India vs Afghanistan Test match, Shubman Gill 126 runs | গিল-পন্থে ৫৬৪, অভিষেকে সুতারের ৩ উইকেট, আফগানিস্তান চাপে

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুল্লানপুর: ব্যাটে আধিপত্য, বলে শুরুর ধাক্কা দ্বিতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিল ভারত (India)। শুভমন গিল (Shubman Gill) এবং ঋষভ পন্থ (Rishabh Pant) -এর দুরন্ত ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৪ রান তুলে ডিক্লেয়ার করল স্বাগতিকরা। জবাবে দিনের শেষে আফগানিস্তান (Afghanistan) ৫ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১১৩ রান, এখনও তারা ৪৫১ রানে পিছিয়ে। প্রথম দিনের অসমাপ্ত কাজ দ্বিতীয় দিনেও একই ছন্দে এগিয়ে নিয়ে যান গিল এবং পন্থ। আগের দিনই শতরান পেরিয়েছিলেন গিল, আর পন্থ ছিলেন অর্ধশতরানের কাছাকাছি। দ্বিতীয় দিনে নেমেই দু’জনেই আরও আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন। তবে এই দুই ব্যাটারের ইনিংস বড় হতে আফগানিস্তানের কিছু সিদ্ধান্ত বড় ভূমিকা নেয়।

আরও পড়ুন : Gujrat Titans Bus Fire IPL, Shubman Gill Team Incident | আইপিএল ফাইনালের পর চাঞ্চল্য: শুভমন গিলদের টিম বাসে আগুন

আজমাতুল্লা ওমরজাই (Azmatullah Omarzai) -এর একটি ওভারে ম্যাচের মোড় ঘোরানো দুই ঘটনা ঘটে। প্রথমে গিলের প্যাডে বল লাগার পর জোরালো আবেদন হলেও আম্পায়ার আউট দেননি। রিভিউ নেওয়া হবে কি না তা নিয়ে দ্বিধায় পড়ে যান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি (Hashmatullah Shahidi)। উইকেটরক্ষক আফসর জাজ়াই (Afsar Zazai) -এর সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত রিভিউ নেওয়া হয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে লাগছিল। সেই সময় গিল ছিলেন ১০৮ রানে। সুযোগ পেয়ে তিনি ইনিংস টেনে নিয়ে যান ১২৬ রানে। এর পরের বলেই আবার সুযোগ হাতছাড়া করে আফগানিস্তান। পন্থের ব্যাট ছুঁয়ে বল উইকেটরক্ষকের হাতে গেলেও ফের রিভিউ নেওয়া হয়নি। সেই সময় পন্থের রান ছিল ৬৩। পরে তিনি ইনিংস এগিয়ে নিয়ে যান ৮১ পর্যন্ত। পর পর দুই বলে এই দুই সিদ্ধান্ত ম্যাচের চিত্র বদলে দেয়। মাঠেই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় রহমানুল্লা গুরবাজকে (Rahmanullah Gurbaz)।

গিল-পন্থের জুটির পর ভারতের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। আইপিএলের ফর্ম বজায় রেখে এই ম্যাচেও ব্যাট হাতে আত্মবিশ্বাসী দেখা যায় তাঁকে। অপরাজিত ৫২ রান করেন তিনি। তাঁর অর্ধশতরানের পরই ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন অধিনায়ক গিল। ভারতের বিশাল রানের মাঝেও আলাদা করে নজর কাড়েন আফগান পেসার মহম্মদ সালিম সাফি (Mohammad Salim Safi)। একাই তুলে নেন ৬টি উইকেট। ২৭ ওভারে ১৪০ রান দিলেও তাঁর আক্রমণাত্মক বোলিং ভারতের ব্যাটারদের চাপে ফেলেছিল একাধিক সময়ে। এরপর বল হাতে নেমে শুরুতেই আফগানিস্তানকে ধাক্কা দেয় ভারত। অভিষেক ম্যাচেই নজর কাড়লেন মানব সুতার (Manav Suthar)। ইনিংসের ষষ্ঠ ওভারেই বল হাতে তুলে দেন অধিনায়ক। চতুর্থ বলেই তুলে নেন প্রথম টেস্ট উইকেট আব্দুল মালিককে (Abdul Malik) আউট করেন তিনি। নতুন বলে তাঁর স্পিন ও গতি আফগান ব্যাটারদের সমস্যায় ফেলে।

অন্য প্রান্তে প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) আউট করেন সেদিকুল্লা অটল (Sediqullah Atal)-কে। এরপর আবার আঘাত করেন সুতার, তুলে নেন রহমানুল্লা গুরবাজ়ের উইকেট। শুরু থেকেই তাঁর বল ঘুরছিল এবং নিয়ন্ত্রণ ছিল চমৎকার, যা অভিষেক ম্যাচে বিরল দৃশ্য। চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রহমত শাহ (Rahmat Shah) এবং অধিনায়ক শাহিদি। এই জুটিকে ভাঙতে একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ভারত। কুলদীপ যাদব (Kuldeep Yadav)-এর একটি বলে শাহিদির ব্যাটে ছোঁয়া লাগলেও রিভিউ নেওয়া হয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছিল। একই ওভারে শাহিদির একটি ক্যাচ ফেলেন লোকেশ রাহুল (KL Rahul)। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি সেই জুটি। প্রসিদ্ধ কৃষ্ণ ফিরে এসে শাহিদিকে আউট করেন। দিনের শেষদিকে আবার সাফল্য পান সুতার। আফসর জাজ়াইকে আউট করে তৃতীয় উইকেট তুলে নেন তিনি। ১৫.৫ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট, অভিষেকে এই পরিসংখ্যান তাঁকে আলাদা জায়গা করে দিয়েছে।

দিনের শেষে স্কোরবোর্ড বলছে, ম্যাচ এখন ভারতের দখলে। বিশাল রান, প্রতিপক্ষের উপর চাপ এবং নতুন বোলারের সাফল্য, তৃতীয় দিনে দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যেই নামবে ভারত। অন্যদিকে, বড় ব্যবধানে পিছিয়ে থাকা আফগানিস্তানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনিংস বাঁচানো। উল্লেখ্য যে, ক্রিকেটপ্রেমীদের চোখ এখন তৃতীয় দিনের দিকে। ভারত কি দ্রুত জয় ছিনিয়ে নিতে পারবে, না কি প্রতিরোধ গড়বে আফগানিস্তান? উত্তরের অপেক্ষায় সবাই।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : KL Rahul Captain India, India ODI Squad 2025 | শুভমন গিল নেই, নেতৃত্বে লোকেশ রাহুল! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এক দিনের দল ঘোষণা, চমকে ভরা স্কোয়াডে ভরসা অভিজ্ঞতার

Sasraya News
Author: Sasraya News