কারণে এই ধরনের ঘটনাকে ঘিরে গবেষণার আগ্রহও থাকে তুঙ্গে। উল্লেখ্য, ভারতে গ্রহণ দেখা না গেলেও, এই ঘটনাগুলি নিয়ে মানুষের আগ্রহ কমছে না। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারের মাধ্যমে অনেকেই এই বিরল দৃশ্য উপভোগ করেন। প্রযুক্তির অগ্রগতির ফলে এখন ঘরে বসেই বিশ্বের যে কোনও প্রান্তের আকাশ দেখা সম্ভব হচ্ছে। কিন্তু আগামী ২০২৭ সালের দীর্ঘতম সূর্যগ্রহণ এখন থেকেই আলোচনার কেন্দ্রে। এই গ্রহণ ঘিরে পর্যটন, গবেষণা এবং সাধারণ মানুষের আগ্রহ, সবই ক্রমশ বাড়ছে। ভারতে বসে সরাসরি পূর্ণগ্রাস না দেখা গেলেও, আংশিক গ্রহণও কম আকর্ষণীয় নয় বলে মনে করছেন আকাশপ্রেমীরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Argentina vs Egypt match, Messi goal comeback | ১৩ মিনিটে ম্যাচ ঘুরিয়ে দিলেন মেসি, ০-২ থেকে ৩-২ জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা



