Priyanka Nick Relationship | নিকের সঙ্গে বিচ্ছেদ? গুঞ্জনে সরাসরি জবাব প্রিয়াঙ্কা চোপড়ার

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউড থেকে হলিউড দুই জগতেই সমান দাপটে রাজত্ব করা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং মার্কিন পপতারকা নিক জোনাস (Nick Jonas) বহুদিন ধরেই আন্তর্জাতিক বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত জুটি। তাঁদের সম্পর্ককে ঘিরে আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। তবে গত কয়েক মাস ধরে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে জল্পনা ছড়াতে শুরু করে। শোনা যাচ্ছিল, তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে এবং সেই কারণেই বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে। অবশেষে সেই সমস্ত জল্পনার জবাব দিলেন প্রিয়াঙ্কা নিজেই। অস্কারের মঞ্চে একসঙ্গে উপস্থিত থেকেও গুঞ্জন থামেনি। বরং অনুষ্ঠান ঘিরে আরও জোরাল হয়ে ওঠে বিচ্ছেদের খবর। এই পরিস্থিতিতেই মুখ খুলে সমস্ত জল্পনায় কার্যত ইতি টানলেন ‘দেশি গার্ল’। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্ক আগের মতোই দৃঢ় রয়েছে এবং তাঁরা নিজেদের জীবন খুব স্বাভাবিক ছন্দে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Priyanka Chopra interview on trolls | বারাণসী ছবিতে প্রত্যাবর্তনের আগে মানসিক লড়াইয়ের কথা শোনালেন প্রিয়াঙ্কা

আরও পড়ুন : West Bengal Voting-politics2026: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস? (আজ তৃতীয় কিস্তি)

বর্তমানে দক্ষিণ ভারতে এস এস রাজামৌলীর (S. S. Rajamouli) ‘বারাণসী’ (Varanasi) ছবির শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। সেই শুটিংয়ের ফাঁকেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘নিক ও আমি, দু’জনেই খুব ভাল আছি। আমরা খুব সুন্দর ভাবে নিজেদের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের এসব গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু গত কয়েক দিন ধরে আমি শুনছি, আমার স্বামীর সঙ্গে আমার নাকি বিচ্ছেদ হচ্ছে!’ তাঁর কথায় বিরক্তির সুর স্পষ্ট ধরা পড়ে। শুধু জবাবই নয়, পাল্টা প্রশ্নও তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তিনি বলেন, ‘মানুষ কি চায় যে, আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ধরনের গুঞ্জন বার বার ছড়িয়ে দেওয়া হয়? আমি সত্যিই বুঝতে পারি না।’ এই মন্তব্যে বোঝা যায়, বারবার একই ধরনের খবর ছড়ানোয় তিনি কতটা বিরক্ত। প্রিয়াঙ্কা (Priyanka Chopra) এবং নিক (Nick Jonas) -এর সম্পর্কের বিশেষ দিক হল তাঁদের সাংস্কৃতিক পার্থক্য। দুই ভিন্ন দেশের বাসিন্দা, ধর্মীয় পরিচয় আলাদা, বয়সের ব্যবধান, সবকিছু মিলিয়েই তাঁদের সম্পর্ক শুরু থেকেই আলোচনায় ছিল। তবে সেই বিষয়গুলিকেই অনেক সময় গুঞ্জনের কারণ হিসেবে দেখা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।।এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুই দেশের মানুষ। আমাদের ধর্ম ভিন্ন, আমাদের বয়সের ব্যবধান রয়েছে। এই জন্যই হয়তো মানুষ এ সব কথা বলে। কিন্তু গত ৮ বছর ধরে আমরা খুবই ভাল আছি।’ তাঁর বক্তব্যে সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ইঙ্গিত পাওয়া যায়। প্রিয়াঙ্কা আরও জানান, খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা একে অপরকে বুঝে নিয়েছিলেন। তিনি বলেন, ‘ছ’মাস পরস্পরকে চেনার পরেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝেছিলাম, ও-ই আমার জন্য সঠিক মানুষ। তাই ওকে আমি বিয়ে করেছি।’ এই বক্তব্য তাঁদের সম্পর্কের ভিত্তি কতটা দৃঢ়, তা স্পষ্ট করে।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

২০১৮ সালে যোধপুরে রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। সেই বিয়েও আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোচিত হয়েছিল। ভারতীয় ও পাশ্চাত্য দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিবাহ। সেই সময় থেকেই তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিতি পান। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে ছবি, পারিবারিক মুহূর্ত কিংবা কাজের আপডেট, সবকিছুই অনুরাগীদের নজরে থাকে। ফলে সামান্য দূরত্ব বা কম উপস্থিতি থেকেই নানা ধরনের জল্পনা তৈরি হয়। তবে এই প্রথম নয়, এর আগেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছিল, যা সময়ের সঙ্গে ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে প্রিয়াঙ্কা তাঁর কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে নিক জোনাস (Nick Jonas) তাঁর সংগীতজীবন এবং বিভিন্ন প্রজেক্টে যুক্ত রয়েছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও তাঁরা সম্পর্ককে সময় দিচ্ছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে নিজেদের জীবন যাপন করতেই বেশি আগ্রহী এই জুটি। প্রিয়াঙ্কার বক্তব্যে সেই মনোভাবই প্রতিফলিত হয়েছে। তাঁর স্পষ্ট মন্তব্য, বাইরের কথায় কান না দিয়ে নিজেদের সম্পর্ককে গুরুত্ব দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। এই ঘটনার পর অন্তত আপাতত নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদ নিয়ে জল্পনায় কিছুটা বিরাম পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে বিনোদন দুনিয়ায় গুঞ্জনের শেষ নেই, তাই ভবিষ্যতে আবার নতুন করে আলোচনা শুরু হবে কি না, সেটাই দেখার।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas interview | নিককে নিয়ে আবেগঘন প্রিয়াঙ্কা, ভালবাসার নতুন দিক সামনে আনলেন অভিনেত্রী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন