Aamir Khan birthday celebration | এক ছাদের তলায় প্রাক্তন স্ত্রী, প্রেমিকা ও সন্তানরা! ৬১তম জন্মদিনে আমির খানের ‘পারফেক্ট ফ্যামিলি’ মুহূর্ত ভাইরাল

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে সম্পর্ক ভাঙা বা বিবাহবিচ্ছেদের কাহিনি নতুন নয়। তবে বিচ্ছেদের পরেও কীভাবে সম্পর্কের বন্ধন অটুট রাখা যায়, তার অনন্য উদাহরণ তৈরি করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত অভিনেতা আমির খান (Aamir Khan)। ১৪ মার্চ নিজের ৬১তম জন্মদিনে এক বিশেষ পারিবারিক মুহূর্তের সাক্ষী থাকল মুম্বইয়ের তাঁর বাসভবন। সেখানে একই ছাদের তলায় দেখা গেল তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত (Reena Dutta) এবং কিরণ রাও (Kiran Rao)। শুধু তাই নয়, উপস্থিত ছিলেন অভিনেতার বর্তমান আলোচিত প্রেমিকা গৌরী স্প্র‍্যাটও (Gauri Spratt)। এই বিরল দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় অনেকেই বলছেন, বলিউডে বিচ্ছেদের পর এমন বন্ধুত্বপূর্ণ পারিবারিক সম্পর্ক খুব কমই দেখা যায়। জন্মদিনের কেক কাটার সময় অভিনেতার চারপাশে ছিলেন তাঁর সন্তানরাও জুনায়েদ খান, ইরা খান ও ছোট ছেলে আজাদ রাও খান।

আরও পড়ুন : Aamir Khan Laal Singh Chaddha failure | ব্যর্থতার ধাক্কায় ভেঙে পড়েছিলেন আমির খান, কীভাবে ফিরলেন মানসিক অন্ধকার থেকে?

ভিডিওতে দেখা যায়, কেক কাটার সময় পরিবারের সবাই হাততালি দিয়ে আমিরকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেক কাটার পর প্রথম টুকরোটি তিনি খাইয়ে দেন ছোট ছেলে আজাদকে। তারপর মেয়ে ইরা এবং পরে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী গৌরী স্প্র্যাটের মুখেও কেক তুলে দিতে দেখা যায় তাঁকে। এই মুহূর্তটি দর্শকদের কাছে বিশেষ আবেগের হয়ে উঠেছে।।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তিনি আমির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইরা খানের কাজেরও প্রশংসা করেন। ইরা মানসিক স্বাস্থ্য নিয়ে যে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। সাধারণত আমির খানের জন্মদিন মানেই বড়সড় আয়োজন এবং তারকাদের জমায়েত। কিন্তু এবারের উদ্‌যাপন ছিল অনেকটাই ঘরোয়া। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে তিনি কাজের চাপে ভীষণ ব্যস্ত। বিশেষ করে তাঁর ছেলে জুনায়েদ খানের নতুন সিনেমার পোস্ট-প্রোডাকশন নিয়ে এখন প্রায় সারাদিনই ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, জুনায়েদ খান অভিনীত নতুন ছবি Ek Din-এর মুক্তি আসন্ন। আগামী ১ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবির শেষ মুহূর্তের কাজ তদারকি করছেন স্বয়ং আমির খান। ছবির প্রতিটি খুঁটিনাটি বিষয় তিনি নিজে দেখে নিচ্ছেন বলে ঘনিষ্ঠ মহল জানিয়েছে। সেই কারণেই এবারের জন্মদিনে বড় পার্টি না করে পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পার্টি শেষ হওয়ার পর যখন অতিথিরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ক্যামেরাবন্দি হন আমির ও তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাট। দু’জনকে হাসিমুখে ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে দেখা যায়। একই সময়ে দেখা যায় রিনা দত্ত এবং জুনায়েদ খানকেও। এই বিশেষ অনুষ্ঠানে বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা Vicky Kaushal, Riteish Deshmukh এবং অভিনেত্রী Genelia D’Souza। তাঁরা সবাই আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে হাজির হন। অভিনেতা হিসেবে কিছুদিন বিরতি নিলেও প্রযোজক হিসেবে বর্তমানে বেশ সক্রিয় আমির খান। তাঁর প্রযোজনায় একাধিক বড় ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। জুনায়েদের ছবি ‘এক দিন’ মুক্তির পর আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে তাঁর প্রযোজিত আরেকটি বড় বাজেটের ছবি লাহোর ১৯৪৭ (Lahore 1947)। বলিউডে আমির খান বরাবরই নিজের কাজের প্রতি নিখুঁত মনোযোগের জন্য পরিচিত। সেই কারণেই তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনও মাঝে মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। রিনা দত্ত ও কিরণ রাও, দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। এই জন্মদিনের অনুষ্ঠান সেই সম্পর্কের আরেকটি উদাহরণ হয়ে উঠল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিচ্ছেদের পরেও এমন সম্মান ও সম্পর্ক বজায় রাখা সত্যিই বিরল।’ প্রসঙ্গত, কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্ত আমির খানের জন্মদিনকে অন্য মাত্রা দিয়েছে। আর সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan Gauri Spratt ring | দামি আংটি উপহার, প্রেমে নতুন ইনিংস? আমির খান ও গৌরী স্প্র্যাটকে ঘিরে জোর জল্পনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন