সাশ্রয় নিউজ ডেস্ক ★ নয়াদিল্লি : ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের মুখে দাঁড়িয়ে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ১০ জুন একটানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়তে চলেছেন। দীর্ঘ ৬২ বছর ধরে অটুট থাকা জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) রেকর্ড অতিক্রম করে তিনি পৌঁছে যাবেন ৪,৩৯৯ দিনের মাইলফলকে। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। এরপর পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা ক্ষমতায় রয়েছেন। তাঁর এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা আগামী ১০ জুন নতুন উচ্চতায় পৌঁছবে, যেদিন তাঁর কার্যকালের দিনসংখ্যা দাঁড়াবে ৪,৩৯৯। এর ফলে তিনি ছাপিয়ে যাবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটানা ৪,৩৯৮ দিনের রেকর্ডকে।
জওহরলাল নেহরু ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যুর দিন পর্যন্ত সেই পদে ছিলেন। স্বাধীনতার পর সদ্য গঠিত রাষ্ট্রকে সুসংগঠিত করা, পরিকাঠামো গড়ে তোলা এবং নীতিগত ভিত্তি স্থাপনের দায়িত্ব ছিল তাঁর সরকারের উপর। সেই দীর্ঘ সময়ের রেকর্ড ভাঙতে চলেছেন মোদী, যা ভারতীয় গণতন্ত্রে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগেই ২০২৫ সালের জুলাই মাসে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) একটানা ৪,০৭৭ দিনের প্রধানমন্ত্রিত্বের রেকর্ড অতিক্রম করেছিলেন। এবার তিনি পৌঁছতে চলেছেন আরও বড় এক মাইলফলকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধারাবাহিকতা দেশের ভোটারদের আস্থার প্রতিফলন। নরেন্দ্র মোদীর শাসনকালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে জনঅংশগ্রহণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। তাঁর সরকারের যুক্তি ছিল, বিপুল জনসংখ্যার দেশে শুধুমাত্র প্রশাসনিক কাঠামোর উপর নির্ভর করে বৃহৎ লক্ষ্য পূরণ করা কঠিন। তাই নাগরিকদের সরাসরি যুক্ত করার প্রচেষ্টা দেখা গিয়েছে। ‘স্বচ্ছ ভারত অভিযান’ (Swachh Bharat Mission), ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার, জল সংরক্ষণ উদ্যোগ এবং বৃহৎ টিকাকরণ কর্মসূচী, এই সব ক্ষেত্রেই সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা হয়েছে।
এই প্রেক্ষাপটে ১০ জুনের দিনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দেশের দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন পরিচয়ে সামনে আসবেন নরেন্দ্র মোদী। তাঁর সমর্থকরা এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধী শিবিরের নজরও রয়েছে তাঁর সরকারের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর দীর্ঘ নেতৃত্ব দেশের রাজনৈতিক বাস্তবতার ভিন্ন দিক তুলে ধরছে। একদিকে ক্ষমতার ধারাবাহিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান সময়ে। ১০ জুনের পর ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি রেকর্ড যুক্ত হবে। একইসঙ্গে রাজ্য রাজনীতির মাটিতেও যে পরিবর্তনের ঢেউ চলছে, তা-ও স্পষ্ট হয়ে উঠছে নানা ঘটনার মধ্যে দিয়ে। দেশের রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্ত তাই গুরুত্বপূর্ণ হিসেবেই চিহ্নিত হয়ে থাকছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi Yoga Day India | কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল মঞ্চ, ২১ জুনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




