Pant batting order change | আইপিএল ২০২৬: শেষ সুযোগে বাজি ঋষভ পন্থের, ব্যাটিং অর্ডারে বড় বদলের ইঙ্গিত লখনউ শিবিরে

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : আইপিএল ২০২৬ মরসুম শুরু হতে না হতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। IPL -এর এই মরসুমকে নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)-এর অধিনায়ক পন্থ। গতবার বিপুল অর্থমূল্যে দলে এলেও প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিকতা দেখাতে পারেননি ঋষভ। ফলে এবার শুরু থেকেই নিজেকে নতুনভাবে প্রমাণ করার লক্ষ্য নিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েন্‌কার (Sanjiv Goenka) দলের হয়ে গত মরসুমে একটি শতরান ছাড়া পন্থের ব্যাট খুব একটা কথা বলেনি। ১৩৩.১৭ স্ট্রাইক রেটে ২৬৯ রান সংখ্যাটা খুব খারাপ না হলেও অধিনায়ক হিসেবে তাঁর কাছ থেকে যে নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, তা মেলেনি। দলের প্লে-অফে উঠতে না পারার অন্যতম কারণ হিসেবেও ধরা হচ্ছে পন্থের অনিয়মিত ব্যাটিং।

আরও পড়ুন : Sourav Ganguly Biopic Shooting Delayed | পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং, মার্চে নয়, কবে শুরু হবে ছবির কাজ?

আরও পড়ুন : Why Priyanka Chopra uses security | প্রিয়াঙ্কা চোপড়া কেন নিরাপত্তা বলয়ে থাকেন? ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে খোলামেলা স্বীকারোক্তি অভিনেত্রীর

এই প্রেক্ষাপটে নতুন মরসুমে ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটতে চলেছে লখনউ। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘ম্যানেজমেন্ট এবং পন্থ একমত যে তিন নম্বরেই ওর সেরা জায়গা। তাই এই মরসুমে ও তিন নম্বরেই নামবে।’ ওপেনিংয়ে দেখা যেতে পারে এডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্শ (Mitchell Marsh)-কে। তাঁদের পরে তিন নম্বরে নামবেন পন্থ। চার নম্বরে রাখা হতে পারে নিকোলাস পুরান (Nicholas Pooran)-কে। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হবে। এই বদল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তা বোঝা যাচ্ছে দলের পরিকল্পনা থেকেই। তিন নম্বরে নামলে পন্থ নতুন বল সামলে ইনিংস গড়ার সুযোগ পাবেন, পাশাপাশি প্রয়োজনে দ্রুত রান তোলার ক্ষেত্রেও নিজেকে কাজে লাগাতে পারবেন। গত মরসুমে মিডল অর্ডারে নেমে অনেক সময়ই চাপের মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সেই সমস্যার সমাধান করতেই এই সিদ্ধান্ত। এবার পন্থের উপর চাপ কতটা, তা স্পষ্ট করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু’প্লেসি (Faf du Plessis)। তাঁর কথায়, ‘আমার মতে এই মরসুমে সবচেয়ে বেশি চাপ থাকবে পন্থের ওপর। কেউ বেশি দাম পেলে ভাল খেলে, আবার কেউ পারে না। গত মরসুমও ওর জন্য কঠিন ছিল। দলও ভুগেছিল। তাই এ বার শুরু থেকেই পন্থ চাপে থাকবে। এখন দেখার, ও চাপ সামলাতে পারে কি না।’

ভারতীয় দলের প্রেক্ষাপটও পন্থের জন্য এই আইপিএলকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। টেস্ট ক্রিকেটে তিনি এখনও ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটার হলেও সাদা বলের ফরম্যাটে জায়গা অনেকটাই অনিশ্চিত। এক দিনের দলে লোকেশ রাহুল (KL Rahul) প্রথম পছন্দ হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন। দ্বিতীয় বিকল্প হিসেবে পন্থ সুযোগ পেলেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাব তাঁকে পিছিয়ে দিচ্ছে। আবার টি-টোয়েন্টি ফরম্যাটে পরিস্থিতি আরও কঠিন। সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং ঈশান কিশান (Ishan Kishan) ভাল ফর্মে থাকায় পন্থের জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ফলে আইপিএলের মতো বড় মঞ্চেই নিজেকে নতুন করে তুলে ধরার সুযোগ দেখছেন তিনি। এই মরসুমে তাই শুধু রান করাই নয়, ম্যাচ জেতানো ইনিংস খেলাও পন্থের কাছে বড় লক্ষ্য। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণ করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। লখনউ শিবিরও চাইছে, তাঁদের অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে প্লে-অফে তুলুন। ক্রিকেট মহলে আলোচনা, পন্থ যদি শুরু থেকেই ছন্দে থাকতে পারেন, তা হলে শুধু লখনউ নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের দিক থেকেও তা ইতিবাচক বার্তা দেবে। কারণ তাঁর মতো আক্রমণাত্মক উইকেটরক্ষক-ব্যাটার যে কোনও দলের জন্যই সম্পদ। আইপিএল ২০২৬ তাই ঋষভ পন্থের কাছে শুধুই আর একটি টুর্নামেন্ট নয়, বরং নিজের অবস্থান পুনর্গঠনের লড়াই। ব্যাটিং অর্ডারের এই পরিবর্তন কতটা ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার। মাঠে নামার পরই মিলবে সব প্রশ্নের উত্তর।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Anushka Sharma New Year | ‘আমার জীবনের আলোর হাত ধরে…’ আদুরে বার্তায় অনুষ্কাকে আগলে নতুন বছরে বিরাট কোহলি, ভাইরাল ‘বিরুষ্কা’ মুহূর্ত

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন